খড়্গপুর: বাংলার মাটিতে দাঁড়িয়েই অতীতের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে বামেদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অভিযোগ, প্রায় পাঁচ দশক আগে সেমিকন্ডাক্টর শিল্পের একটি বড় সুযোগ এসেছিল বাংলার সামনে। কিন্তু সেই সময় লাল ঝান্ডা দেখিয়ে সংশ্লিষ্ট সংস্থাকে রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ফলে শিল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি সম্ভাবনা হাতছাড়া হয় বাংলার। শনিবার আইআইটি খড়্গপুরের ৭৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
দেশের প্রথম আইআইটি খড়্গপুরের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রতিষ্ঠানের গৌরবময় ইতিহাসের পাশাপাশি ভবিষ্যতের প্রযুক্তিগত সম্ভাবনার কথাও তুলে ধরেন মোদী। অনুষ্ঠানে রুপো দিয়ে তৈরি ৭৫ টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা উন্মোচন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ভারতের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ যেন একই জায়গায় মিলিত হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে। গত ৭৫ বছরে একাধিক মাইলফলক তৈরি করেছে আইআইটি খড়্গপুর।
পড়ুয়াদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতার উপর বিশেষ জোর দেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ করাই আমার স্বভাব।” তিনি বলেন, অনেক সময় মানুষ নিজের স্বপ্ন এবং প্রতিভাকে সীমাবদ্ধ করে ফেলে। এই মানসিকতা থেকে বেরিয়ে এসে নতুন কিছু করার সাহস দেখাতে হবে। তাঁর মতে, ভারত এখন আর সীমাবদ্ধতার মধ্যে আটকে থাকতে চায় না। বরং প্রতিটি ক্ষেত্রে পুরনো বাধা ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে।
এরপরই সেমিকন্ডাক্টর শিল্পের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। মোদীর দাবি, প্রায় ৫০ বছর আগে এই শিল্পের একটি বড় সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে সেই সুযোগ বাস্তবায়িত হয়নি। বামপন্থীদের দিকে অভিযোগের আঙুল তুলে তিনি বলেন, লাল ঝান্ডা দেখিয়ে সংস্থাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তবে সেই ব্যর্থতার পরেও ভারত থেমে থাকেনি। গত চার বছরে দেশে সেমিকন্ডাক্টর উৎপাদনের পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।
শুধু শিল্প নয়, দারিদ্র্য দূরীকরণ এবং মহাকাশ গবেষণার ক্ষেত্রেও সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কোটি কোটি মানুষ দারিদ্র্যের সীমা থেকে বেরিয়ে এসেছেন। একসময় মহাকাশ গবেষণার ক্ষেত্র সীমিত থাকলেও বর্তমানে তরুণদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যের প্রশংসা করে মোদী বলেন, এই রাজ্যের মাটিতে বহু নতুন ভাবনার জন্ম হয়েছে। এবার সেই ঐতিহ্যকে হাতিয়ার করেই আত্মনির্ভর ও বিকশিত ভারত গড়ার কাজে এগিয়ে আসতে হবে তরুণ প্রজন্মকে।




