স্পোর্টস ডেস্ক: তিন মরসুমের ব্যবধান। আবারও মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের আসনে ফিরছেন রোহিত শর্মা। কিন্তু এই প্রত্যাবর্তনের পিছনে যে খুব সহজ সিদ্ধান্ত ছিল না, তা নিজেই স্বীকার করলেন ভারতীয় তারকা। অধিনায়কত্বের প্রস্তাব পাওয়ার পর প্রথমে নাকি তাঁর মনে হয়েছিল, এই মুহূর্তে নতুন করে নেতৃত্বের দায়িত্ব নেওয়ার জন্য তিনি প্রস্তুত নন। তবে শেষ পর্যন্ত নিজের তৈরি দলকে সঠিক পথে ফেরানোর চ্যালেঞ্জ গ্রহণ করেন হিটম্যান। কেন মত বদলালেন? কী ভাবনা থেকে আবার অধিনায়কের দায়িত্ব নিতে রাজি হলেন? মুম্বই ইন্ডিয়ান্সের প্রকাশ করা একটি ভিডিওতে সেই অভিজ্ঞতার কথাই তুলে ধরেছেন রোহিত।
২০২৭ সালের আইপিএলে মুম্বইয়ের নেতৃত্ব দেবেন রোহিত। ২০২৪ সালে তাঁর পরিবর্তে অধিনায়ক করা হয়েছিল হার্দিক পাণ্ডিয়াকে। কিন্তু গত তিন মরসুমে প্রত্যাশা পূরণ করতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়নরা। ২০২৪ সালে পয়েন্ট তালিকার একেবারে শেষ স্থানে শেষ করেছিল দল। ২০২৫ সালে প্লে-অফে উঠলেও গত মরশুমে ১৪টি ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জয় পেয়ে নবম স্থানে শেষ করে তারা। ২০২০ সালের পর থেকে আর আইপিএল ট্রফি জেতেনি মুম্বই।
রোহিত জানিয়েছেন, অধিনায়কত্বের প্রস্তাব পাওয়ার পর প্রথমেই নিজের পরিবারের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি দলের অন্যতম কর্ণধার অনন্ত আম্বানির সঙ্গেও কথা বলেন। তাঁর কথায়, প্রথমে মনে হয়েছিল, তিনি এই দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত নন। কারণ, গত কয়েক বছরে অনেক কিছু ঘটে গিয়েছে। বিষয়টি নিয়ে বাড়ি ফিরে দীর্ঘক্ষণ ভাবনাচিন্তা করেন। কোন কাজ তিনি করতে পারবেন, আর কোনটা পারবেন না, সেটাও বিচার করেন।
শেষ পর্যন্ত অবশ্য পুরনো স্মৃতিই তাঁকে নতুন করে দায়িত্ব নিতে অনুপ্রাণিত করে। রোহিতের উপলব্ধি, এই দলকে তিনি নিজের হাতে তৈরি করেছেন। টানা ১০ বছর অধিনায়ক হিসেবে মুম্বইকে নেতৃত্ব দিয়েছেন। তাই কঠিন সময়ে দলকে সঠিক দিশা দেখানোর দায়িত্বও তাঁর নেওয়া উচিত।
গত মরসুমের ব্যর্থতা নিয়েও মুখ খুলেছেন রোহিত। তাঁর মতে, হতাশার কারণ শুধু প্লে-অফে উঠতে না পারা নয়। আসল সমস্যা ছিল, দল হিসেবে প্রত্যাশিত ক্রিকেট খেলতে না পারা। প্রত্যেকের উপর যে দায়িত্ব ছিল, তা ঠিকমতো পালন করা হয়নি। শুধু একজন বা দু'জন নয়, গোটা দলই চাপের মুখে ব্যর্থ হয়েছে।
উল্লেখ্য, রোহিতের নেতৃত্বে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই। এবার দ্বিতীয়বারের জন্য অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে সেই সাফল্য ফিরিয়ে আনাই তাঁর লক্ষ্য। ২০২৭ সালের মরসুমে ৪০ বছরে পা দিতে চলেছেন তিনি। ফলে মুম্বইয়ের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সি অধিনায়ক হিসেবেও নতুন নজির গড়তে পারেন হিটম্যান। এবার তাঁর নেতৃত্বে পুরনো রাজকীয় ছন্দে ফিরতে পারে কি না মুম্বই, সেটাই দেখার।




