নিউজ ডেস্ক : মৃত্যুর পর পরিবারের সদস্যদের কি কি দায়িত্ব পালন করতে হয়, তা কমবেশি সকলেরই জানা। কিন্তু সেই দায়িত্বের বোঝা যদি আগেভাগেই নিজের কাঁধে তুলে নেন পরিবারের প্রবীণ কর্তা? শুনতে অবাক লাগলেও উত্তরপ্রদেশে এমনই ব্যতিক্রমী ঘটনা ঘিরে চর্চা শুরু হয়েছে। যেখানে শোকের আবহ নয় বরং হাসিমুখে আত্মীয়-স্বজন ও গ্রামবাসীদের আপ্যায়ন করলেন এক বৃদ্ধ। এমনকি পরিবারের পরবর্তী প্রজন্মের হাতেও তুলে দিলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি?
ঘটনাটি উত্তরপ্রদেশের বাগপত জেলার বারৌত এলাকার জহরী গ্রামের। ৮০ বছর বয়সী বলজোর সিং নিজের মৃত্যুর পর যে তেহরভি অনুষ্ঠান হওয়ার কথা, তা জীবিত অবস্থাতেই আয়োজন করলেন। গত ১৫ নভেম্বর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন আত্মীয়-স্বজন, প্রতিবেশী এবং আশেপাশের এলাকার বহু মানুষ। প্রায় ৯০০ জনের জন্য বিশাল ভোজের আয়োজন করেছিলেন তিনি। খাবার তৈরির জন্য নিয়োগ করা হয়েছিল ৮ জন রাঁধুনিকে। মেনুতে ছিল পুরি, সবজির তরকারি এবং মিষ্টি। পাশাপাশি আয়োজন করা হয়েছিল ঐতিহ্যবাহী হোম যজ্ঞ।
কিন্তু কেন এমন সিদ্ধান্ত? সূত্রে খবর, বলজোর সিংয়ের একমাত্র সন্তান মেয়ে পিঙ্কি। তাঁর কোনও ছেলে নেই। বৃদ্ধের আশঙ্কা ছিল, তাঁর মৃত্যুর পর যাবতীয় সামাজিক ও ধর্মীয় আচার পালনের দায়িত্ব এবং আর্থিক চাপ মেয়ের উপর এসে পড়তে পারে। তাই আগেভাগেই সেই দায়িত্ব নিজের হাতে সম্পন্ন করতে চেয়েছিলেন তিনি। তাঁর বক্তব্য, “আমার কোনও ছেলে নেই। তাই মেয়ের উপর এই দায়িত্বের বোঝা চাপুক, তা আমি চাই না। বেঁচে থাকতেই এই কাজ করে নিচ্ছি।”
অনুষ্ঠানের আরও একটি গুরুত্বপূর্ণ পর্ব ছিল পাগড়ি পরানোর রীতি। পরিবারের পূর্ববর্তী কর্তা হিসেবে নিজের নাতি মুকুলের মাথায় পাগড়ি পরিয়ে দেন বলজোর সিং। এর মাধ্যমে পরিবারের দায়িত্ব পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়ার প্রতীকি বার্তা দেন তিনি। বলজোর সিং এর পরিবারে রয়েছেন মেয়ে পিঙ্কি, জামাই সুখপাল, তিন নাতনি ও নাতি মুকুল।
এই ব্যতিক্রমী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মন্ত্রী কে পি সিংও। বলজোর সিং এর এমন উদ্যোগের প্রশংসা করেন তিনি। অন্যদিকে, বাবার এই সিদ্ধান্তে স্বস্তির কথা জানিয়েছেন মেয়ে পিংকিও। সব মিলিয়ে প্রচলিত সামাজিক রীতির বাইরে গিয়ে বলজোর সিং এর এই উদ্যোগ নতুন করে ভাবাচ্ছে সমাজকে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে একজন বাবার চিন্তা যে মৃত্যুর পরের দায়িত্ব পর্যন্ত বিস্তৃত হতে পারে, এই ঘটনাই যেন তার এক অনন্য উদাহরণ।




