নিউজ ডেস্ক: দুই যুগেরও বেশি সময় ধরে বড় পর্দায় দাপটের সঙ্গে অভিনয়ের পর এবার প্রথমবার বাংলা টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তাঁর এই নতুন ধারাবাহিকটির নাম ‘ডিয়ার নাইনটিজ’ (Dear 90's), যা আগামী ২৩ নভেম্বর ২০২৬ থেকে ‘সোনি আট’ চ্যানেলে সম্প্রচারিত হতে যাচ্ছে।
সুরিন্দর ফিল্মস প্রযোজিত ‘ডিয়ার নাইনটিজ’ ধারাবাহিকের মাধ্যমে ফিকশন বা নাটকের দুনিয়ায় কোয়েলের অভিষেক হচ্ছে। এতে তাঁকে ‘অপরাজিতা’ নামক একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। লেখিকা অপরাজিতার শৈশব, প্রেম আর স্কুল জীবনের গল্প নিয়েই শুরু হচ্ছে এই ধারাবাহিক। নাম থেকেই স্পষ্ট, এই ধারাবাহিকের গল্পে নব্বইয়ের দশকের নস্ট্যালজিয়া ফুটে উঠবে। যে সময়ে মোবাইল বা সোশ্যাল মিডিয়ার সহজলভ্যতা ছিল না, সেই সময়ের সহজ-সরল জীবনযাপন, সম্পর্ক, প্রেম এবং বড় হয়ে ওঠার নানা আবেগঘন অনুভূতি এই ধারাবাহিকের মূল উপজীব্য। কোয়েল মল্লিক এর আগে বহুবার টেলিভিশনের পর্দায় হাজির হয়েছেন। ‘কথা ও কাহিনী’ নামক টক শো সঞ্চালনা থেকে শুরু করে ‘ঝলক দিখলা যা’ বা ‘ডান্স বাংলা ডান্স’-এর মতো জনপ্রিয় রিয়েলিটি শোয়ে বিচারকের আসনে তাঁকে দেখা গেছে। এছাড়া মহালয়ার বিশেষ অনুষ্ঠান ও বিভিন্ন ধারাবাহিকে অতিথি শিল্পী হিসেবেও তিনি কাজ করেছেন। তবে পূর্ণাঙ্গ কোনো মেগা ধারাবাহিকে নিয়মিত অভিনয় এই প্রথম। ধারাবাহিকটি করার পেছনে কারণ হিসাবে অভিনেত্রী জানিয়েছেন ‘এটা সোনি আটের প্রথম ফিকশন। আর সমস্ত মানুষ বা টিমের কাছে যে কোনো প্রথমই স্পেশাল। এই ধারাবাহিকের মাধ্যমে ওই সময়টা ফিরে দেখতে পেরেছি, সেটাই আসল কারণ।’
নব্বই -এর দশকে ঠিক কেমন ছিলো কোয়েলের জীবন সেই বিষয়ও কথা বলেছেন অভিনেত্রী। তিনি বলেন’ “অনেক কিছু করতাম তখন। এত টেকনোলজি তো ছিল না। হাতে লেখা চিঠি, ল্যান্ড লাইন ফোনের জীবনটা সত্যিই খুব মিস করি। দুপুরবেলা মা ঘুম পাড়াতে চাইত। আমরা অপেক্ষা করতাম, কখন কানামাছি খেলব। তেঁতুলের আচার খাওয়ার জন্য বারবার ছাদে যেতাম। এগুলির মধ্যে একটা আলাদা মজা রয়েছে।”
২০০৩ সালে ‘নাটের গুরু’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখার পর ‘বন্ধন’, ‘সাত পাকে বাঁধা’, ‘হেমলক সোসাইটি’ কিংবা ‘মিতিন মাসি’র মতো অসংখ্য সফল ছবি দর্শকদের উপহার দিয়েছেন কোয়েল। ছোটপর্দায় এই নতুন সিদ্ধান্ত প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, নব্বইয়ের দশকের গল্পের সারল্য এবং ‘অপরাজিতা’ চরিত্রটির গভীরতাই তাঁকে এই ধারাবাহিকে কাজ করতে উৎসাহিত করেছে।
বড় পর্দার ‘টলিউড কুইন’-কে এবার প্রতিদিন ড্রয়িংরুমের পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর অগণিত ভক্ত ও বাংলা ধারাবাহিকের দর্শকরা।




