স্পোর্টস ডেস্ক: ডার্বির আগে চোট সমস্যা কাটিয়ে সেরা দল গুছিয়ে নেওয়াই এখন মোহনবাগানের প্রধান লক্ষ্য। রবিবার চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলীয় মিডফিল্ডার মিগুয়েলকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না কোচ প্যানাজিওটিস দিলেমপেরিস। তবে সবুজ-মেরুন শিবিরের জন্য স্বস্তির খবর, চোট কাটিয়ে এই ম্যাচেই মাঠে ফিরতে চলেছেন দলের অন্যতম প্রধান স্ট্রাইকার জেমি ম্যাকলারেন।
দীর্ঘ বিরতিতে দলের একাধিক চোট পাওয়া ফুটবলারকে সুস্থ করে তোলার পরিকল্পনা ছিল কোচের। সেই তালিকায় ছিলেন আপুইয়া, মিগুয়েল এবং ম্যাকলারেন। প্রত্যাশামতোই সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন আপুইয়া। পাশাপাশি দীর্ঘদিন চোট নিয়ে খেলা এরউইনও এখন সুস্থ।
অন্যদিকে ম্যাকলারেনও প্রত্যাবর্তনের জন্য তৈরি। চার্চিল ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করেছেন অজি স্ট্রাইকার। সাম্প্রতিক ম্যাচগুলিতে সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয়েছে বাগানের আক্রমণভাগ। তাই ম্যাকলারেনের প্রত্যাবর্তনে গোলের সমস্যা মিটবে বলে আশাবাদী সবুজ-মেরুন সমর্থকরা।
সাংবাদিক বৈঠকে দিলেমপেরিস স্পষ্ট জানিয়েছেন, চার্চিল ম্যাচে খেলবেন না মিগুয়েল। তাঁর কথায়, “কোনও রকম ঝুঁকি নিতে চাইছি না। আমার বিশ্বাস আগামী সপ্তাহ থেকে অনুশীলনে ওকে একশো শতাংশ ফিট পাব।” অর্থাৎ, ডার্বির প্রথম লেগে মিগুয়েলকে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে ডার্বির আগে চিন্তা বাড়াচ্ছেন স্পেনীয় ডিফেন্ডার আলবার্তো রডরিগেজ। ইতিমধ্যেই তিনটি হলুদ কার্ড দেখেছেন তিনি। চার্চিল ম্যাচে আরও একটি কার্ড দেখলে ডার্বিতে খেলতে পারবেন না। তবে তাঁকে বিশ্রাম দেওয়ার বিষয়ে দিলেমপেরিস বলেন, “এই মুহূর্তে আমার মাথায় শুধুই চার্চিল ম্যাচ। অন্য কোনও ম্যাচ নিয়ে ভাবছি না।”
অন্যদিকে সাফ চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ গোলদাতা ও সেরা ফুটবলার সুহেল ভাটের প্রশংসা করেছেন কোচ। তিনি বলেন, “ও আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। আমার কোচিংয়ে অন্য অনেক ফুটবলারের চেয়ে বেশি সুযোগ পেয়েছে।”
সব মিলিয়ে চার্চিলের বিরুদ্ধে জয় এবং ডার্বির আগে ফুটবলারদের ফিট রাখাই এখন বাগানের প্রধান লক্ষ্য।




