নিউজ ডেস্ক: টানা চার সপ্তাহের ঊর্ধ্বগতির পর সোমবার আচমকাই ছন্দপতন ভারতীয় শেয়ার বাজারে। সপ্তাহের প্রথম দিনেই বড়সড় ধাক্কা খেলেন বিনিয়োগকারীরা। দিনের শুরুতে ইতিবাচক ইঙ্গিত থাকলেও বেলা বাড়তেই ছবিটা বদলে যায়। দ্রুত নামতে শুরু করে সেনসেক্স ও নিফটি। ব্যাঙ্কিং, আর্থিক পরিষেবা এবং ধাতু শিল্পের একাধিক শেয়ারে ব্যাপক বিক্রির চাপে তলানিতে নামে বাজার। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, সোমবার দুপুরের মধ্যেই বিএসইতে নথিভুক্ত সংস্থাগুলির সম্মিলিত বাজার মূলধন থেকে উধাও হয়ে যায় ৩ লক্ষ কোটি টাকারও বেশি। প্রশ্ন উঠছে, কয়েক সপ্তাহ ধরে যে বাজারে একের পর এক রেকর্ডের হাতছানি দেখা যাচ্ছিল, সেখানে হঠাৎ এমন পতন কেন?
সোমবার সকালে বাজার খোলার সময় ছবিটা ছিল যথেষ্ট আশাব্যঞ্জক। কিন্তু সেই ইতিবাচক প্রবণতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দিনের সর্বোচ্চ স্তর থেকে সেনসেক্স একসময় ১৬০০ পয়েন্টেরও বেশি নেমে যায়। অন্যদিকে, নিফটি ৫০-ও ২৫,৬০০-র গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক স্তরের নীচে চলে যায়। দুপুরের দিকে বিএসইতে নথিভুক্ত সংস্থাগুলির মোট বাজার মূলধন কমে দাঁড়ায় প্রায় ৫১১ লক্ষ কোটি টাকায়। শুক্রবার বাজার বন্ধের সময় এই অঙ্ক ছিল প্রায় ৫১৪ লক্ষ কোটি টাকা। অর্থাৎ কয়েক ঘণ্টার ব্যবধানে বিনিয়োগকারীদের সম্পদের পরিমাণ কমে যায় ৩ লক্ষ কোটি টাকারও বেশি।
বিস্তারিত আসছে....




