নিউজ ডেস্ক: সিঙ্গুরে কি ফিরতে চলেছে হারিয়ে যাওয়া শিল্পের স্বপ্ন? দীর্ঘ ১৮ বছর পর ফের গাড়ি কারখানা তৈরির প্রস্তুতি শুরু হচ্ছে হুগলির এই ঐতিহাসিক শিল্পাঞ্চলে। তবে এবার ন্যানো নয়, তৈরি হবে ট্রাক। আর এই ঘোষণা ঘিরেই নতুন করে আশার আলো দেখছেন সিঙ্গুরের বাসিন্দারা। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য অনুযায়ী, সিঙ্গুরে ট্রাক তৈরির কারখানা গড়তে চলেছে অশোক লেল্যান্ড।
শনিবার খড়গপুর আইআইটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের দিনই এই সুখবর সামনে আনেন সুকান্ত মজুমদার। তাঁর দাবি, রাজ্যে শিল্পবান্ধব সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নতুন করে বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সম্প্রতি সিঙ্গুরে শিল্প গড়ার আশ্বাস দিয়েছিলেন। এবার সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে বলে ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় মন্ত্রী।
সুকান্ত মজুমদার বলেন, সৌভাগ্যবশত বাংলায় এমন একটি সরকার তৈরি হয়েছে, যারা শিল্প আনতে আগ্রহী। মুখ্যমন্ত্রী কিছু দিন আগেই জানিয়েছিলেন, অশোক লেল্যান্ড সিঙ্গুরে আসবে। সেখানে ট্রাক তৈরির কারখানা তৈরি করবে সংস্থাটি।
উল্লেখ্য, সিঙ্গুরের সঙ্গে শিল্পায়নের ইতিহাস জড়িয়ে রয়েছে টাটাদের ন্যানো প্রকল্প। একসময় এই এলাকাতেই ছোট গাড়ির কারখানা তৈরির উদ্যোগ নিয়েছিল টাটা গোষ্ঠী। কিন্তু জমি অধিগ্রহণকে কেন্দ্র করে তীব্র আন্দোলন, রাজনৈতিক সংঘাত এবং বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত ২০০৮ সালে প্রকল্পটি গুজরাটের সানন্দে সরিয়ে নিয়ে যায় সংস্থা। তারপর থেকেই সিঙ্গুরের শিল্প সম্ভাবনা নিয়ে বারবার রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।
এবার সেই সিঙ্গুরেই নতুন করে শিল্পের সম্ভাবনা তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই নজর পড়েছে রাজ্যবাসীর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সম্প্রতি সিঙ্গুর সফরে গিয়ে এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্নের কথা উল্লেখ করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, জমির চরিত্র বদলে গিয়েছে। এলাকার বেকার যুবকেরা পরিবেশবান্ধব শিল্প চান। সরকার সিঙ্গুরের জন্য কিছু একটা করবে।
অশোক লেল্যান্ডের প্রস্তাবিত কারখানা বাস্তবায়িত হলে স্থানীয় কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে এলাকার যুবকদের কাছে শিল্পক্ষেত্রে কাজের সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
তবে এখনও পর্যন্ত কারখানার নির্মাণকাজ শুরুর নির্দিষ্ট সময়সীমা, বিনিয়োগের পরিমাণ কিংবা কত মানুষের কর্মসংস্থান হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য সামনে আসেনি। ফলে ঘোষণার পর এবার সিঙ্গুরবাসীর নজর প্রকল্পের বাস্তবায়নের দিকে। ন্যানো বিদায়ের ১৮ বছর পর সত্যিই কি ফিরবে সিঙ্গুরের শিল্পের সুদিন? সেই উত্তর দেবে আগামী দিন।




