নিউজ ডেস্ক: কখনও লোকালয়ে ঢুকে পড়া, কখনও ফসলের ক্ষতি, আবার কখনও মানুষের উপর হামলার অভিযোগ। কেরলের ইদুক্কি জেলার চিন্নাকানালে দীর্ঘদিন ধরেই আতঙ্কের অন্য নাম বুনো হাতি ‘চাক্কাকোম্বন’। হাতিটির গতিবিধি নিয়ে উদ্বেগ বাড়ছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে এ বার বিশেষ অভিযানে নামল বন দফতর। লক্ষ্য, বুনো হাতিটিকে খুঁজে বার করে ঘুমপাড়ানি গুলি ছুড়ে বশে আনা এবং তার গলায় বসানো স্যাটেলাইট-সক্ষম রেডিয়ো কলার। সেই কাজে ওয়েনাড়ের মুথঙ্গা থেকে নিয়ে আসা হয়েছে ২টি প্রশিক্ষিত কুনকি হাতি। নিরাপত্তার কারণে চিন্নাকানাল পঞ্চায়েতের ৬টি ওয়ার্ডে জারি হয়েছে একাধিক বিধিনিষেধ। বন্ধ রাখা হয়েছে স্কুল-সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও।
বুধবার সকাল থেকেই শুরু হয়েছে ‘মিশন চাক্কাকোম্বন’। বন দফতরের পরিকল্পনা অনুযায়ী, প্রথমে হাতিটির অবস্থান নিশ্চিত করে তাকে এমন একটি খোলা জায়গায় নিয়ে আসা হবে, যেখানে ঘুমপাড়ানি গুলি ছুড়তে গিয়ে কোনও বিপদের আশঙ্কা থাকবে না। বিশেষ করে কাছাকাছি জলাশয়, খাড়া পাহাড়ি ঢাল বা ঘন জঙ্গল থাকলে অভিযান কঠিন হয়ে উঠতে পারে। কারণ, ঘুমপাড়ানি ওষুধের প্রভাবে হাতিটি কিছুক্ষণের জন্য ভারসাম্য হারাতে পারে। আবার গুলি ছোড়ার পর আতঙ্কিত হয়ে ছুটতে শুরু করলেও দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই জায়গা বাছাই থেকে শুরু করে হাতিটির গতিবিধি পর্যবেক্ষণ—প্রতিটি পদক্ষেপে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।
https://x.com/PTI_News/status/2125478201988399422?a=TvW5IT4RQ11MctRVdmU&s=20
এই অভিযানে সাহায্য করছে ২টি কুনকি হাতি—বিক্রম এবং ভারত। ওয়েনাড়ের মুথঙ্গা হাতি শিবির থেকে তাদের আনা হয়েছে চিন্নাকানালে। কুমকি হাতি হল প্রশিক্ষিত হাতি, যাদের বুনো হাতিকে নিয়ন্ত্রণ করা, কাছে যাওয়া কিংবা প্রয়োজনীয় অভিযানে সহায়তার জন্য ব্যবহার করা হয়। বন দফতরের কর্মীরা জানিয়েছেন, চাক্কাকোম্বনকে নিরাপদ দূরত্ব থেকে ঘিরে রাখা এবং উপযুক্ত জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই ২ হাতির ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। এর আগে কেরলে অন্য এক বুনো হাতি ‘অরিকোম্বন’-কে সরানোর অভিযানেও কুনকি হাতি ব্যবহার করা হয়েছিল।
চিন্নাকানাল এলাকায় চাক্কাকোম্বনের গতিবিধি নিয়ে বন দফতরের নজরদারি বেশ কিছু দিন ধরেই চলছে। হাতিটি কখনও বসতি এলাকায় ঢুকে পড়ছে, কখনও আবার জঙ্গলের ভিতরে চলে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, কাঁঠাল খুঁজতে প্রায়ই লোকালয়ে চলে আসে সে। সেই সূত্রেই তার নাম হয়েছে চাক্কাকোম্বন। চিন্নাকানালের ৩০১ কলোনি এবং আশপাশের এলাকায় হাতিটির উপস্থিতি নিয়ে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। সম্প্রতি হাতিটির গতিবিধি ঘিরে স্থানীয়দের ক্ষোভও প্রকাশ্যে এসেছে। তাঁদের দাবি, শুধু নজরদারি করে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। হাতিটিকে জনবসতি থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে।
