নয়াদিল্লি: কোনও রাজ্যে কতগুলি লোকসভা আসন থাকবে, কোন এলাকার ভোটার কোন কেন্দ্রে ভোট দেবেন, কোথায় সংরক্ষিত আসন থাকবে—এই সবকিছুর ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন। সাধারণভাবে জনসংখ্যার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্বাচনী কেন্দ্রের সীমানা নতুন করে নির্ধারণ করাই এই প্রক্রিয়ার উদ্দেশ্য। কিন্তু ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সেই ডিলিমিটেশন ঘিরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। বিরোধীদের আশঙ্কা, শুধু রাজ্যভিত্তিক আসনসংখ্যা নয়, কেন্দ্রগুলির সীমানা বদলেও নির্বাচনের অঙ্কে বড় প্রভাব পড়তে পারে। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি শব্দ, ‘জেরিম্যান্ডারিং’।
ডিলিমিটেশন বলতে মূলত নির্বাচনী কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ বোঝায়। জনসংখ্যার পরিবর্তনের ফলে কোনও কেন্দ্রে ভোটারের সংখ্যা অনেক বেড়ে গেলে এবং অন্য কেন্দ্রে তুলনায় কম থাকলে প্রতিনিধিত্বের ভারসাম্য নষ্ট হতে পারে। সেই অসামঞ্জস্য দূর করতেই নির্দিষ্ট সময় অন্তর আসন পুনর্বিন্যাসের ব্যবস্থা রয়েছে। ভারতের সংবিধানের ৮২ নম্বর অনুচ্ছেদে লোকসভা আসন পুনর্বিন্যাসের বিধান রয়েছে। ৮১ নম্বর অনুচ্ছেদে রাজ্যগুলির জনসংখ্যার অনুপাতে প্রতিনিধিত্বের নীতির কথা বলা হয়েছে। এই কাজের জন্য গঠিত হয় ডিলিমিটেশন কমিশন।
কারা ঠিক করেন নির্বাচনী কেন্দ্রের সীমানা?
ভারতে ডিলিমিটেশন কমিশন একটি উচ্চক্ষমতাসম্পন্ন সংস্থা। রাষ্ট্রপতি এই কমিশন গঠন করেন। সাধারণত সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কমিশনের চেয়ারম্যান হন। পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার অথবা তাঁর মনোনীত নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্ট রাজ্যের রাজ্য নির্বাচন কমিশনারও এর সদস্য থাকেন।
স্বাধীনতার পর ১৯৫২, ১৯৬৩, ১৯৭৩ এবং ২০০২ সালে ডিলিমিটেশন কমিশন গঠিত হয়েছিল। কমিশনের নির্দেশ কার্যকর হলে তার আইনি ক্ষমতা থাকে। রাষ্ট্রপতি নির্দিষ্ট তারিখে সেই নির্দেশ কার্যকর করেন। সংসদ ও সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভায় কমিশনের নির্দেশের অনুলিপি পেশ করা হলেও আইনসভাগুলি তা পরিবর্তন করতে পারে না। কমিশনের নির্দেশ আদালতেও চ্যালেঞ্জ করা যায় না। ফলে কমিশনের নিরপেক্ষতা এবং সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কী এই জেরিম্যান্ডারিং?
নির্বাচনী কেন্দ্রের সীমানা এমনভাবে তৈরি করা, যাতে কোনও একটি রাজনৈতিক দল ভোটের অনুপাতে যত আসন পাওয়ার কথা, তার তুলনায় বেশি আসন পেতে পারে, তাকেই বলা হয় জেরিম্যান্ডারিং। অর্থাৎ, ভোটারের সংখ্যা না বদলিয়েও তাঁদের কোন কেন্দ্রে রাখা হচ্ছে, সেই সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলার আশঙ্কা তৈরি হতে পারে। এই পদ্ধতির দু'টি পরিচিত কৌশল রয়েছে।
প্রথমটি ‘প্যাকিং’। এতে বিরোধী দলের সমর্থকদের একটি বা কয়েকটি কেন্দ্রে গাদাগাদি করে রাখা হয়। ফলে ওই দল সেই কেন্দ্রগুলিতে বিপুল ভোটে জিতলেও আশপাশের অনেক কেন্দ্রে তাদের প্রভাব কমে যায়।
দ্বিতীয়টি ‘ক্র্যাকিং’। এতে কোনও একটি রাজনৈতিক দলের শক্তিশালী ভোটব্যাঙ্ককে একাধিক কেন্দ্রে ভাগ করে দেওয়া হয়। ফলে প্রতিটি কেন্দ্রেই সেই ভোটাররা সংখ্যালঘু হয়ে পড়েন। তাঁদের পছন্দের প্রার্থীকে জেতানো কঠিন হয়ে যায়।
