স্পোর্টস ডেস্ক: মহম্মদ সিরাজকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের একাদশে না রাখা নিয়ে বিতর্কের আঁচ এবার পৌঁছে গেল ক্রিকেটের কিংবদন্তিদের দরজায়। সিরাজের বাদ পড়ার পিছনে সাম্প্রদায়িক বৈষম্যের অভিযোগ তুলেছেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। সেই বিতর্কে এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। তবে কোনও রাজনৈতিক বিতর্কে জড়াতে রাজি নন তিনি। বরং দল নির্বাচনের সিদ্ধান্তকে সমর্থন করে নির্বাচকদের কাজের প্রশংসা করেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। তাঁর স্পষ্ট বক্তব্য, সবাইকে খুশি করা সম্ভব নয়।
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিরাজের বাদ পড়া নিয়ে প্রশ্নের মুখে পড়েন কপিল। জবাবে তিনি বলেন, এই বিষয়ে মন্তব্য করার মতো কোনও দায়িত্ব তাঁর নেই। যাঁরা দল নির্বাচনের দায়িত্বে রয়েছেন, তাঁদের কাছেই এই প্রশ্নের উত্তর চাওয়া উচিত। নির্বাচকদের কাজের প্রশংসা করে কপিল বলেন, তাঁর মনে হয় তাঁরা খুব ভাল কাজ করছেন। প্রত্যেক ক্রিকেটারকে দলে সুযোগ দেওয়া সম্ভব নয়।
শুধু তাই নয়, ভারতীয় ক্রিকেটের স্বার্থকে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উপরে রাখার বার্তাও দিয়েছেন প্রাক্তন অধিনায়ক। তাঁর মতে, কে খেলবেন আর কে খেলবেন না, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নির্বাচক, ম্যানেজার ও অধিনায়কের। বাইরে থেকে কারও ভাল লাগা বা খারাপ লাগার ভিত্তিতে দল নির্বাচন নিয়ে বিচার করা উচিত নয়। ভারতীয় ক্রিকেট ভাল করছে কি না, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করেন তিনি।
প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্টে ভারতীয় একাদশে জায়গা হয়নি মহম্মদ সিরাজের। তাঁর বাদ পড়া নিয়েই সরব হন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। তাঁর অভিযোগ, ভাল পারফরম্যান্স থাকা সত্ত্বেও শুধু নামের কারণে সিরাজকে দলে রাখা হয়নি। সিরাজের নামের সঙ্গে ধর্মীয় পরিচয়ের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, এই সিদ্ধান্তের পিছনে বৈষম্য রয়েছে।
যদিও কংগ্রেস সাংসদের এই অভিযোগ মানতে নারাজ কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। শুক্রবার তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভারতে ধর্ম কিংবা জাতপাতের ভিত্তিতে কাউকে সুযোগ থেকে বঞ্চিত করা হয় না। যোগ্যতার ভিত্তিতেই প্রত্যেকে সুযোগ পান। কারও ধর্ম বা জাতের সঙ্গে সুযোগ পাওয়ার কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি।
ফলে সিরাজের বাদ পড়া নিয়ে বিতর্ক এখন আর শুধু ক্রিকেটীয় সিদ্ধান্তে আটকে নেই। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে পালটা বক্তব্যের লড়াই। এই পরিস্থিতিতে কপিল দেবের মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। সরাসরি বিতর্কে না জড়ালেও নির্বাচকদের সিদ্ধান্তের উপরেই আস্থা রাখার বার্তা দিয়েছেন তিনি।




