নিউজ ডেস্ক: কথা বলতে হবে না, দরকার নেই কোনও বাক্য বিনিময়েরও। শুধু আঙুলের ইশারা, মেনুতে দেখিয়ে দেওয়া আর একগাল হাসি। এ ভাবেই খাবারের অর্ডার নেওয়া হয় চিনের এক অভিনব রেস্তরাঁয়। শুধু ব্যতিক্রমী পরিষেবা নয়, মানবিকতার নজির গড়েও নেটদুনিয়ার মন জয় করে নিয়েছে এই খাবারের দোকান।
চিনের শানসি প্রদেশের তাইইউয়ান শহরে রয়েছে ‘চাওশান ডেফ সিস্টার’ নামে এই রেস্তরাঁ। সেটি চালান ইয়িন ইং এবং তাঁর স্বামী ফেং ইয়াবিন। দু’জনেই শ্রবণপ্রতিবন্ধী। ফলে তাঁদের রেস্তরাঁয় কথা বলে অর্ডার দেওয়ার কোনও বাধ্যবাধকতা নেই। ক্রেতারা হাতের ইশারায়, মেনুতে আঙুল দিয়ে দেখিয়ে অথবা চিনা সাংকেতিক ভাষার চার্ট ব্যবহার করে খাবার বেছে নিতে পারেন। এই রেস্তরাঁর বিশেষত্ব ভাপানো রাইস রোল।

শুধু নিজেদের জন্যই নয়, অন্য শ্রবণপ্রতিবন্ধী মানুষদের কাজের সুযোগ করে দিতেও উদ্যোগী এই দম্পতি। তাঁদের রেস্তরাঁয় কর্মী হিসাবেও রয়েছেন শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিরা। এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছে, যেখানে শারীরিক প্রতিবন্ধকতা কাজের পথে বাধা হয়ে দাঁড়ায় না।
তবে এই দম্পতির মানবিকতার পরিচয় শুধু কর্মসংস্থানেই সীমাবদ্ধ নয়। যাঁদের খাবার কেনার সামর্থ্য নেই, তাঁদের বিনামূল্যে খাবারও দেন তাঁরা। সেই তালিকায় রয়েছেন শ্রবণপ্রতিবন্ধী পড়ুয়া এবং সাফাইকর্মীরাও।

‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এই রেস্তরাঁয় গিয়ে খাবারের দাম দেওয়ার মতো টাকা নেই বলে জানান। তাঁর কথা শুনে ওই দম্পতি শুধু বিনামূল্যে খাবারই দেননি, কাউন্টারে থাকা নিজেদের টাকাও তাঁকে দিতে চেয়েছিলেন। তাঁদের এই উদারতায় আপ্লুত হয়ে ওই ব্যক্তি সমাজমাধ্যমে দম্পতির কাহিনি তুলে ধরেন। এমনকী তাঁদের একটি প্রতিকৃতিও তৈরি করেন।
এর পর থেকেই রেস্তরাঁটি নিয়ে আগ্রহ ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। প্রমাণ হয়েছে, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের জন্য সব সময় ভাষার প্রয়োজন হয় না। কখনও কখনও একটি হাসি আর সামান্য সহমর্মিতাই অনেক বেশি অর্থবহ হয়ে উঠতে পারে।




