নয়াদিল্লি: প্রধান বিচারপতি সূর্য কান্তের কাছে বিরোধী নেতাদের সঙ্গে বৈঠকের আর্জি জানালেন কংগ্রেস সাংসদ অমরিন্দর সিং রাজা ওয়ারিং। সোমবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই CJI-কে বিরোধীদের সঙ্গে দেখা করার অনুরোধ জানান তিনি।
রাজা ওয়ারিং বলেন, “ভারতের প্রধান বিচারপতি যদি আমাদের সঙ্গে দেখা না করেন, তাহলে সাধারণ মানুষের অভিযোগ কে শুনবে? আমরা প্রধান বিচারপতিকে আমাদের সঙ্গে দেখা করার জন্য অনুরোধ জানাচ্ছি।”
ভোটার তালিকায় কথিত অনিয়ম, ‘ভোট চুরি’র অভিযোগ এবং স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া নিয়ে সরব হয়েছে কংগ্রেস-সহ INDIA জোটের শরিক দলগুলি। বিরোধীদের দাবি, এই বিষয়গুলিতে হস্তক্ষেপ করে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও তুলেছে তারা।
সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের আবেদন খারিজ করে দেন। তাঁর বক্তব্য, ভোটার তালিকা ও SIR-সংক্রান্ত বিষয়গুলি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের বিচারাধীন। এই পরিস্থিতিতে প্রশাসনিক স্তরে বৈঠক করে বিচারাধীন মামলা নিয়ে আলোচনা করা ক্ষমতার পৃথকীকরণের নীতি এবং বিচারবিভাগীয় শিষ্টাচারের পরিপন্থী হতে পারে।
তবে প্রধান বিচারপতি স্পষ্ট করেছেন, নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় সুপ্রিম কোর্ট প্রতিশ্রুতিবদ্ধ। বিরোধীরা চাইলে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতের দ্বারস্থ হতে পারেন।
CJI-এর বৈঠকে অসম্মতির পরেও নিজেদের অবস্থান থেকে সরে আসতে নারাজ বিরোধীরা। তাদের বক্তব্য, ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের যে উদ্বেগ রয়েছে, তা সর্বোচ্চ স্তরে তুলে ধরা জরুরি।
এখন প্রশ্ন, প্রধান বিচারপতির সঙ্গে সরাসরি বৈঠক না হলেও বিরোধীদের অভিযোগ নিয়ে আদালতে পরবর্তী পদক্ষেপ কী হয়? রাজনৈতিক মহলের নজর আপাতত সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি এবং INDIA জোটের আন্দোলনের দিকেই।