নিউজ ডেস্ক: সিঙ্গুরে ট্রাক কারখানা নিয়ে রাজনৈতিক বিতর্ক, প্রশ্ন তুললেন অধীর রঞ্জন চৌধুরী। সিঙ্গুরে ট্রাক তৈরির কারখানা গড়ার ঘোষণা ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যে শিল্প স্থাপন নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্যের পর এবার প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তাঁর অভিযোগ, কারখানা নিয়ে একের পর এক ঘোষণা করা হলেও প্রকল্পের গুরুত্বপূর্ণ বিষয়গুলি এখনও স্পষ্ট নয়। সাধারণ মানুষকে শুধু আশার কথা শোনানো হচ্ছে।
সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, সিঙ্গুরে ভারী গাড়ি তৈরির কারখানা গড়ার বিষয়ে অশোক লেল্যান্ডের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। এরপর ২১ নভেম্বর খড়গপুর আইআইটিতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের পর কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, সিঙ্গুরে অশোক লেল্যান্ড ট্রাক তৈরির কারখানা গড়বে। খুব শীঘ্রই কাজ শুরু হওয়ার কথাও বলেন তিনি। তবে প্রকল্পের বিনিয়োগ, কর্মসংস্থানের সম্ভাবনা এবং কাজ শুরুর নির্দিষ্ট সময়সীমা এখনও প্রকাশ্যে আসেনি।
এই পরিস্থিতিতেই অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য, “সিঙ্গুরে ট্রাক তৈরির কারখানা হওয়া নিয়ে সাধারণ মানুষকে কেবল মিথ্যা আশা দেখানো হচ্ছে। এর আগে মুখ্যমন্ত্রী অশোক লেল্যান্ডের কথা বলেছিলেন, এখন আবার কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ট্রাক কারখানার কথা বলছেন, অথচ কোম্পানির তরফে বিস্তারিত কিছু জানানো হচ্ছে না। যাদের কোম্পানি, তারা কিছুই বলছে না, অথচ নেতারা বড় বড় দাবি করে চলেছেন।”
প্রকল্পের স্বচ্ছতা নিয়েও একাধিক প্রশ্ন তুলেছেন তিনি। অধীরের কথায়, “কিসের ট্রাক তৈরি হবে, কোন কোম্পানি আসবে, মালিকানা কার থাকবে এবং এতে কেন্দ্র ও রাজ্যের ভাগই বা কত? এসব স্পষ্ট না করে মানুষকে কেবল আশায় ভাসিয়ে রাখা হচ্ছে।”
উল্লেখ্য, সুকান্ত মজুমদার প্রকাশ্যে অশোক লেল্যান্ডের নাম জানিয়েছেন। তবে সংস্থার তরফে প্রকল্পের বিস্তারিত আনুষ্ঠানিক ঘোষণা এখনও সামনে আসেনি। কত টাকা বিনিয়োগ হবে, কত জমি লাগবে, কত মানুষের কর্মসংস্থান হবে, কিংবা উৎপাদন কবে শুরু হবে—এসব প্রশ্নের উত্তর এখনও অধরা।
প্রায় ১৮ বছর আগে টাটা মোটরসের ন্যানো প্রকল্প সিঙ্গুর থেকে সরে যাওয়ার পর থেকেই এই এলাকার শিল্পায়ন নিয়ে আলোচনা চলছে। ফলে নতুন কারখানার ঘোষণায় আশার পাশাপাশি প্রকল্পের বাস্তবায়ন নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। এখন দেখার, ঘোষণার পর কত দ্রুত বাস্তবের মাটিতে কাজ শুরু হয়।




