নিউজ ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে অশান্ত বাংলাদেশ। শুক্রবারও দেশের বিভিন্ন প্রান্তে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। সিলেটে জুনিয়র বিদেশমন্ত্রী হুমায়ুন কবিরের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে পেট্রল বোমা। রাজশাহিতে আওয়ামি লিগের এক প্রাক্তন জুনিয়র মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অন্য দিকে, হাসিনার রাজনৈতিক ঘাঁটি হিসাবে পরিচিত গোপালগঞ্জে একটি থানায় আগুন লাগিয়েছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে দেশের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আধাসেনা। সাম্প্রতিক হিংসায় এখনও পর্যন্ত অন্তত তিন জনের মৃত্যু হয়েছে।
গত কয়েক দিন ধরেই হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। ৭৯ বছরের হাসিনা আগামী ডিসেম্বর মাসে ভারত থেকে বাংলাদেশে ফিরতে চান বলে জানিয়েছেন। ২০২৪ সালে ছাত্র আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে রয়েছেন। ২০২৪ সালের আন্দোলন দমনের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের আদালত তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে। তবে সেই রায় সত্ত্বেও দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। সংবাদসংস্থা এএফপিকে ইমেল করে হাসিনা জানিয়েছেন, দেশে ফিরলে ফাঁসির মুখোমুখি হতে পারেন, সে বিষয়ে তিনি ‘সম্পূর্ণ সচেতন’।
হাসিনার দল আওয়ামি লিগের রাজনৈতিক কার্যকলাপ বর্তমানে বাংলাদেশে নিষিদ্ধ। মৃত্যুদণ্ডের রায়ের বর্ষপূর্তি উপলক্ষে চলতি সপ্তাহে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল দলটি। তার পর থেকেই বিভিন্ন এলাকায় অশান্তি ছড়িয়েছে। শুক্রবার সিলেটে জুনিয়র বিদেশমন্ত্রী হুমায়ুন কবিরের বাড়িতে পেট্রল বোমা ছোড়ার ঘটনা ঘটে। এই হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘পেট্রল বোমা ছুড়ে কোনও পলাতক সন্ত্রাসবাদীকে দেশে ফেরানো সম্ভব নয়।’
বৃহস্পতিবার রাজশাহিতে আওয়ামি লিগের এক প্রাক্তন জুনিয়র মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই দিনে গোপালগঞ্জে ধারালো অস্ত্র হাতে একদল বিক্ষোভকারী একটি থানায় আগুন লাগায়। পরে অবশ্য ওই এলাকায় যোগাযোগ পরিষেবা স্বাভাবিক করা হয়েছে।
এদিকে ঢাকায় গত ২৪ ঘণ্টায় আওয়ামি লিগের সঙ্গে যুক্ত ১২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। নোবেলজয়ী তথা বাংলাদেশের প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের পারিবারিক বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তাঁর প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাঙ্ক জানিয়েছে, চলতি মাসে তাদের ২০টিরও বেশি শাখায় হামলা চালানো হয়েছে।
সব মিলিয়ে হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনাকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক সংঘাত আরও তীব্র হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েকশো আধাসেনা মোতায়েন করা হয়েছে। আগামী দিনে এই অশান্তি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।




