নিউজ ডেস্ক: ডায়মন্ড হারবার থানার আইসি পদে বড়সড় রদবদল। সরিয়ে দেওয়া হল আইসি প্রসেনজিৎ করকে। তাঁকে পূর্ব মেদিনীপুরের ডিআইবি ইন্সপেক্টর পদে বদলি করা হয়েছে। অন্যদিকে, ডায়মন্ড হারবার থানার নতুন আইসি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন সঞ্জয় দে। তিনি এতদিন হাওড়া জিআরপির ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এই বদলির কথা জানানো হয়েছে।
শুধু ডায়মন্ড হারবার নয়, একাধিক থানার দায়িত্বেও রদবদল করা হয়েছে। সিআইডির ইন্সপেক্টর পদে কর্মরত গৌতম সাহাকে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানার আইসি করা হয়েছে। অন্যদিকে, পুজালি থানার আইসি সোমনাথ দের আগের বদলির নির্দেশ বাতিল করে তাঁকে ওই থানাতেই বহাল রাখা হয়েছে। বাসুদেব সরকারকে বজবজ থানার আইসি পদে পাঠানো হয়েছে। এতদিন বজবজ থানার আইসি পদে থাকা নিরুপম মণ্ডলকে বীরভূমের ডিআইবির ইন্সপেক্টর পদে বদলি করা হয়েছে।
প্রশাসনের তরফে এই রদবদলকে রুটিন বদলি হিসেবেই ব্যাখ্যা করা হয়েছে। তবে সাম্প্রতিক সরিষাকাণ্ডের পর ডায়মন্ড হারবার থানার আইসির বদলি ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূলের একটি দলীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নাম জড়ায় মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদের। ঘটনাটি নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়।
এরপর গত বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে ডায়মন্ড হারবার থানার তৎকালীন আইসি প্রসেনজিৎ করের বিরুদ্ধে সরব হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, সরিষার ঘটনায় মিথ্যা মামলা সাজিয়েছেন আইসি। সেই ঘটনার পরের দিনই প্রসেনজিৎ করের বদলির নির্দেশ সামনে আসে।
যদিও প্রশাসনের দাবি, এটি নিয়মমাফিক রদবদলের অংশ। তবে সরিষাকাণ্ড, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ এবং তার পরেই আইসির বদলি, এই ঘটনাক্রম ঘিরে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে।




