নিউজ ডেস্ক: প্রাকৃতিক দুর্যোগের ধাক্কায় একদিকে ফসলের ক্ষতি, অন্যদিকে চাষের খরচ সামলাতে গিয়ে নাজেহাল কৃষকেরা। এমন পরিস্থিতিতে সরকারি সাহায্যের আশায় দিন গুণছেন বহু চাষী। কিন্তু শুধু সরকারি ঘোষণা শুনলেই কি মিলবে আর্থিক সাহায্য? কারা পাবেন এই টাকা? নতুন করে আবেদন করতে হবে, নাকি পুরনো নথির ভিত্তিতেই ব্যাংক একাউন্টে পৌঁছে যাবে অর্থ? সরকারি সাহায্য পাওয়ার পদ্ধতি নিয়ে কৃষকদের মধ্যে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।

সম্প্রতি, পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিকে কৃষক সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য, অন্যদিকে ঘূর্ণিঝড় ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষীদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। তবে দুই প্রকল্পে টাকা পাওয়ার পদ্ধতি এক নয়।

কৃষক সম্মান নিধির টাকা কিভাবে পাবেন?
এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষকদের বছরে ৪০০০ থেকে ৯০০০ টাকা পর্যন্ত সহায়তার কথা জানানো হয়েছে। যাঁরা আগের থেকেই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান, তাঁদের ক্ষেত্রে নতুন করে আবেদন করার প্রয়োজন হবে না বলে জানানো হয়েছে। তথ্য যাচাই এর পর নির্ধারিত নিয়ম এ ব্যাংক একাউন্টে টাকা পাঠানো হবে। পিএম কিষান প্রকল্পের সুবিধাভোগীদের ক্ষেত্রেও যোগ্যতা ও সরকারি নিয়ম অনুযায়ী অতিরিক্ত রাজ্য সহায়তার ব্যবস্থা রয়েছে।

অন্যদিকে, নতুন আবেদন করতে চাইলে নিজের ব্লকের সহ কৃষি অধিকর্তার অফিস অথবা নির্দিষ্ট সরকারি শিবির থেকে আবেদন পত্র সংগ্রহ করতে হবে। আবেদন পত্র সঙ্গে জমা দিতে হবে জমির পর্চা, আধার কার্ড, ভোটার কার্ড, আধার সংযুক্ত পাস বইয়ের প্রথম পাতার প্রতিলিপি এবং সচল মোবাইল নম্বর। ভাগচাষীর ক্ষেত্রেও প্রযোজ্য নথি দিতে হবে। ব্লক ও জেলার স্তরে নথি যাচাইয়ের পর অনুমোদন মিললে DBT এর মাধ্যমে টাকা পাঠানো হবে।

ঘূর্ণিঝড়ে ফসল নষ্ট হলে কি করবেন?
ঘূর্ণিঝড় ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৫ লক্ষ ৭৩ হাজার কৃষককে আর্থিক সহায়তার ঘোষণাও করা হয়েছে। প্রাথমিক ক্ষয়ক্ষতির সমীক্ষা এবং সরকারী তালিকার ভিত্তিতে যোগ্য কৃষকদের একাউন্টে ক্ষতিপূরণ পাঠানোর কথা। ক্ষতি হওয়া সত্বে ও তালিকায় নাম না থাকলে স্থানীয় ব্লক কৃষি দফতর বা কৃষি অধিকারীদের সঙ্গে যোগাযোগ করে জমির নথি ও ব্যাংকের তথ্য জমা করে দিতে হবে।

আবেদনের অবস্থা জানবেন কিভাবে?
কৃষক বন্ধুর পোর্টালে গিয়ে 'Registered Farmer Information' অপশনে প্রয়োজনীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে নিজের তথ্য যাচাই করা যায়। তবে কৃষকদের মনে রাখতে হবে শুধু আবেদন করলেই টাকা পাওয়া নিশ্চিত নয়। প্রকল্পের যোগ্যতা, নথি যাচাই এবং সরকারি অনুমোদনের পর মিলবে আর্থিক সাহায্য। তাই দালালের খপ্পরে না পড়ে সরাসরি সরকারি কৃষি দফতরের সঙ্গে যোগাযোগ করায় সবচেয়ে নিরাপদ।




