স্পোর্টস ডেস্ক: হংকং ওপেনে আরও একটি খেতাব জয়ের স্বপ্ন দেখছিলেন ভারতের তারকা পুরুষ দ্বৈত জুটি সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি। কিন্তু সেমিফাইনালের বাধা আর টপকানো হল না। শনিবার মালয়েশিয়ার অষ্টম বাছাই জুটি মান ওয়ে চং এবং টি কাই উনের কাছে সরাসরি গেমে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিলেন ভারতীয় জুটি। শেষ পর্যন্ত ১৮-২১, ১৯-২১ ব্যবধানে হারতে হল তাঁদের। মাত্র ৪১ মিনিটের লড়াইয়ে শেষ হল ভারতের দুই তারকা শাটলারের হংকং ওপেন অভিযান।
বিশ্ব ক্রমতালিকায় ছয় নম্বরে থাকা সাত্ত্বিক ও চিরাগ এ বছর দুর্দান্ত ছন্দে ছিলেন। সিঙ্গাপুর ও চিনে জিতেছিলেন দু’টি খেতাব। ফলে হংকং ওপেনেও তাঁদের নিয়ে প্রত্যাশা ছিল যথেষ্ট। সেমিফাইনালে নামার আগে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও এগিয়ে ছিলেন ভারতীয়রা। মালয়েশিয়ার জুটির বিরুদ্ধে তাঁদের জয়-পরাজয়ের হিসাব ছিল ৪-১। তবে এদিন শুরু থেকেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তাঁদের।
প্রথম গেমে ৩-০ ব্যবধানে এগিয়ে শুরু করেন সাত্ত্বিক-চিরাগ। কিন্তু দ্রুত খেলায় ফেরেন মান ও টি। দুই জুটির মধ্যে চলতে থাকে আক্রমণ ও পাল্টা আক্রমণের লড়াই। কখনও জোরালো স্ম্যাশ, কখনও আবার নিখুঁত জায়গায় শাটল ফেলে পয়েন্ট আদায়ের চেষ্টা করেন দু’পক্ষই। ১০-১০ সমতায় পৌঁছনোর পর বিরতিতে এক পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায় মালয়েশিয়া। এরপর ব্যবধান বাড়িয়ে ১৬-১২ করে তারা। ভারতীয় জুটি লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ১৮-২১ ব্যবধানে প্রথম গেম খোয়াতে হয়।
দ্বিতীয় গেমে শুরুটা আরও ভাল করেন সাত্ত্বিক ও চিরাগ। একসময় ৭-৩ ব্যবধানে এগিয়ে ছিলেন তাঁরা। কিন্তু সেখান থেকেই ম্যাচের রং বদলে যায়। পরপর ছ’টি পয়েন্ট জিতে ৯-৭ ব্যবধানে এগিয়ে যায় মালয়েশিয়া। বিরতির পর ব্যবধান বেড়ে দাঁড়ায় ১৪-৯। তবু হাল ছাড়েননি ভারতীয় জুটি। ধীরে ধীরে ব্যবধান কমিয়ে শেষদিকে ১৮-১৯ করেন তাঁরা।
এরপর দুরন্ত লড়াইয়ে ১৯-১৯ সমতাও ফেরান সাত্ত্বিক-চিরাগ। মনে হচ্ছিল, ম্যাচ গড়াতে পারে তৃতীয় গেমে। কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে চিরাগকে লক্ষ্য করে আক্রমণ শানায় মালয়েশিয়ার জুটি। ম্যাচ পয়েন্ট পাওয়ার পর নিখুঁত শটে জয় নিশ্চিত করে তারা। এই হারে হংকং ওপেনে ভারতের পুরুষ দ্বৈত বিভাগের অভিযান শেষ হল। তবে দিনের বাকি লড়াইয়ে ভারতীয় সমর্থকদের নজর থাকবে লক্ষ্য সেনের দিকে। পুরুষদের সিঙ্গলস সেমিফাইনালে ডেনমার্কের তৃতীয় বাছাই অ্যান্ডার্স আন্তোনসেনের মুখোমুখি হওয়ার কথা তাঁর। সাত্ত্বিক-চিরাগের বিদায়ের পর লক্ষ্যই এখন ভারতীয় শিবিরের শেষ ভরসা।




