স্পোর্টস ডেস্ক: বিশ্বচ্যাম্পিয়ন হওয়া যতটা কঠিন, সেই শিরোপা ধরে রাখা যে আরও বড় চ্যালেঞ্জ, তা খুব ভাল করেই জানেন বিশ্বনাথন আনন্দ। এবার সেই কঠিন পরীক্ষার মুখে ভারতের তরুণ দাবাড়ু ডি গুকেশ। ২০২৪ সালে মাত্র ১৮ বছর বয়সে সর্বকনিষ্ঠ অবিসংবাদিত বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছিলেন তিনি। আগামী ২৪ নভেম্বর থেকে জেনেভায় শুরু হতে চলেছে তাঁর মুকুট ধরে রাখার লড়াই। প্রতিপক্ষ উজবেকিস্তানের তরুণ গ্র্যান্ডমাস্টার জাভোখির সিন্দারভ। একই প্রজন্মের দুই দাবাড়ুর এই লড়াই ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে উত্তেজনা।
বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আনন্দের অভিজ্ঞতা গুকেশের কাছে বড় সম্পদ। ২০০০ সালে প্রথম বিশ্বখেতাব জয়ের পর ২০০৭ সালে আবার অবিসংবাদিত চ্যাম্পিয়ন হন তিনি। এরপর ২০০৮ সালে ভ্লাদিমির ক্রামনিক, ২০১০ সালে ভেসেলিন টোপালভ এবং ২০১২ সালে বরিস গেলফান্ডের বিরুদ্ধে সফলভাবে শিরোপা ধরে রাখেন আনন্দ। সব মিলিয়ে চার বার বিশ্বচ্যাম্পিয়নের মুকুট রক্ষা করেছেন তিনি। তবে এই পথ মোটেও সহজ ছিল না। প্রতিটি প্রতিপক্ষের বিরুদ্ধে নতুন করে প্রস্তুতি নিতে হয়েছে তাঁকে। বদলাতে হয়েছে খেলার কৌশল, মানসিক প্রস্তুতি এবং প্রতিপক্ষকে সামলানোর ধরন।
২০১২ সালের গেলফান্ডের বিরুদ্ধে ম্যাচে কঠিন পরিস্থিতিতে পড়েছিলেন আনন্দ। প্রথম ছয়টি গেম ড্র হওয়ার পর সপ্তম গেমে হেরে পিছিয়ে পড়েন তিনি। হারের রাতে স্ত্রী অরুণার কাছে নিজেকে অতীতের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে উল্লেখ করেছিলেন আনন্দ। তাঁর মনে হয়েছিল, মুকুট হারানো হয়তো আর দূরের সম্ভাবনা নয়। কিন্তু অষ্টম গেমেই ঘুরে দাঁড়ান তিনি। শেষ পর্যন্ত খেতাব ধরে রাখতেও সফল হন। সেটিই ছিল তাঁর শেষ বিশ্বচ্যাম্পিয়নশিপ জয়।
বিশ্বচ্যাম্পিয়ন গ্যারি কাসপারভের মতে, উদ্বেগ ও আত্মতুষ্টি— এই দুই বিষয়ই শিরোপা ধরে রাখার পথে বড় বাধা। তাঁর বক্তব্য, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য যে তীব্র আকাঙ্ক্ষা একজন চ্যালেঞ্জারের মধ্যে থাকে, মুকুট পাওয়ার পর তা একইভাবে ধরে রাখা কঠিন। আনন্দ নিজেও একসময় জানিয়েছিলেন, প্রতি দু’বছর অন্তর বিশ্বচ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলার ক্লান্তিকর চক্র থেকে বেরিয়ে আসা কঠিন।
আনন্দের সবচেয়ে উল্লেখযোগ্য কৌশলগত পরিবর্তন দেখা গিয়েছিল ২০০৮ সালে ক্রামানিকের বিরুদ্ধে। নিজের পরিচিত ১.ই৪ চালের পরিবর্তে ১.ডি৪ দিয়ে খেলা শুরু করে প্রতিপক্ষকে অপ্রস্তুত করে দিয়েছিলেন তিনি। সেই ঝুঁকি সফল হয়েছিল। ২০১০ সালে টোপালভের বিরুদ্ধে ম্যাচের আগে ইউরোপে আগ্নেয়গিরির ছাইয়ের কারণে বিমান চলাচল ব্যাহত হলেও আনন্দ ছিলেন নির্বিকার। অন্যদিকে, তাঁর দল বিকল্প যাতায়াতের ব্যবস্থা করতে ব্যস্ত ছিল, আর আনন্দ তখন মগ্ন ছিলেন তুতানখামেনের জীবনী নিয়ে একটি বইয়ে।
গুকেশের পথেও চাপ কম নয়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রত্যাশার ভার, নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখার চাপ এবং সমালোচনা— সবই সামলাতে হচ্ছে তাঁকে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন অবশ্য মনে করেন, গুকেশের নিজেকে রক্ষাকর্তা হিসেবে ভাবার প্রয়োজন নেই। তাঁর মতে, গুকেশের সামনে বরং অনেক কিছু অর্জনের সুযোগ রয়েছে। ২০২৪ সালে তিনি দেখিয়েছেন, ছন্দে থাকলে কত উচ্চমানের দাবা খেলতে পারেন।
গুকেশ নিজেও স্বীকার করেছেন, চ্যালেঞ্জার এবং চ্যাম্পিয়ন হিসেবে খেলার মানসিকতা সম্পূর্ণ আলাদা। তাঁর কথায়, খেতাব ধরে রাখার ক্ষেত্রে প্রত্যাশা, চাপ এবং হেরে যাওয়ার আশঙ্কা অনেক বেশি কাজ করে। তবে শেষ পর্যন্ত তাঁকে নিজের স্বাভাবিক খেলায় মন দিতে হবে। মুকুট জয়ের অভিজ্ঞতা তাঁর রয়েছে, এবার সেই মুকুট রক্ষা করার কঠিন পরীক্ষায় কতটা সফল হন, সেটাই দেখার।




