স্পোর্টস ডেস্ক: ফাইনালের টিকিট পাকা করল ভারতীয় মহিলা হকি দল। মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মালয়েশিয়াকে কার্যত উড়িয়ে দিলেন ভারতের মেয়েরা। শুক্রবারের গুরুত্বপূর্ণ ম্যাচে ৬-২ গোলে জয় ছিনিয়ে নিল ভারত। আর এই জয়ের অন্যতম নায়িকা দীপিকা। একাই জোড়া গোল করে মালয়েশিয়ার রক্ষণে কাঁপন ধরিয়ে দেন তিনি। শুধু দীপিকা নন, গোটা দলই এদিন দুরন্ত ছন্দে ছিল। ভারতের ছয়টি গোলের মধ্যে পাঁচটিই এসেছে পেনাল্টি কর্নার থেকে। এবার খেতাবি লড়াইয়ে ভারতের সামনে চিনের চ্যালেঞ্জ।
শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে শুরু করে ভারত। ম্যাচের দশম মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন মুমতাজ খান। প্রথম গোলের পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে ভারতীয় দল। ১৮ মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান বাড়ান নভনীত কৌর। ফলে শুরুতেই চাপে পড়ে যায় মালয়েশিয়া।
এরপর গোলের ব্যবধান আরও বাড়ান দীপিকা। ম্যাচের ২৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে তাঁর গোলে ভারত এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। যদিও দু’মিনিট পরেই পালটা আক্রমণে গোল করে মালয়েশিয়ার হয়ে ব্যবধান কমান নূর আজার। তবে তাতে ভারতের দাপট কমেনি। ম্যাচের ৩০ মিনিটে ফের পেনাল্টি কর্নার থেকে গোল করেন দীপিকা। জোড়া গোলের সুবাদে বিরতির আগেই ভারত ৪-১ ব্যবধানে এগিয়ে যায়।
দ্বিতীয়ার্ধেও একই ছন্দ বজায় রাখে ভারত। খেলা শুরুর তিন মিনিটের মধ্যেই, অর্থাৎ ৩৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন সুনিলিতা টোপ্পো। ভারত তখন ৫-১ ব্যবধানে এগিয়ে। বড় ব্যবধানে পিছিয়ে পড়েও লড়াই ছাড়েনি মালয়েশিয়া। ৫২ মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান কমান নুরামিরাহ জুলকিফলি।
কিন্তু ভারতের জয় আটকানোর জন্য তা যথেষ্ট ছিল না। ম্যাচের ৫৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলের ষষ্ঠ গোলটি করেন ইশিকা। শেষ পর্যন্ত ৬-২ ব্যবধানে জয় নিশ্চিত করে ভারত।
অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে জাপানকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে চিন। ফলে এবার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও চিন। সেমিফাইনালের দাপুটে জয়ের পর খেতাব জয়ের স্বপ্ন দেখছে ভারতীয় শিবির। এখন দেখার, ফাইনালেও কি একই আগ্রাসী মেজাজ ধরে রেখে ট্রফি ঘরে তুলতে পারে ভারতের মেয়েরা।




