বিশেষ প্রতিবেদন: ক্রমশ অন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা। অথচ সেই রোগের চিকিৎসাতেই এবার নতুন আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানীরা। মাত্র একবার ইঞ্জেকশন দিয়েই ফিরিয়ে আনা যেতে পারে দৃষ্টিশক্তি! উত্তরাধিকারসূত্রে পাওয়া রেটিনার এক জটিল রোগের চিকিৎসায় এমনই একটি জিন থেরাপি তৈরি করেছেন আমেরিকার বিজ্ঞানীরা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই চিকিৎসার সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের নামও। ওড়িশার কটকের একটি হাসপাতালে হয়েছিল এই চিকিৎসার প্রথম মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ। প্রাথমিক ফলাফলে আশাব্যঞ্জক সাফল্য মিলেছে বলে দাবি গবেষকদের।
রোগটির নাম রেটিনাইটিস পিগমেন্টোসা (আরপি)। এটি একটি বংশগত চোখের অসুখ। এই রোগে চোখের রেটিনার আলো সংবেদনশীল কোষগুলি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। প্রথম দিকে রাতের অন্ধকারে দেখতে অসুবিধা হয়। পরে চোখের দৃষ্টির পরিসর ক্রমশ সংকুচিত হতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় দৃষ্টিশক্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক ক্ষেত্রে শেষ পর্যন্ত রোগী প্রায় সম্পূর্ণ অন্ধ হয়ে যান।
বিশ্বজুড়ে প্রতি ৪,০০০ জনের মধ্যে একজন এই রোগে আক্রান্ত বলে অনুমান। ভারতে আক্রান্তের হার আরও বেশি। প্রতি ১,০০০ জনে একজনের এই রোগ রয়েছে বলে গবেষকদের হিসাব। অর্থাৎ, দেশে ১০ লক্ষেরও বেশি মানুষ রেটিনাইটিস পিগমেন্টোসায় আক্রান্ত হতে পারেন।
কীভাবে কাজ করবে এক ইঞ্জেকশন?
আমেরিকার ডালাসের ন্যানোস্কোপ থেরাপিউটিক্স সংস্থা তৈরি করেছে MOGENRY (MCO-010) নামে একটি অপটোজেনেটিক জিন থেরাপি। এই পদ্ধতিতে চোখের এমন কিছু কোষকে আলো শনাক্ত করার ক্ষমতা দেওয়া হয়, যেগুলি রোগের কারণে এখনও সম্পূর্ণ নষ্ট হয়নি।
সাধারণত রেটিনার ফটোরিসেপ্টর কোষ আলো গ্রহণ করে মস্তিষ্কে বৈদ্যুতিক সংকেত পাঠায়। রেটিনাইটিস পিগমেন্টোসায় এই কোষগুলি নষ্ট হয়ে গেলে স্বাভাবিক দৃষ্টিপ্রক্রিয়া ব্যাহত হয়। নতুন চিকিৎসায় সেই হারিয়ে যাওয়া কোষগুলিকে সরাসরি ফিরিয়ে আনার পরিবর্তে রেটিনার বেঁচে থাকা অন্য কোষগুলিকে আলো সংবেদনশীল করে তোলার চেষ্টা করা হচ্ছে।
এই উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে বিশেষভাবে তৈরি আলো সংবেদনশীল প্রোটিন। জিন থেরাপির মাধ্যমে সেই প্রোটিন তৈরির নির্দেশ রেটিনার বেঁচে থাকা কোষগুলিতে পৌঁছে দেওয়া হয়। ফলে ক্ষতিগ্রস্ত ফটোরিসেপ্টর কোষের পরিবর্তে অন্য কোষগুলি আলো শনাক্ত করে মস্তিষ্কে সংকেত পাঠাতে পারে। চিকিৎসাটি চোখের ভিতরে একবার ইঞ্জেকশনের মাধ্যমে প্রয়োগ করার পরিকল্পনা করা হয়েছে। এর জন্য বারবার ইঞ্জেকশন বা জটিল অস্ত্রোপচারের প্রয়োজন হবে না বলে সংস্থার দাবি।
ভারতেই হয়েছিল প্রথম মানবদেহে পরীক্ষা
এই গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী সৌরভ মহান্তি। চিকিৎসাটির গুরুত্বপূর্ণ পরীক্ষার পদ্ধতি তৈরিতে তাঁর ভূমিকা রয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সৌরভের উচ্চশিক্ষা টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব হিউস্টনে।
ওড়িশার কটকের জেপিএম রোটারি ক্লাব আই হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে এই চিকিৎসার প্রথম মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ হয়েছিল। সৌরভের দাবি, উচ্চমাত্রার চিকিৎসা পাওয়া আট জন রোগীর মধ্যে সাত জনের দৃষ্টিশক্তিতে পরিমাপযোগ্য উন্নতি দেখা গিয়েছে।
বর্তমানে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ-র অনুমোদনের অপেক্ষায় রয়েছে MOGENRY। ২০২৬ সালের অগস্টে সংস্থার জমা দেওয়া বায়োলজিক্স লাইসেন্স আবেদন গ্রহণ করেছে মার্কিন নিয়ন্ত্রক সংস্থা। তবে চূড়ান্ত অনুমোদন এখনও মেলেনি। এ ছাড়াও ইউরোপ, জাপান এবং সৌদি আরবে বিরল রোগের চিকিৎসা হিসেবে বিশেষ স্বীকৃতি পেয়েছে এই থেরাপি।
শুধু রেটিনাইটিস নয়, অন্য রোগেও সম্ভাবনা
বিজ্ঞানীদের আশা, ভবিষ্যতে এই প্রযুক্তি বয়সজনিত চোখের রোগের চিকিৎসাতেও কাজে লাগতে পারে। বিশেষ করে অ্যাডভান্সড এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বা বয়সের কারণে রেটিনার কেন্দ্রীয় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার চিকিৎসা নিয়ে গবেষণা চলছে।
তবে বিশেষজ্ঞদের সতর্কবার্তা, প্রাথমিক পরীক্ষার সাফল্য মানেই চিকিৎসাটি সব রোগীর ক্ষেত্রে কার্যকর হবে, এমন নয়।
বৃহত্তর পরিসরে পরীক্ষা এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন। তবু যে রোগে এতদিন দৃষ্টিশক্তি হারানো কার্যত অনিবার্য বলে মনে করা হত, সেখানে একবারের ইঞ্জেকশনে দৃষ্টিশক্তি ফেরানোর সম্ভাবনা চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্ত খুলে দিতে পারে। ভারতের লক্ষাধিক রোগীর কাছেও তাই এই গবেষণা বিশেষ আশার খবর।




