নিউজ ডেস্ক: রাজনৈতিক মহলে ডিলিমিটেশন নিয়ে চর্চা ছিল বরাবরই। তারই মাঝে আরও একটি জল্পনা সৃষ্টি হল। যাকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। যদিও সমস্ত চর্চা ও জল্পনাকে একেবারেই উড়িয়ে দিয়েছেন সাংসদ পি ভি মিধুন রেড্ডি।
দেশের সংসদীয় রাজনীতিতে ডিলিমিটেশন বা লোকসভা কেন্দ্র পুনর্বিন্যাস নিয়ে বিতর্কের মধ্যেই গুরুত্বপূর্ণ অবস্থান জানাল ওয়াইএসআর কংগ্রেস পার্টি। প্রস্তাবিত ডিলিমিটেশন বিলকে সমর্থনের কথা জানিয়ে দলের সাংসদ পি ভি মিধুন রেড্ডি স্পষ্ট করেছেন, এই সমর্থনের পিছনে কোনও রাজনৈতিক সমীকরণ নেই। বরং অন্ধ্রপ্রদেশের সংসদীয় প্রতিনিধিত্ব সুরক্ষিত রাখা এবং মহিলাদের জন্য সংরক্ষণ কার্যকর করার স্বার্থেই তাঁদের এই অবস্থান।
ডিলিমিটেশন প্রক্রিয়ায় লোকসভার আসন ৫০ শতাংশ বাড়ানোর যে প্রস্তাব রাখা হয়েছে, তা তাঁদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ, সম্পূর্ণ জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করা হলে অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলির সংসদীয় প্রতিনিধিত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই আশঙ্কা থেকেই বিদ্যমান আসনসংখ্যার অনুপাতে ৫০ শতাংশ আসন বৃদ্ধির প্রস্তাবকে সমর্থন করছে তাঁদের দল।
তবে এই বিলকে সমর্থন করলেও বেশ কিছু বিষয়ে সতর্ক YSRCP। মিধুন রেড্ডির বক্তব্য, আসন পুনর্বিন্যাসের ফলে রাজ্যের অভ্যন্তরে নতুন করে কোনও আঞ্চলিক বৈষম্য তৈরি হওয়া উচিত নয়। অন্ধ্রপ্রদেশের তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চল রায়লসীমা, কোস্টাল অন্ধ্র এবং উত্তর অন্ধ্রের প্রতিনিধিত্বের ভারসাম্য বজায় রাখতে হবে। বিশেষ করে খরাপ্রবণ অঞ্চলগুলির সংসদীয় প্রতিনিধিত্ব যেন জনসংখ্যার পরিবর্তনের কারণে কমে না যায়, সেই দাবি তুলেছে দল।
মহিলা সংরক্ষণ নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন YSRCP সাংসদ। তাঁর কথায়, রাজনৈতিক ক্ষমতায় যে দলই থাকুক না কেন, মহিলাদের সংরক্ষণের পক্ষে তাঁদের দল বরাবরই সওয়াল করে এসেছে। অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় থাকার সময় স্থানীয় স্বশাসিত সংস্থাগুলিতেও মহিলাদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল বলে দাবি করেন তিনি।
একইসঙ্গে বিজেপির সঙ্গে রাজনৈতিক ঘনিষ্ঠতার জল্পনাও খারিজ করেছেন মিধুন রেড্ডি। তাঁর বক্তব্য, একাধিক বিষয়ে বিজেপির সমালোচনা করেছে YSRCP। এমনকি নির্বাচনী প্রক্রিয়া এবং ইভিএম নিয়েও সংসদে প্রশ্ন তুলেছে দল। ফলে ডিলিমিটেশন বিলকে সমর্থন করার অর্থ বিজেপির সঙ্গে রাজনৈতিক সমঝোতা নয়। তাঁদের মূল লক্ষ্য অন্ধ্রপ্রদেশের স্বার্থ রক্ষা করা।
সব মিলিয়ে, ডিলিমিটেশন ইস্যুতে বিরোধী শিবিরের একাংশের আপত্তির মধ্যেই YSRCP-র এই অবস্থান জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল। আগামী দিনের প্রভাব কোন দিকে পড়ে সেটাই এখন দেখার বিষয়।




