হাবিবুর রহমান, ঢাকা: মহাষষ্ঠীতে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে বাংলাদেশে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। শুক্রবার সকাল থেকে ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ বিভিন্ন মন্দিরে চলছে পূজার্চনা। উৎসবে ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মণ্ডপগুলো।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর দেশজুড়ে উদযাপিত হচ্ছে রেকর্ড সংখ্যক দুর্গাপূজা। এবার সারা বাংলাদেশে মোট ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের চেয়ে ৪৯৬টি বেশি। তবে ঢাকা মহানগরীতে রাস্তার ওপর পূজা আয়োজনের অনুমতি না পাওয়ায় মণ্ডপের সংখ্যা ৩টি কমে দাঁড়িয়েছে ২৫৮টিতে। শুধু ঢাকা মহানগরীতে ২৫৭ পূজ মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সপ্তমীর তিথি দুদিন হওয়ায় এবার উৎসব চলবে ছয় দিন। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব। নিরাপত্তা নিশ্চিত করতে মণ্ডপগুলোতে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করেছে প্রশাসন।
এদিকে, শুক্রবার থেকে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। ইতোমধ্যে রাজধানীর পুজামণ্ডপগুলো সেজেছে নানা রঙে। এই উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনও ধরনের অনাকঙ্ক্ষিত পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে জন্য যেকোনও আশঙ্কাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। শুক্রবার শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে এসব বলেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।




