স্পোর্টস ডেস্ক: ভারতীয় ফুটবল লিগের সঙ্গে নতুন অংশীদারিত্ব গড়ে তুলল নাগাল্যান্ড পর্যটন দফতর। ২০২৬-২৭ মরসুমের জন্য প্রতিযোগিতার সরকারি গন্তব্য সহযোগী হিসেবে যুক্ত হল নাগাল্যান্ড। এই অংশীদারিত্বের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীদের কাছে নাগাল্যান্ডের সংস্কৃতি, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটনের আকর্ষণ তুলে ধরতে চায় রাজ্য সরকার। ফুটবলের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে রাজ্যের পর্যটন শিল্পকে আরও প্রসারিত করা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নাগাল্যান্ডের পরিচিতি বাড়ানোই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
এই অংশীদারিত্বের আওতায় ‘নেচারালি নাগাল্যান্ড’ ভাবনাকে তুলে ধরা হবে। পাশাপাশি আন্তর্জাতিক পরিচিতি পাওয়া নাগাল্যান্ডের হর্নবিল উৎসবের প্রচারেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী ১ থেকে ১০ ডিসেম্বর কোহিমার কাছে কিসামার নাগা হেরিটেজ ভিলেজে অনুষ্ঠিত হবে এই উৎসবের ২৭তম সংস্করণ।
‘উৎসবের উৎসব’ হিসেবে পরিচিত এই আয়োজন নাগাল্যান্ডের সংস্কৃতি, ঐতিহ্য, সংগীত, নৃত্য, খাবার এবং জীবনযাত্রার এক অনন্য পরিচয় বহন করে। ভারতীয় ফুটবল লিগের সঙ্গে হর্নবিল উৎসবের সংযোগের ফলে ক্রীড়া পর্যটনের পাশাপাশি সাংস্কৃতিক পর্যটনেরও প্রসার ঘটবে বলে আশা করা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তের দর্শক ও ফুটবলপ্রেমীদের নাগাল্যান্ড ভ্রমণে উৎসাহিত করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
এই অংশীদারিত্বকে স্বাগত জানিয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। তাঁর বক্তব্য, নাগাল্যান্ড সাংস্কৃতিক বৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং উষ্ণ আতিথেয়তার জন্য বিশেষ পরিচিত। পর্যটন, খেলাধুলা এবং সৃজনশীল অর্থনীতির মাধ্যমে নাগা জীবনযাত্রা ও ঐতিহ্যকে দেশের পাশাপাশি আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরতে চায় রাজ্য সরকার। এই উদ্যোগের ফলে নতুন সুযোগ তৈরি হবে এবং রাজ্যের তরুণরাও অনুপ্রাণিত হবেন বলে আশাবাদী তিনি।
রাজ্যের পর্যটনমন্ত্রী তেমজেন ইমনা অ্যালং জানিয়েছেন, সংগীত, খাবার, সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধনে নাগাল্যান্ড পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠতে পারে। এই অংশীদারিত্ব রাজ্যের পর্যটন মানচিত্রে নতুন পরিচিতি তৈরি করবে বলেও তাঁর আশা।
অন্যদিকে, ভারতীয় ফুটবল লিগের প্রধান নির্বাহী নীলদীপ মণ্ডল জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তে ম্যাচের সম্প্রচার ও প্রচারের মাধ্যমে নাগাল্যান্ডের সংস্কৃতি তুলে ধরার বড় সুযোগ রয়েছে। উল্লেখযোগ্যভাবে, এবারের মরসুমে প্রথমবারের মতো নাগাল্যান্ডের কোনও দল হিসেবে প্রতিযোগিতায় অংশ নিয়েছে নাগাল্যান্ড ইউনাইটেড স্পোর্টস ক্লাব।
গত ৩০ অক্টোবর ঐতিহাসিক অভিযান শুরু করেছে তারা। ফলে ফুটবল, সংস্কৃতি ও পর্যটনকে একসূত্রে বেঁধে নাগাল্যান্ডকে আরও পরিচিত করে তোলার পথে এগোচ্ছে এই অংশীদারিত্ব।




