স্পোর্টস ডেস্ক: চেন্নাই সুপার কিংসের জার্সিতে মহেন্দ্র সিং ধোনির ১৯ বছরের দীর্ঘ ক্রিকেটজীবনে এবার দাঁড়ি পড়তে চলেছে। আইপিএলে আর ক্রিকেটার হিসেবে দেখা যাবে না তাঁকে। তবে চেন্নাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে না মাহির। খেলোয়াড়ের ভূমিকা ছেড়ে এবার দলের মেন্টর হিসেবে নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি। ধোনির এই সিদ্ধান্তে অবাক হয়েছেন চেন্নাইয়ের নতুন কোচ জাহির খানও। একইসঙ্গে প্রিয় সতীর্থকে নতুন ভূমিকায় পাশে পেয়ে খুশিও তিনি। ধোনির অবসরের খবর যে তাঁর কাছে আবেগের, তা লুকিয়ে রাখেননি জাহির।
২০২৭ সালের আইপিএলের নিলামের আগে ক্রিকেটার ধরে রাখার তালিকা থেকে ধোনিকে বাদ দিয়েছে চেন্নাই সুপার কিংস। দলের কর্তাদের নিজের সিদ্ধান্তের কথা আগেই জানিয়ে দিয়েছিলেন মাহি। আর ক্রিকেটার হিসেবে খেলতে চান না তিনি। পরিবর্তে দলের মেন্টরের দায়িত্ব সামলাবেন। ফলে আইপিএলে তাঁর দীর্ঘ ১৯ মরসুমের খেলোয়াড়ি জীবনের অবসান ঘটতে চলেছে।
ধোনির এই সিদ্ধান্ত নিয়ে চেন্নাইয়ের নিজস্ব ইউটিউব চ্যানেলে মুখ খুলেছেন নতুন কোচ জাহির খান। তাঁর কথায়, ধোনি যে এমন সিদ্ধান্ত নিতে পারেন, তা তিনি ভাবতেই পারেননি। জাহির বলেন, এই মরশুমের আগে বিষয়টি নিয়ে কোনও ধারণাই ছিল না তাঁর। তবে ধোনি কখন কী সিদ্ধান্ত নিতে হবে, তা খুব ভাল করেই জানেন। নিজের সিদ্ধান্তের কথা ধোনি খুব স্বাভাবিকভাবেই জানিয়েছিলেন। কোনও বড় ঘোষণা বা প্রচার চাননি তিনি।
ধোনির বিদায় প্রসঙ্গে জাহিরের বক্তব্যে ধরা পড়েছে আবেগের ছোঁয়া। তাঁর মতে, প্রতি বছরই সমর্থকরা আশা করেন, মাঠে ব্যাট হাতে দেখা যাবে মাহিকে। এবারও দলের সঙ্গে থাকবেন তিনি, তবে ভূমিকা বদলে যাচ্ছে। জাহির বলেন, “এটা আমাদের সবার জন্য আবেগের সপ্তাহ। মনের মধ্যে মিশ্র অনুভূতি কাজ করছে। তবে আমি উত্তেজিতও। ধোনি আমার সঙ্গে দায়িত্ব ভাগ করে নেবে এবং দলকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এতে আমার কাজ অনেক সহজ হবে।”
ধোনি ও জাহিরের সম্পর্ক অবশ্য দীর্ঘদিনের। ভারতীয় দলের হয়ে একসঙ্গে খেলেছেন তাঁরা। এবার চেন্নাইয়ের ড্রেসিংরুমে নতুন দায়িত্বে একসঙ্গে কাজ করবেন দুই প্রাক্তন সতীর্থ। তাঁদের মধ্যে দায়িত্ব ভাগাভাগি কীভাবে হবে, সেই প্রশ্নেও স্পষ্ট বার্তা দিয়েছেন জাহির। তাঁর মতে, কে কোন পদে রয়েছেন, তা বড় বিষয় নয়। দলের স্বার্থে সবাইকে একই লক্ষ্যে কাজ করতে হবে।
ধোনির নেতৃত্বের বিশেষত্ব ব্যাখ্যা করতে গিয়ে জাহির জানিয়েছেন, ক্রিকেটারদের উপর অগাধ বিশ্বাস রাখেন মাহি। প্রথমে প্রত্যেককে নিজের মতো করে কাজ করার স্বাধীনতা দেন। যতক্ষণ প্রত্যাশিত ফল পাওয়া যায় না, ততক্ষণ তাঁদের পাশে থাকেন। প্রয়োজন হলে তবেই হস্তক্ষেপ করেন। আর এই আস্থাই ধোনিকে অন্যদের থেকে আলাদা করেছে বলে মনে করেন জাহির।
অর্থাৎ, মাঠে ধোনির হেলিকপ্টার শট আর দেখা যাবে না ঠিকই, কিন্তু চেন্নাইয়ের ডাগআউটে তাঁর উপস্থিতি থাকছে। ক্রিকেটার হিসেবে অধ্যায় শেষ হলেও মেন্টর হিসেবে নতুন দায়িত্বে মাহি কতটা সফল হন, এখন সেদিকেই তাকিয়ে সমর্থকরা।