তবে বন দফতর আপাতত সরাসরি অন্যত্র সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়নি। প্রথম পর্যায়ে হাতিটিকে রেডিয়ো কলার পরিয়ে তার গতিবিধির উপর নজরদারি বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। বনমন্ত্রী শিবু বেবি জন জানিয়েছেন, রেডিয়ো কলারের মাধ্যমে হাতিটি কোন দিকে যাচ্ছে, কখন লোকালয়ের দিকে এগোচ্ছে, তা আগাম জানা সম্ভব হবে। সেই অনুযায়ী বনকর্মীরা সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারবেন। পরিস্থিতি পর্যবেক্ষণের পরেও যদি হাতিটির কারণে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয়, তবে অন্যত্র সরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে। তবে সে ক্ষেত্রে আইনি অনুমতি প্রয়োজন। কেরল হাইকোর্টের অনুমতি ছাড়া হাতিটিকে অন্যত্র সরানো সম্ভব নয় বলেও জানানো হয়েছে।
অভিযানের প্রস্তুতি হিসাবে ইদুক্কি জেলা প্রশাসন চিন্নাকানাল পঞ্চায়েতের ১, ২, ৯, ১০, ১১ এবং ১২ নম্বর ওয়ার্ডে বিশেষ বিধিনিষেধ জারি করেছে। ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ওই এলাকাগুলিতে পর্যটন সংক্রান্ত কার্যকলাপ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হাতিটিকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে ধরার অভিযান চলাকালীন জনসমাগম এড়াতেই এই সিদ্ধান্ত। ২৫ নভেম্বর ওই ৬টি ওয়ার্ডের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানেও ছুটি ঘোষণা করা হয়েছে। অঙ্গনওয়াড়ি, স্কুল, পেশাদার শিক্ষাপ্রতিষ্ঠান এবং টিউশন সেন্টারও এই নির্দেশের আওতায় রয়েছে।
অভিযান চলাকালীন নির্দিষ্ট এলাকায় ব্যক্তিগত ড্রোন ওড়ানো, নাইট ক্যামেরা ব্যবহার এবং ক্যামেরা ট্র্যাপ বসানোর উপরেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। ইউটিউবার বা সাধারণ মানুষ যাতে অভিযানের ছবি তুলতে গিয়ে ঘটনাস্থলে ভিড় না করেন, সে দিকেও নজর রাখছে প্রশাসন। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্য নির্দিষ্ট নিরাপদ এলাকা রাখা হয়েছে। হাতিটির অবস্থান এবং পরিস্থিতি বিবেচনা করে পরে ছবি তোলার অনুমতি দেওয়া হতে পারে।
শুধু বন দফতর নয়, গোটা অভিযানে যুক্ত করা হয়েছে জেলা প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য দফতর এবং দমকলকেও। জরুরি পরিস্থিতির মোকাবিলায় একাধিক হাসপাতালে চিকিৎসক, নার্স এবং অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা রাখা হয়েছে। চিন্নাকানাল ফ্যামিলি হেলথ সেন্টার, আদিমালি তালুক হাসপাতাল, সান্থানপাড়া ফ্যামিলি হেলথ সেন্টার, দেবিকুলাম কমিউনিটি হেলথ সেন্টার এবং মুন্নারের টাটা টি হাই রেঞ্জ হাসপাতালে জরুরি চিকিৎসার প্রস্তুতি রাখা হয়েছে। হাতিটি ঘুমপাড়ানি ওষুধের প্রভাবে অসুস্থ হয়ে পড়লে বা কোনও কর্মী আহত হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করাই এর উদ্দেশ্য।
চাক্কাকোম্বনকে ঘিরে এই অভিযান কেরলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাতের বৃহত্তর সমস্যাকেও সামনে এনে দিয়েছে। ইদুক্কির চিন্নাকানাল ও আশপাশের পাহাড়ি এলাকায় হাতির চলাচলের পথের কাছেই রয়েছে বসতি, চাষের জমি এবং পর্যটনকেন্দ্র। ফলে হাতির স্বাভাবিক বিচরণক্ষেত্র ও মানুষের বসতির মধ্যে সংঘাত বাড়ছে। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বন্যপ্রাণীর জীবনও রক্ষা করা বন দফতরের কাছে বড় চ্যালেঞ্জ।
এখন নজর একটাই—নিরাপদে চাক্কাকোম্বনকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে রেডিয়ো কলার পরানো যায় কি না। বন দফতরের আশা, এই প্রযুক্তির সাহায্যে হাতিটির গতিবিধি আগাম জানা গেলে লোকালয়ে ঢুকে পড়ার আগেই সতর্ক করা সম্ভব হবে। তবে অভিযান সফল হলেও চিন্নাকানালের মানুষ-হাতি সংঘাতের স্থায়ী সমাধান কতটা সম্ভব, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।




