নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে বিদেশে বসে ভারতের রাজনীতি, জননীতি এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে ভিডিও তৈরি করেছেন ইউটিউবার ধ্রুব রাঠি। তাঁর বক্তব্য নিয়ে যেমন আলোচনা হয়েছে, তেমনই তাঁকে ঘিরে তৈরি হয়েছে বিতর্কও। তবে এবার শুধুমাত্র অনলাইন দুনিয়ায় সীমাবদ্ধ না থেকে সরাসরি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার ঘোষণা করে নতুন করে আলোচনায় শীর্ষে এই জনপ্রিয় ইউটিউবার। তাঁর ভারতে ফেরার খবর এবং প্রতিবাদে যোগ দেওয়ার বার্তা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।
সম্প্রতি ধ্রুব রাঠির ভারতে আসার ঘোষণা-সংক্রান্ত একটি ইনস্টাগ্রাম ভিডিওতে প্রায় ৬৪ লক্ষ লাইক এবং ১ লক্ষ ২৫ হাজারেরও বেশি মন্তব্য এসেছিল। ককক্রোচ জনতা পার্টি বা CJP-র প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অভিজিৎ দীপকের শেয়ার করা ভিডিওতে প্রথমে একটি চমকের ইঙ্গিত দেওয়া হয়। এরপরই পর্দায় দেখা যায় ধ্রুব রাঠিকে।
https://www.instagram.com/reel/DeMwhUAggN5/?mdxt=MXY5bzlkd3JlZDRpaQ==
ভিডিওতে রাঠি বলেন, গণতন্ত্র রক্ষার লড়াইয়ে সবাইকে সামিল হওয়া প্রয়োজন। সেই সঙ্গে ৮ অক্টোবর বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে এবং ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। বেঙ্গালুরুর কর্মসূচিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তোলা হয়েছিল।
প্রতিবাদে যোগ দেওয়ার পর বেঙ্গালুরুর জমায়েতের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন রাঠি। দিল্লিতে মানুষের উপস্থিতি কেমন হবে, তা নিয়েও কৌতূহল প্রকাশ করেন তিনি। একটি ভিডিওতে তাঁকে মাইক্রোফোন হাতে স্লোগান দিতে দেখা যায়। তাঁর ‘ভোট চোর’ স্লোগানের জবাবে উপস্থিত জনতা ‘গদ্দি চোর’ বলে সাড়া দেয়। সেই ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় বিপুল সংখ্যক মানুষের নজর কাড়ে।
একই প্রচারে দেখা গিয়েছে অভিনেতা প্রকাশ রাজকেও। নির্বাচন প্রক্রিয়া এবং ভোটার তালিকার সংশোধন বা SIR নিয়ে এর আগেও সরব হয়েছেন তিনি। এবার ধ্রুব রাঠির সঙ্গে একই ভিডিওতে তাঁর উপস্থিতি কর্মসূচিকে আরও বেশি আলোচনায় নিয়ে এসেছে।
১০ অক্টোবর দিল্লির প্রতিবাদ কর্মসূচির আগে মেট্রো ও রেল স্টেশন ঘিরে বিধিনিষেধের খবর সামনে আসতেই প্রশ্ন তোলেন রাঠি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে তিনি জানতে চান, প্রতিবাদে লোকসমাগম কম হবে বলে দাবি করে এত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন কেন।
প্রায় ২০১৪-১৫ সাল নাগাদ উচ্চশিক্ষার জন্য জার্মানিতে চলে যান ধ্রুব রাঠি। সেখান থেকেই ধীরে ধীরে গড়ে তোলেন বিপুল অনলাইন দর্শকগোষ্ঠী। রাজনীতি নিয়ে তাঁর স্পষ্ট বক্তব্যের কারণে দীর্ঘদিন ধরেই তাঁকে ঘিরে আগ্রহ ও বিতর্ক দুইই রয়েছে। এবার সেই ভার্চুয়াল পরিচিতির বাইরে এসে সরাসরি প্রতিবাদে অংশ নেওয়া তাঁর অনুরাগীদের কাছে নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য ঘটনা।
