নিউজ ডেস্ক: সাধারণত চাপকল বা নলকূপের হাতল চাপলে ভূগর্ভস্থ স্বচ্ছ জল বেরিয়ে আসে। কিন্তু সেই চাপকল থেকেই যদি জলের বদলে গলগল করে দেশি মদ বের হতে শুরু করে, তবে অবাক হওয়াটাই স্বাভাবিক। সম্প্রতি উত্তরপ্রদেশের ঝাঁসিতে আবগারি দফতরের এক অভিযানে ঠিক এমনই এক অভিনব ও চাঞ্চল্যকর কৌশলের পর্দাফাঁস হয়েছে।
বেআইনি মদ তৈরি ও পাচার রুখতে ঝাঁসির একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছিলেন আবগারি দফতরের আধিকারিকরা। তল্লাশি চলাকালীন একটি বাড়ির উঠোনে বসানো নীল রঙের একটি সাধারণ চাপকল দেখে আধিকারিকদের সন্দেহ হয়। জল পরীক্ষার জন্য এক আবগারি কর্মী চাপকলটির হাতল পাম্প করতে শুরু করেন। আর তাতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় উপস্থিত সকলের! দেখা যায়, নলকূপের মুখ দিয়ে জলের বদলে গলগল করে বেরিয়ে আসছে চোরাই দেশি মদ।
https://x.com/ndtv/status/2124795613745397821/video/1?a=aPnfuV-b9sfpj6ZTKu0&s=08
বিষয়টি খতিয়ে দেখতেই বেরিয়ে আসে আসল রহস্য। দেখা যায়, পাচারকারীরা প্রশাসনের নজর এড়াতে মাটির নিচে গোপনে একটি বড় ট্যাংক তৈরি করেছিল এবং সরাসরি সেই ট্যাংকের সঙ্গে চাপকলের পাইপের সংযোগ জুড়ে দিয়েছিল। বাইরে থেকে দেখলে যে কারও মনে হবে এটি সাধারণ জল তোলার কল। অথচ নিচ থেকে মদ তুলে তা প্লাস্টিকের গামলা ও ড্রামে ভরে অনায়াসেই বিক্রি ও সরবরাহ করা হচ্ছিল। অভিযানের সময় আধিকারিকরা ওই নলকূপ পাম্প করে প্লাস্টিকের পাত্রে মদ সংগ্রহ করেন এবং পরে তা বড় নীল ড্রামে ভরে বাজেয়াপ্ত করেন।
শুধু বাড়ির ভেতরেই নয়, এই অভিযানে খোলা মাঠ ও ঝোপঝাড়ের আড়ালে চলতে থাকা বিশাল মদ তৈরির কারবারেরও হদিস মেলে। আবগারি কর্মীরা সারিবদ্ধভাবে রাখা অসংখ্য নীল ড্রাম উল্টে দিয়ে বিপুল পরিমাণ মদ তৈরির কাঁচামাল ঘটনাস্থলেই নষ্ট করে দেন।
আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, এই যৌথ অভিযানে প্রায় ৩৪০ লিটার তৈরি বেআইনি দেশি মদ বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও, মদ তৈরির জন্য মজুত রাখা প্রায় ৪,৩০০ লিটার গাঁজানো উপকরণ বা ‘লাহান’ ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয়েছে। এই অবৈধ কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই চারটি পৃথক মামলা রুজু করা হয়েছে এবং এক মহিলাকে গ্রেপ্তার করেছে প্রশাসন। বেআইনি মদের কারবারিদের এই অভিনব ফন্দি দেখে রীতিমতো বিস্মিত তদন্তকারী আধিকারিকরাও। এই চক্রের পেছনে আর কারা জড়িত রয়েছে, তা তদন্ত শুরু করেছে পুলিশ।