জেরিম্যান্ডারিং শব্দটির উৎপত্তি আমেরিকায় ১৮১২ সালে। ম্যাসাচুসেটসের তৎকালীন গভর্নর এলব্রিজ জেরির নামের সঙ্গে স্যালামান্ডার শব্দটি মিলিয়ে তৈরি হয়েছিল এই নাম। তাঁর সময় নির্বাচনী কেন্দ্রের এমন সীমানা নির্ধারণ করা হয়েছিল, যার ফলে একটি কেন্দ্রের আকৃতি স্যালামান্ডারের মতো দেখতে হয়েছিল বলে সংবাদপত্রে কার্টুন প্রকাশিত হয়। সেখান থেকেই শব্দটির প্রচলন।
অসমের ডিলিমিটেশন নিয়ে বিতর্ক
ভারতে নির্বাচনী সীমানা পরিবর্তনের উদাহরণ হিসেবে অসমের ২০২৩ সালের ডিলিমিটেশন প্রক্রিয়ার কথা তুলে ধরছেন বিরোধীরা।
সেই প্রক্রিয়ায় অসমের বিধানসভা আসনসংখ্যা ১২৬-ই রাখা হয়েছিল। কিন্তু কেন্দ্রগুলির সীমানা এবং বণ্টনে পরিবর্তন আসে। বরাক উপত্যকায় আসনসংখ্যা ১৫ থেকে কমে ১৩ হয়। বরপেটায় আটটি কেন্দ্র কমে ছয়টি হয়। অন্য দিকে, বোড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়নে আসনসংখ্যা ১১ থেকে বেড়ে ১৫ হয়।
সংরক্ষিত আসনের ক্ষেত্রেও পরিবর্তন হয়েছিল। তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসন আট থেকে বেড়ে ন'টি এবং তফসিলি উপজাতির জন্য সংরক্ষিত আসন ১৬ থেকে বেড়ে ১৯টি হয়। এই পরিবর্তনে ভোটারদের ভৌগোলিক বিন্যাসও বদলে যায়। একটি বিশ্লেষণে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিধানসভা কেন্দ্রের সংখ্যা প্রায় ৩৫ থেকে কমে ২৪ হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। কংগ্রেস এবং এআইইউডিএফের প্রভাব রয়েছে এমন এলাকাগুলির নির্বাচনী সমীকরণেও এর প্রভাব পড়ে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।
তবে কেন্দ্রীয় যুক্তি ছিল, নির্বাচনী কেন্দ্রগুলির মধ্যে ভোটারের সংখ্যার ব্যবধান কমিয়ে প্রতিনিধিত্বের ভারসাম্য তৈরি করা। ক্ষুদ্রতম ও বৃহত্তম কেন্দ্রের ভোটার সংখ্যার ব্যবধান ৩.৫৪ গুণ থেকে কমে ৩.১৫ গুণ হয়েছিল। ফলে সীমানা পরিবর্তনের রাজনৈতিক প্রভাব থাকলেও সেটিই যে উদ্দেশ্য ছিল, এমন প্রমাণ আলাদা করে প্রয়োজন।
লোকসভার আসন বাড়লেই কি বিতর্ক মিটবে?
বর্তমান বিতর্কের আর একটি গুরুত্বপূর্ণ দিক হল লোকসভার আসনসংখ্যা বৃদ্ধি। কেন্দ্রের প্রস্তাব অনুযায়ী, লোকসভার আসন ৫০ শতাংশ বাড়িয়ে ৫৪৩ থেকে ৮১৬ করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে রাজ্যগুলির বর্তমান আপেক্ষিক আসন-অনুপাত ২৫ বছর, অর্থাৎ ২০৫১ সাল পর্যন্ত বজায় রাখার প্রস্তাবও আলোচনায় এসেছে।
প্রস্তাব অনুযায়ী, রাজ্যগুলির মধ্যে আসনের আপেক্ষিক ভাগাভাগি ১৯৭১ সালের জনসংখ্যার ভিত্তিতে বজায় থাকবে। অন্য দিকে, রাজ্যের ভিতরে নির্বাচনী কেন্দ্রগুলির সীমানা পুনর্নির্ধারণে ২০১১ সালের জনগণনার তথ্য ব্যবহার করার কথা বলা হয়েছে। এই প্রস্তাবের সঙ্গে মহিলা সংরক্ষণ আইন কার্যকরের বিষয়টিও যুক্ত। লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা কার্যকর করার লক্ষ্য রয়েছে।
কিন্তু বিরোধীদের বক্তব্য, রাজ্যগুলির আপেক্ষিক আসনসংখ্যা বজায় রাখার আশ্বাসই যথেষ্ট নয়। কারণ, মোট আসন বাড়লে রাজ্যগুলির মধ্যে সাংসদ সংখ্যার নিরঙ্কুশ ব্যবধানও বাড়তে পারে। পাশাপাশি রাজ্যের ভিতরে নির্বাচনী সীমানা কীভাবে নির্ধারিত হবে, সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাজ্যগুলির প্রতিনিধিত্ব, নির্বাচনী কেন্দ্রের সীমানা এবং কমিশনের নিরপেক্ষতা—এই তিনটি বিষয়কে ঘিরেই এখন ডিলিমিটেশন বিতর্ক আবর্তিত হচ্ছে। আসন পুনর্বিন্যাসের উদ্দেশ্য একদিকে জনসংখ্যার অনুপাতে প্রতিনিধিত্বের ভারসাম্য তৈরি করা, অন্য দিকে নির্বাচনী মানচিত্রের পরিবর্তনের ফলে রাজনৈতিক সমীকরণেও প্রভাব পড়তে পারে। তাই আগামী দিনে এই প্রক্রিয়ার নিয়ম, তথ্য এবং স্বচ্ছতা নিয়েই সংসদে বিতর্ক আরও বাড়ার সম্ভাবনা।




