নিউজ ডেস্ক: ঘৃণার বদলে ভালবাসা, হিংসার বদলে আলোচনা এবং ভয়ের বদলে বিশ্বাস—শান্তির বার্তা দিতে গিয়ে এভাবেই মন ছুঁয়ে গেলেন বলিউড বাদশা শাহরুখ খান। মুম্বইয়ে আয়োজিত গ্লোবাল পিস অনার্স ২০২৬-এর মঞ্চ থেকে ২৬/১১ মুম্বই হামলা, পহেলগাঁও জঙ্গি হামলা এবং সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণে নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন অভিনেতা। একই সঙ্গে সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারানো নিরাপত্তারক্ষীদের সাহস ও আত্মত্যাগকেও কুর্নিশ জানান তিনি। শনিবারের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহরুখ জানান, একদিন তাঁর ছোট ছেলে তাঁকে প্রশ্ন করেছিল, ঘৃণাকে কীভাবে ভালবাসায় বদলে ফেলা সম্ভব? সেই প্রশ্নের উত্তরে অভিনেতা বলেছিলেন, বিষয়টি আসলে খুব সহজ। হিংসার পরিবর্তে আলোচনা, ভয়ের পরিবর্তে বিশ্বাস এবং পারস্পরিক সম্প্রীতির পথে হাঁটতে পারলেই ভালবাসার জয় নিশ্চিত। তাঁর কথায়, শান্তি কোনও দূরের লক্ষ্য নয়। তার শুরু প্রত্যেক মানুষের নিজের হৃদয় থেকে। শান্তি আসলে একটি সিদ্ধান্ত, দায়িত্ব এবং প্রতিদিন পালন করার প্রতিশ্রুতি।
https://x.com/Clear_Nama/status/2124204092155474362?a=5ytOIlLeb0gBFpgY3nI&s=20
শুধু বক্তব্যেই নয়, দেশের শহিদ সেনা ও নিরাপত্তারক্ষীদের উদ্দেশে বিশেষ বার্তাও দেন শাহরুখ। ২৬/১১-র জঙ্গি হামলায় নিহত নিরীহ মানুষ, পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার শিকার এবং সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণে প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণ করেন তিনি। পাশাপাশি দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েকটি পঙ্ক্তিও আবৃত্তি করেন।
সেনা ও নিরাপত্তারক্ষীদের আত্মত্যাগের ব্যাখ্যা দিতে গিয়ে শাহরুখ বলেন, কেউ যদি তাঁদের পেশা সম্পর্কে জানতে চান, তা হলে গর্বের সঙ্গে বলতে হবে, তাঁরা দেশকে রক্ষা করেন। তাঁদের উপার্জন কত, এমন প্রশ্নের উত্তরে বলতে হবে, দেশের ১৪০ কোটি মানুষের আশীর্বাদই তাঁদের সবচেয়ে বড় প্রাপ্তি। আর ভয় পান কি না জানতে চাইলে চোখে চোখ রেখে উত্তর দিতে হবে, যাঁরা দেশকে আক্রমণ করে, ভয় তাঁদেরই পাওয়া উচিত।
বক্তব্যের শেষপর্বে জাতি, ধর্ম ও সম্প্রদায়গত বিভেদ ভুলে মানবতার পথে এগিয়ে আসার আহ্বান জানান অভিনেতা। তাঁর কথায়, দেশের শান্তির জন্য যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, তা নিশ্চিত করার দায়িত্ব প্রত্যেক নাগরিকের। সব বিষয়ে একমত হওয়া জরুরি নয়, কিন্তু প্রত্যেক মানুষের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা বোঝার চেষ্টা করা প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকর এবং অভিনেতা রণবীর সিং, সুনীল শেট্টি ও বিক্রান্ত ম্যাসি। অমৃতা ফড়নবিশের প্রতিষ্ঠিত দিব্যজ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে সাহসিকতা, আত্মত্যাগ এবং মানবতার বার্তাকে তুলে ধরা।
মঞ্চে নিজের বক্তব্যের পাশাপাশি ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ছবির জনপ্রিয় সংলাপ ‘বড়ে বড়ে দেশোঁ মে ছোটি ছোটি বাতেঁ হোতি রহতি হ্যায়, সেনোরিটা’ স্মরণ করিয়ে দেন শাহরুখ। তাঁর সেই পরিচিত দু'হাত ছড়িয়ে দেওয়ার ভঙ্গিও নজর কাড়ে উপস্থিত দর্শকদের।
বারবার সন্ত্রাসবাদী হামলায় ক্ষতবিক্ষত দেশের মঞ্চে দাঁড়িয়ে শাহরুখের বার্তা তাই স্পষ্ট—প্রতিশোধের আগুন নয়, মানবতা ও ঐক্যের শক্তিতেই শান্তির পথ তৈরি করতে হবে।




