নিউজ ডেস্ক: সোনিয়া গান্ধীর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আগেই ভোটার তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হয়েছিল কি না, সেই অভিযোগ ঘিরে নতুন করে তৎপরতা শুরু করল দিল্লি পুলিশ। আশির দশকের পুরনো নির্বাচনী নথি খতিয়ে দেখতে গিয়ে ১৯৮০ ও ১৯৮৩ সালের ভোটার তালিকায় কংগ্রেস নেত্রীর নাম থাকার তথ্য সামনে এসেছে। তবে কীভাবে তাঁর নাম তালিকায় উঠেছিল, সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি এখনও পুলিশের হাতে আসেনি। ফলে অভিযোগের নিষ্পত্তি হয়নি, বরং তদন্তে তৈরি হয়েছে নতুন প্রশ্ন।
দিল্লির একটি আদালতে এই অভিযোগের প্রেক্ষিতে শনিবার দুটি অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিয়েছে পুলিশ। অভিযোগে দাবি করা হয়েছিল, ১৯৮৩ সালে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার তিন বছর আগেই সোনিয়া গান্ধীর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখতে আদালত আগেই পুলিশকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি দিল্লির আইপি এস্টেট থানার এক্তিয়ারের মধ্যে পড়ে না। সেই কারণে অভিযোগটি নিউ দিল্লি জেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। পরে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য মামলাটি তুঘলক রোড থানায় স্থানান্তরিত করা হয়।
নথিতে মিলল নাম
পুলিশের জমা দেওয়া রিপোর্ট অনুযায়ী, নিউ দিল্লি জেলার জেলাশাসকের কাছে ১৯৮০ ও ১৯৮৩ সালের ভোটার তালিকা সংক্রান্ত তথ্য চেয়ে নোটিস পাঠানো হয়েছিল। জেলাশাসকের দফতর থেকে পাওয়া উত্তরে নিশ্চিত করা হয়েছে, ওই দুই বছরের নির্বাচনী তালিকায় সোনিয়া গান্ধীর নাম ছিল। কিন্তু তাঁর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য জমা দেওয়া ফর্ম ৬ এবং অন্যান্য প্রয়োজনীয় নথি এখনও খুঁজে পাওয়া যায়নি। সেগুলির অবস্থান জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
নাগরিকত্বের তারিখ
তদন্তের অংশ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ফরেনার্স ডিভিশনের কাছেও তথ্য চেয়ে নোটিস পাঠানো হয়েছিল। পুলিশের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, অ্যান্টোনিয়া মাইনো ওরফে সোনিয়া গান্ধীর নাগরিকত্বের শংসাপত্র ১৯৮৩ সালের ৩০ এপ্রিল ইস্যু করা হয়েছিল। অর্থাৎ, নাগরিকত্ব পাওয়ার আগের ভোটার তালিকায় তাঁর নাম কীভাবে অন্তর্ভুক্ত হয়েছিল, সেটিই এখন অভিযোগের মূল প্রশ্ন।
পুলিশের বক্তব্য, আরও বিস্তারিত তথ্য পাওয়া গেলে তদন্তের পরবর্তী পর্যায়ে বিষয়টি পরিষ্কার হতে পারে। অভিযোগকারীর পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী বিকাশ ত্রিপাঠী। মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৪ ডিসেম্বর।
তবে এখনও পর্যন্ত আদালতে জমা পড়া রিপোর্টে কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি। ভোটার তালিকায় নাম থাকার তথ্য সামনে এলেও সংশ্লিষ্ট আবেদনপত্র ও অন্যান্য নথি উদ্ধার না হওয়ায় অভিযোগের পূর্ণাঙ্গ সত্যতা যাচাই বাকি। তাই আগামী শুনানিতে পুলিশের তদন্ত কতদূর এগোল এবং পুরনো নথির হদিস মিলল কি না, সেদিকেই নজর থাকবে।




