নিউজ ডেস্ক: মৃত্যুর পরেও মানুষের কাজে লাগতে চেয়েছিলেন তিনি। সেই ইচ্ছা পূরণ করতে প্রায় এক দশক আগে স্বামীর সঙ্গে নিজের দেহদানের অঙ্গীকারও করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই ইচ্ছা পূরণ হল না। কারণ, তাঁর মৃত্যু হয়েছিল শনিবার। আর সপ্তাহান্তে দেহদানের ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ে কোনও দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ছিলেন না। অস্ট্রেলিয়ার সুসান লুইসের মৃত্যুর পর এমনই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল তাঁর স্বামী ওয়ারেন লুইসকে। তবে স্ত্রীর শেষ ইচ্ছা পূরণ না হওয়ার যন্ত্রণা থেকেই শুরু হয় তাঁর লড়াই। শেষ পর্যন্ত সেই লড়াইয়ের জেরে বদলে গেল বিশ্ববিদ্যালয়ের দেহদানের নিয়ম।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের বেটম্যানস বে এলাকায় থাকতেন ৭৯ বছরের সুসান। প্রায় ৫২ বছরের দাম্পত্য জীবন ছিল ওয়ারেনের সঙ্গে। চিকিৎসাবিজ্ঞানের গবেষণা ও পড়াশোনার কাজে নিজের শরীর দান করতে চেয়েছিলেন সুসান। সেই মতো প্রায় ১০ বছর আগে দু’জনে নাম নথিভুক্ত করেছিলেন ইউনিভার্সিটি অফ উলংগংয়ের দেহদান কর্মসূচিতে। কিন্তু গত সেপ্টেম্বর মাসে শনিবার সুসানের মৃত্যু হওয়ার পর তৈরি হয় বিপত্তি।
হাসপাতাল, শেষকৃত্যের দায়িত্বে থাকা সংস্থা এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে যোগাযোগের ঘাটতির কারণে সময়মতো সুসানের দেহ সংরক্ষণের ব্যবস্থা করা যায়নি। সোমবার সকালে বিশ্ববিদ্যালয় থেকে ফোন করে ওয়ারেনকে জানানো হয়, তাঁর স্ত্রীর দেহ তারা পায়নি। অথচ দেহদানের ক্ষেত্রে মৃত্যুর ৪৮ ঘণ্টার মধ্যে দেহ সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। দেরি হলে স্বাভাবিক পরিবর্তনের কারণে গবেষণার কাজে দেহ ব্যবহার করা কঠিন হয়ে পড়ে।
স্ত্রীর এই পরিণতি মেনে নিতে পারেননি ওয়ারেন। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ফোন পেয়ে তিনি ভীষণভাবে ভেঙে পড়েছিলেন। তাঁর কথায়, ‘এটা সত্যিই খুব কষ্টের। হৃদয়ের থেকেও বেশি, শরীরের প্রতিটি অংশে সেই যন্ত্রণা অনুভব করেছি।’
তবে হাল ছাড়েননি ওয়ারেন। ভবিষ্যতে যাতে অন্য কোনও পরিবারকে এই পরিস্থিতির মুখে পড়তে না হয়, তার জন্য বিশ্ববিদ্যালয়ের কাছে নিয়ম পরিবর্তনের দাবি জানান তিনি। শেষ পর্যন্ত তাঁর উদ্যোগেই ইউনিভার্সিটি অফ উলংগং ম্যাককোয়ারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা করে। এর ফলে এখন সপ্তাহান্তে কারও মৃত্যু হলে দেহদানের ব্যবস্থা করার জন্য ম্যাককোয়ারি বিশ্ববিদ্যালয়ের সাহায্য নেওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি কমিটির প্রধান অধ্যাপক ডেইড্রে ম্যাকগি ওয়ারেনের উদ্যোগের প্রশংসা করেছেন। তাঁর মতে, ওয়ারেনের লড়াইয়ের ফলেই এই পরিবর্তন সম্ভব হয়েছে। তাঁর স্ত্রী এই উদ্যোগে গর্বিত হতেন বলেও মন্তব্য করেছেন তিনি।
অস্ট্রেলিয়ায় মোট ১৭টি বিশ্ববিদ্যালয়-সংযুক্ত কর্মসূচিতে দেহদানের সুযোগ রয়েছে। তবে নাম নথিভুক্ত করলেই যে মৃত্যুর পর দেহ গ্রহণ করা হবে, এমন নিশ্চয়তা নেই। সংক্রামক রোগ, ত্বকের সমস্যা, শারীরিক অবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের সংরক্ষণ ক্ষমতার উপরেও তা নির্ভর করে। উলংগং বিশ্ববিদ্যালয় বছরে সর্বোচ্চ ২০টি দেহ গ্রহণ করতে পারে।
সুসানের শেষ ইচ্ছা পূরণ করা সম্ভব হয়নি। কিন্তু তাঁর স্বামীর লড়াইয়ের ফলে ভবিষ্যতে অন্য অনেকের শেষ ইচ্ছা পূরণের পথ কিছুটা সহজ হল।




