নিউজ ডেস্ক: বেতন বৃদ্ধির দাবিতে ফের উত্তপ্ত বাংলাদেশের পোশাকশিল্প। শনিবার সকালে ঢাকার উপকণ্ঠে আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লেন পোশাক কারখানার শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। বিক্ষোভের জেরে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। যদিও শিল্প পুলিশের দাবি, শনিবার দুপুরের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
‘দ্য ডেইলি স্টার’-এর প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ১১টা নাগাদ আশুলিয়ার কাঠগড়া এলাকায় জিরাবো-বিশমাইল সড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে। একাধিক পোশাক কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভে যোগ দেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে শ্রমিকেরা নিজেদের কারখানায় ঢুকে কাজ বন্ধ করে দেন। পরে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে তাঁরা মিছিল করে রাস্তায় নামেন। সকাল পৌনে ১১টা নাগাদ রাস্তা অবরোধেরও চেষ্টা করেন বিক্ষোভকারীরা।
আশুলিয়ার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১-এর সুপারিনটেনডেন্ট মহম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, দুপুরের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তাঁর কথায়, ‘কাঠগড়া এলাকায় যে কারখানাগুলি চালু ছিল, সেখানে কয়েক জন বিশৃঙ্খল শ্রমিক অশান্তি তৈরির চেষ্টা করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ এবং অন্য বাহিনী হস্তক্ষেপ করে।’
শনিবার সকালে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। যদিও শিল্প পুলিশের বক্তব্য, সকালে অধিকাংশ কারখানাতেই স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছিল।
শুধু আশুলিয়া নয়, বাংলাদেশের বিভিন্ন শিল্পাঞ্চলে কয়েক সপ্তাহ ধরেই বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। তাঁদের দাবি, মাসিক ন্যূনতম বেতন ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করতে হবে। গত মঙ্গলবার ঢাকার মিরপুরেও এই দাবিতে বিক্ষোভ দেখান শ্রমিকেরা। রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়।
সোমবার সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড়েও শ্রমিকদের জমায়েত হয়েছিল। ওই দিন সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় ৪০টি কারখানা বন্ধ ছিল। তার মধ্যে ২৭টি কারখানা বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী ১৩(১) ধারায় বন্ধ রাখা হয়, ন’টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। বাকি কারখানাগুলিতে সাধারণ ছুটি দেওয়া হয়েছিল।
বাংলাদেশের তৈরি পোশাকশিল্প দেশের অন্যতম প্রধান রফতানি ক্ষেত্র। এই শিল্পে প্রায় ৪০ লক্ষ মানুষের কর্মসংস্থান রয়েছে এবং দেশের মোট রফতানি আয়ের ৮০ শতাংশেরও বেশি আসে এই ক্ষেত্র থেকে। ফলে শ্রমিক অসন্তোষ দীর্ঘায়িত হলে উৎপাদন ও রফতানিতে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।




