কলকাতা: মাছ-মাংসের পর এবার সবজির বাজারেও আগুন! ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে কার্যত নাজেহাল বাংলার সবজি চাষিরা। জমিতে জল জমে নষ্ট হচ্ছে শীতকালীন ফসল। তার সরাসরি প্রভাব পড়ছে কলকাতা ও শহরতলির বাজারে। একের পর এক সবজির দাম পৌঁছে যাচ্ছে মধ্যবিত্তের নাগালের বাইরে। ঝিঙে, বেগুন, গাজরের মতো সবজি কিনতে এখন কেজিপ্রতি গুনতে হচ্ছে ১০০ টাকা। অন্যদিকে, উচ্ছে, শসা ও ঢ্যাঁড়শের দামও ছুঁয়েছে ৮০ থেকে ১০০ টাকার ঘর। ফলে রোজকার রান্নার বাজার সামলাতে গিয়ে কার্যত হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ।
বর্তমানে বাংলায় ধান কাটার মরশুম চলছে। বহু জায়গায় ইতিমধ্যেই জমি থেকে ধান কেটে মাঠে জমা করে রাখা হয়েছে। এর মধ্যেই ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। টানা বৃষ্টিতে একদিকে যেমন জমিতে জল জমছে, অন্যদিকে মাঠে রাখা ফসলেও পচন ধরার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে শীতকালীন সবজির ক্ষতির আশঙ্কা বাড়ছে।
দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে প্রচুর পরিমাণে শীতকালীন সবজির চাষ হয়। কিন্তু লাগাতার বৃষ্টির কারণে এই জেলাগুলির বিভিন্ন কৃষিজমিতে জল জমেছে। ফলে পাইকারি বাজারে সবজির জোগান কমতে শুরু করেছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার বাজারগুলিতে তার প্রভাব স্পষ্ট। ব্যবসায়ীদের আশঙ্কা, আগামী কয়েক দিনে বৃষ্টির পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে সবজির দাম আরও বাড়তে পারে।
মানিকতলা বাজারের সাম্প্রতিক দামের তালিকাতেও সেই ছবিই ধরা পড়েছে। আগে যে বেগুন কেজিপ্রতি ৮০ টাকায় বিক্রি হচ্ছিল, এখন তার দাম বেড়ে হয়েছে ১০০ টাকা। ঝিঙের দামও ৮০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা। গাজর ও শসার দামও কেজিপ্রতি ৮০ টাকা থেকে বেড়ে ১০০ টাকায় পৌঁছেছে। উচ্ছে ও পটলের দাম যথাক্রমে ৬০ থেকে ৮০ টাকা এবং ৭০ থেকে ৮০ টাকা হয়েছে। ঢ্যাঁড়শের দামও ৬০ টাকা থেকে বেড়ে ৮০ টাকা।
তবে সবজির বাজারে এখনও কিছুটা স্বস্তি দিচ্ছে পালং শাক ও টমেটো। এই দুই সবজির দাম আপাতত কেজিপ্রতি ৬০ টাকাতেই রয়েছে। ফুলকপির দামও ২৫-৩০ টাকা থেকে বেড়ে ৩০-৪০ টাকা হয়েছে। সিমের দাম রয়েছে ৮০ টাকায়।
তবে শুধু বৃষ্টির কারণে জোগান কমাই নয়, বাজারে ফড়েদের মজুতদারির প্রবণতাও দাম বৃদ্ধির অন্যতম কারণ বলে অভিযোগ উঠছে। সব মিলিয়ে আবহাওয়ার প্রতিকূলতা ও বাজারের অস্থিরতায় চাপে ক্রেতা-বিক্রেতা উভয়েই। এখন প্রশ্ন, বৃষ্টি থামলে কি সবজির দাম কমবে, নাকি শীতের মরশুমেও চড়া দামেই বাজার করতে হবে সাধারণ মানুষকে?




