নিউজ ডেস্ক: প্রবল বৃষ্টি থামলেও বিপদ কাটছে না আমেরিকার ফ্লোরিডায়। বরং সময়ের সঙ্গে বাড়ছে বন্যার ভয়াবহতা। একের পর এক এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি বিপদসীমা ছাড়িয়েছে সে রাজ্যের দীর্ঘতম নদী সেন্ট জনস। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে নিচু এলাকার বাসিন্দাদের বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি নিতে বলেছে প্রশাসন। এদিকে ফ্লোরিডায় তাণ্ডব চালানোর পর ঝড়ের অভিমুখ ক্রমশ উত্তরের দিকে। জর্জিয়া, ক্যারোলাইনা থেকে শুরু করে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং উপকূলীয় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
গত কয়েক দিন ধরে ফ্লোরিডার আটলান্টিক উপকূলবর্তী এলাকায় প্রবল বৃষ্টি হয়েছে। কয়েকটি জায়গায় মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টির পরিমাণ ১৭ ইঞ্চি ছাড়িয়েছে। এর জেরে বহু এলাকা জলমগ্ন। মেলবোর্ন থেকে জ্যাকসনভিল পর্যন্ত প্রায় ২০০ মাইল এলাকায় বন্যার সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া দফতর। শনিবার পর্যন্ত কোনও কোনও এলাকায় আরও ৬ ইঞ্চি বৃষ্টি হতে পারে। বিচ্ছিন্ন কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ ১২ ইঞ্চিও ছুঁতে পারে।
কোকোয়া শহরের কাছে সেন্ট জনস নদীর জল বৃহস্পতিবার ১৯৫৩ সালের বন্যার রেকর্ড ছাপিয়ে গিয়েছে। আবহবিদদের আশঙ্কা, আগামী সপ্তাহের শুরু পর্যন্ত নদীর জলস্তর বিপজ্জনক অবস্থায় থাকবে। রকলেজ শহরের নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। এজওয়াটারের ফ্লোরিডা শোরস এলাকায় হাঁটুসমান জলে নেমে উদ্ধারকাজ চালিয়েছেন পুলিশকর্মীরা। ব্রেভার্ড কাউন্টিতে জলমগ্ন রাস্তায় আটকে পড়া মানুষদের উদ্ধার করতে ব্যবহার করা হয়েছে এয়ারবোট। এক দিনেই সেখানে প্রায় ১০০টি উদ্ধার অভিযান চালাতে হয়েছে।
এই বন্যার জেরে থ্যাঙ্কসগিভিং উৎসবের প্রস্তুতিও ভেস্তে গিয়েছে বহু পরিবারের। কোকোয়ার বাসিন্দা সারা হার্নান্দেজ জানিয়েছেন, ২৫ বছর ধরে ফ্লোরিডায় থাকলেও এমন ভয়াবহ জলযন্ত্রণা আগে দেখেননি তিনি। তাঁর বাড়িতেও ঢুকে পড়েছে বন্যার জল।
এদিকে ফ্লোরিডা পেরিয়ে ঝড়টি জর্জিয়া ও ক্যারোলাইনা উপকূলের দিকে এগোচ্ছে। রবিবার ও সোমবার আটলান্টিক উপকূলের বিস্তীর্ণ অংশে আরও একটি নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেটি ক্রান্তীয় ঝড়ে পরিণত হতে পারে বলেও সতর্ক করেছেন আবহবিদরা। বুধবার ও থ্যাঙ্কসগিভিংয়ের দিন আরও শক্তিশালী ঝড়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আবহবিদদের মতে, এল নিনোর প্রভাবে তৈরি হওয়া বিশেষ আবহাওয়া পরিস্থিতির কারণেই এই অস্বাভাবিক বৃষ্টি। ফ্লোরিডার মাটি ইতিমধ্যেই অতিরিক্ত জল শোষণ করে ফেলেছে। ফলে আগামী কয়েক মাস পরিস্থিতি আরও জটিল হতে পারে। সেন্ট জনস নদীর আশপাশে বন্যার প্রভাব নতুন বছর পেরিয়েও, এমনকী ২০২৭ সাল পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।




