নিউজ ডেস্ক: একসময় নিউজিল্যান্ডের বিস্তীর্ণ অরণ্যে দেখা মিলত ছোট্ট এক প্রজাতির পাখির। কিন্তু ইঁদুরের আক্রমণে ক্রমশ হারিয়ে যায় তারা। ১৯৭২ সালের পর আর দেখা যায়নি সেই পাখি। স্টিডস বুশ রেন বা মাটুহিতুহি নামে পরিচিত ওই পাখিটিই ছিল নিউজিল্যান্ডে বিলুপ্ত হওয়া শেষ প্রজাতির পাখি। সম্প্রতি প্রাচীন ডিএনএ বিশ্লেষণ করে এই পাখির বিবর্তনের ইতিহাস এবং তাদের সংরক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন গবেষকেরা। একই সঙ্গে বুশ রেন পরিবারের একটি অজানা উপপ্রজাতিরও সন্ধান মিলেছে।
নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অফ ওটাগোর গবেষকদের এই সমীক্ষা প্রকাশিত হয়েছে ‘দ্য কনভারসেশন’-এ। গবেষক নিক রল্যান্স ও আলেকজান্ডার ভেরির নেতৃত্বে বিশ্বের বিভিন্ন সংগ্রহশালায় সংরক্ষিত পাখির নমুনা থেকে প্রাচীন ডিএনএ পরীক্ষা করা হয়।
গবেষণা অনুযায়ী, একসময় নিউজিল্যান্ডের উত্তর, দক্ষিণ এবং স্টুয়ার্ট দ্বীপে বুশ রেনের আলাদা প্রজাতি বা উপপ্রজাতির অস্তিত্ব ছিল। উত্তর দ্বীপের বুশ রেন ১৯৫৫ সালে এবং দক্ষিণ দ্বীপের বুশ রেন ১৯৬৮ সালে বিলুপ্ত হয়। শেষ পর্যন্ত স্টিডস বুশ রেনেরও অস্তিত্ব মুছে যায়। ১৯৬৩ সালের আশপাশে মাছ ধরার নৌকা থেকে জাহাজি ইঁদুর ঢুকে পড়েছিল টাউকিহেপা বা বিগ সাউথ কেপ দ্বীপে। কয়েক বছরের মধ্যেই তারা ওই পাখিদের নিশ্চিহ্ন করে দেয়। ১৯৬৪ সালে ছ'টি পাখিকে পাশের কাইমোহু দ্বীপে সরিয়ে নিয়ে যাওয়া হলেও শেষ দু'টির দেখা মিলেছিল ১৯৭২ সালে।
এই ইঁদুরের আক্রমণে স্টুয়ার্ট আইল্যান্ড স্নাইপ এবং বৃহত্তর শর্ট-টেইলড বাদুড়ও বিলুপ্ত হয়েছিল। দক্ষিণ দ্বীপের টিকেওয়ে স্যাডলব্যাক পাখিটিও প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল।
গবেষণায় জানা গিয়েছে, প্রায় ৬০ লক্ষ বছর আগে বুশ রেনের বিবর্তন শুরু হয়েছিল। দক্ষিণ আল্পস পর্বতমালার উত্থানের ফলে নতুন নতুন বাসস্থানের সৃষ্টি হয়েছিল। উত্তর ও দক্ষিণ দ্বীপের বুশ রেনের বিবর্তনগত বিচ্ছেদ ঘটে প্রায় ২৬ লক্ষ বছর আগে। গবেষকদের মতে, এই দুই গোষ্ঠীকে আলাদা প্রজাতি হিসাবে স্বীকৃতি দেওয়া উচিত। দক্ষিণ দ্বীপের বুশ রেনের মধ্যেও প্রায় পাঁচ লক্ষ বছর আগে একাধিক পৃথক গোষ্ঠীর সৃষ্টি হয়। স্টিডস বুশ রেনের উদ্ভব হয়েছিল প্রায় ৯৪ হাজার বছর আগে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, গবেষণায় বুশ রেন পরিবারের একটি অজানা উপপ্রজাতির সন্ধান মিলেছে। কুইন শার্লট সাউন্ডের মাওরি নাম টোতারানুই অনুসারে তার নাম রাখা হয়েছে টোতারানুই বুশ রেন। উত্তর ও মধ্য দক্ষিণ দ্বীপের নমুনা বিশ্লেষণ করে এই উপপ্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে। প্রাচীন ডিএনএ পরীক্ষার মাধ্যমে পাখিদের লিঙ্গ নির্ধারণ এবং তাদের পালকের রং নতুন করে পরীক্ষা করেই এই আবিষ্কার সম্ভব হয়েছে।
গবেষকদের মতে, প্রায় ২৫ লক্ষ ৮০ হাজার বছর আগে পৃথিবীতে বরফযুগ শুরু হওয়ার পর জলবায়ুর পরিবর্তন বুশ রেনের বিবর্তনে বড় ভূমিকা নিয়েছিল। শীতল সময়ে অরণ্য ছোট ছোট বিচ্ছিন্ন এলাকায় সরে যেত। উষ্ণ সময়ে ফের বিস্তৃত হত। ফলে পাখিগুলিও আলাদা আলাদা এলাকায় আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। এই প্রক্রিয়ায় নতুন গোষ্ঠীর উদ্ভব ঘটে।
স্টিডস বুশ রেনের বিলুপ্তি নিউজিল্যান্ডে দ্বীপাঞ্চলের বাস্তুতন্ত্র রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। গবেষকদের মতে, ছোট এলাকায় বসবাসকারী এবং নির্দিষ্ট পরিবেশের উপর নির্ভরশীল প্রাণীরা বহিরাগত প্রজাতির আক্রমণে অত্যন্ত বিপন্ন। জলবায়ু পরিবর্তন, বনভূমি ধ্বংস এবং মানুষের পরিবেশগত হস্তক্ষেপ এই বিপদ আরও বাড়াচ্ছে। তাই বিপন্ন প্রাণীদের জিনগত বৈচিত্র্য রক্ষা এবং বাস্তুতন্ত্রের জলবায়ু পরিবর্তন মোকাবিলার ক্ষমতা বাড়ানোর কাজ এখনই শুরু করা জরুরি।




