স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। আর সেই লড়াই যদি হয় মহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ‘এ’ দলের মধ্যে, তা হলেও আকর্ষণে কোনও ঘাটতি থাকে না। আগামী ২২ নভেম্বর দোহায় রাইজিং স্টার এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে ভারত ‘এ’ ও পাকিস্তান শাহিনস। ভারতীয় দলে রয়েছেন অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, তিলক বর্মা ও রিঙ্কু সিংয়ের মতো পরিচিত ক্রিকেটার। অন্যদিকে, পাকিস্তানের ভরসা তাদের শক্তিশালী পেস আক্রমণ। কাগজে-কলমে ভারতীয় দলকে কিছুটা এগিয়ে রাখলেও পাঁচটি গুরুত্বপূর্ণ বিভাগে দুই দলের শক্তি ও দুর্বলতার লড়াই জমে উঠতে পারে।
প্রথম লড়াই ওপেনিংয়ে। ভারতের অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী শুরু থেকেই প্রতিপক্ষের বোলারদের উপর ঝাঁপিয়ে পড়তে পারেন। দু’জনেরই আগ্রাসী ব্যাটিং পাকিস্তানের জন্য চিন্তার কারণ। তবে নতুন বলে মহম্মদ হাসনাইন, আহমেদ দানিয়াল ও আলি রাজার গতি ভারতীয় ওপেনারদের পরীক্ষা নিতে পারে। বিশেষ করে দোহার পিচে বল সামান্য নড়াচড়া করলে শুরুতেই বিপাকে পড়তে পারে ভারত।
দ্বিতীয় গুরুত্বপূর্ণ জায়গা মিডল অর্ডার। এই বিভাগে ভারতের শক্তি বেশ চোখে পড়ার মতো। নেপালের বিরুদ্ধে ৪২ রানে তিন উইকেট পড়ে যাওয়ার পর তিলক বর্মা ১০৭ এবং কুমার কুশাগ্র ১১৭ রান করে দলকে বড় স্কোরে পৌঁছে দেন। রিঙ্কু সিং, আয়ুষ বাদোনি ও সূর্যাংশ শেডগের উপস্থিতিও ভারতীয় ব্যাটিংকে গভীরতা দিয়েছে।
অন্যদিকে, পাকিস্তানের মিডল অর্ডারে অধিনায়ক আবদুল সামাদ, হাসান নওয়াজ ও হায়দার আলির উপর বাড়তি দায়িত্ব থাকবে। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে শামাইল হোসেন ও মাআজ সাদাকাত অর্ধশতরান করলেও বাকিদের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।
তৃতীয় লড়াই স্পিনে। পাকিস্তানের সুফিয়ান মুকিম হতে পারেন ভারতের বাঁহাতি ব্যাটারদের জন্য বড় পরীক্ষা। তাঁর সঙ্গে রয়েছেন মাআজ সাদাকাত, দানিশ আজিজ ও সাদ মাসুদ। ভারতের স্পিন বিভাগে শাহবাজ আহমেদ, তনুশ কোটিয়ান, হর্ষ দুবে ও বিপরাজ নিগম রয়েছেন। তবে দোহার মন্থর পিচে নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি নিয়মিত উইকেট নেওয়াও জরুরি।
চতুর্থ বিভাগ পেস বোলিং। নেপালের বিরুদ্ধে হর্ষিত রানা চারটি এবং প্রিন্স যাদব পাঁচটি উইকেট নিয়ে নজর কেড়েছেন। তাঁদের সঙ্গে রয়েছেন আরশাদ খান। পাকিস্তানের পেস বিভাগে হাসনাইন, দানিয়াল, আলি রাজা ও ইমরান রান্ধাওয়ার মতো বিকল্প রয়েছে। অভিজ্ঞতা ও গতির মিশেলে শেষের ওভারগুলিতে পাকিস্তান বিপজ্জনক হয়ে উঠতে পারে।
পঞ্চম এবং শেষ বিষয় মানসিক চাপ সামলানো। ভারতীয় দলের একাধিক ক্রিকেটার আন্তর্জাতিক স্তরে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। তবে গত বছর একই মাঠে ভারত ‘এ’-কে হারিয়েছিল পাকিস্তান শাহিনস। ফলে দোহায় খেলার পরিবেশ তাদেরও অচেনা নয়।
সব মিলিয়ে ভারতের ব্যাটিং গভীরতা এবং পাকিস্তানের পেস আক্রমণের দ্বৈরথই ম্যাচের অন্যতম আকর্ষণ হতে চলেছে। শুরুতে উইকেট ধরে রাখা, মাঝের ওভারে রান নিয়ন্ত্রণ এবং শেষদিকে চাপের মুখে পারফরম্যান্স— এই তিন জায়গায় যে দল ধারাবাহিকতা দেখাবে, তারাই ম্যাচে সুবিধা পাবে।




