বিনোদন ডেস্ক: পোশাক কি শুধু শরীর ঢাকার মাধ্যম, নাকি মানুষের ব্যক্তিগত স্বাধীনতারও একটি গুরুত্বপূর্ণ অংশ? একজন নারী কী পরবেন, কী পরবেন না, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আসলে কার? পরিবার, সমাজ, ধর্মীয় প্রতিষ্ঠান, রাষ্ট্র—নাকি সেই নারীর নিজের? এই প্রশ্নগুলোই নতুন করে সামনে এনেছেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমি।
সম্প্রতি একটি পডকাস্টে বোরখা ও নারীর পোশাকের স্বাধীনতা নিয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেছেন তিনি, যা ভারতীয় সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। “আমি বোরখা পরি না। কিন্তু কেউ যদি আমাকে বোরখা পরতে নিষেধ করে, তাহলে তিনটি বোরখা পরব। আমাকে নিষেধ করার তুমি কে?” ঊষা কাকাডের সঙ্গে কথোপকথনে শাবানা আজমি নিজের এই অবস্থান তুলে ধরেন। তাঁর বক্তব্যের কেন্দ্রে ছিল একটি বিষয়—কোনো নারীকে যেমন নির্দিষ্ট পোশাক পরতে বাধ্য করা উচিত নয়, তেমনি তাঁর পছন্দের পোশাক পরা থেকেও বিরত রাখা উচিত নয়।
তবে শুধু পোশাক নির্বাচনের স্বাধীনতাই নয়, ধর্মীয় অনুশাসনের ব্যাখ্যা নিয়েও নিজের মতামত জানিয়েছেন এই অভিনেত্রী। শাবানা বলেন, তাঁর ব্যাখ্যায় কোরআনে নারীদের নির্দিষ্ট ধরনের বোরখা পরার নির্দেশ নেই। বরং শালীনতা ও সংযমের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যা নারী-পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য। ধর্মীয় শিক্ষার ভুল ব্যাখ্যার মাধ্যমে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা হয় বলেও অভিযোগ করেন তিনি। অবশ্য পর্দা ও পোশাকের ধর্মীয় বিধান নিয়ে ইসলামী চিন্তাবিদদের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। শাবানার বক্তব্যটি সেই আলোচনায় তাঁর ব্যক্তিগত অবস্থান। এ ধরনের বিতর্কে শাবানা আজমির অংশগ্রহণ নতুন নয়।
২০২২ সালে ভারতের কর্ণাটকে হিজাব বিতর্কের সময়ও প্রকাশ্যে কথা বলেছিলেন তিনি। সে বছর উদুপির একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কয়েকজন মুসলিম শিক্ষার্থীকে হিজাব পরে শ্রেণিকক্ষে প্রবেশ করতে না দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। সেই সময় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত হিজাব ও নারীর স্বাধীনতা নিয়ে মন্তব্য করলে শাবানা তার জবাব দেন। ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র—এই সাংবিধানিক পরিচয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি ধর্মীয় স্বাধীনতার প্রশ্নটি সামনে আনেন। শাবানা আজমির ব্যক্তিগত জীবনেও স্বাধীন চিন্তার প্রভাব স্পষ্ট।
১৯৫০ সালে ভারতের হায়দরাবাদে জন্ম নেওয়া এই অভিনেত্রীর বাবা ছিলেন বিখ্যাত কবি ও গীতিকার কাইফি আজমি। মা শওকত আজমিও ছিলেন অভিনয়জগতের পরিচিত মুখ। ১৯৭৪ সালে শ্যাম বেনেগালের ‘অঙ্কুর’ সিনেমার মাধ্যমে অভিনয়জীবনে গুরুত্বপূর্ণ সূচনা করেন শাবানা। এরপর ‘অর্থ’, ‘পার’, ‘স্পর্শ’ ও ‘গডমাদার’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন অভিনয়ের বাইরেও নারী অধিকার, সামাজিক সমতা ও প্রান্তিক মানুষের অধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। ১৯৯৭ সালে ভারতের রাজ্যসভার মনোনীত সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন শাবানা। সংসদে নারী, শিশু ও সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছেন।
এবার বোরখা নিয়ে তাঁর মন্তব্যও সেই দীর্ঘদিনের সামাজিক অবস্থানের ধারাবাহিকতা। শাবানার বক্তব্যের মূল বার্তা—কোনো নারী বোরখা পরবেন কি পরবেন না, তা তাঁর নিজের সিদ্ধান্ত হওয়া উচিত। অন্য কেউ সেই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অধিকার রাখেন না। কারণ ব্যক্তিগত স্বাধীনতার প্রকৃত অর্থ শুধু নিজের পছন্দমতো জীবনযাপন করা নয়, অন্য মানুষের ভিন্ন পছন্দকেও সম্মান করতে পারা।




