রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী, এই দিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনভর আকাশ মেঘলা থাকতে পারে। কলকাতায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আপাতত বৃষ্টির পরিবেশ অব্যহত থাকবে।
দক্ষিণের জেলা গুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিও হতে পারে। তবে বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। পাশাপাশি সমুদ্র উত্তাল থাকায় উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির দাপট তুলনামূলক বেশি থাকার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। একটানা বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে।