স্পোর্টস ডেস্ক: রবিবারের ডার্বির আগে দুই প্রধানের শিবিরে একেবারে বিপরীত ছবি। একদিকে চোট কাটিয়ে একাধিক ফুটবলারকে ফিরে পাচ্ছে মোহনবাগান। অন্যদিকে চোটের ধাক্কায় জেরবার ইস্টবেঙ্গল। তার মধ্যেই সবুজ-মেরুন শিবিরে নতুন করে চিন্তা বাড়ালেন আলবার্তো রডরিগেজ। শুক্রবার অনুশীলন করতে গিয়ে ঘাড়ে হালকা চোট পান মোহনবাগানের এই নির্ভরযোগ্য ডিফেন্ডার। সঙ্গে সঙ্গে তাঁকে অনুশীলন থেকে তুলে নেন কোচ প্যানাজিওটিস দিলেমপেরিস। যদিও প্রাথমিকভাবে জানা গিয়েছে, চোট গুরুতর নয়। ফলে রবিবারের গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে পাওয়ার ব্যাপারে আশাবাদী মোহনবাগান শিবির।
তবে আলবার্তোকে নিয়ে কিছুটা স্বস্তি থাকলেও অভিষেক সিংকে নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেননি কোচ। টানা ম্যাচ খেলার ধকল সামলাতে বৃহস্পতিবারের পর শুক্রবারও তাঁকে অনুশীলনে বিশ্রাম দেওয়া হয়েছে। শনিবার শেষ অনুশীলনের পরই ঠিক হবে, ডার্বিতে তাঁকে প্রথম একাদশে রাখা হবে কি না। অভিষেককে না পাওয়া গেলে তাঁর জায়গায় মেহতাব সিংকে খেলানোর পরিকল্পনা রয়েছে। ক্লাব ও জাতীয় দলের হয়ে ধারাবাহিকভাবে ম্যাচ খেলায় তরুণ ফুটবলারকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চাইছেন না কোচ।
অন্যদিকে, মোহনবাগানের কাছে স্বস্তির খবর মিগুয়েল ফিগুয়েরাকে নিয়ে। শুক্রবার পুরোদমে অনুশীলন করেছেন তিনি। চোট সারিয়ে ফিরেছেন জেমি ম্যাকলারেন ও আপুইয়াও। ফলে মাঝমাঠ ও আক্রমণভাগের শক্তি বাড়ছে সবুজ-মেরুনের। টানা পাঁচ ম্যাচ জিতে আত্মবিশ্বাসও তুঙ্গে মনবীর সিংদের। তবে গোলের সুযোগ নষ্ট করার প্রবণতা এখনও ভাবাচ্ছে কোচকে। চার্চিল ম্যাচেও একাধিক সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি দ্রাজিচ, লিস্টনরা। ডার্বিতে এমন ভুলের মাশুল দিতে হতে পারে।
ইস্টবেঙ্গলের পরিস্থিতি অবশ্য বেশ কঠিন। আনোয়ার, এডমুন্ড আগেই ছিটকে গিয়েছেন। হ্যামস্ট্রিংয়ের চোটে অনিশ্চিত ক্রিস ইকোনমেডিসও। শুক্রবার অনুশীলনে ছিলেন না দিয়েগো জিভুলিচ ও মহম্মদ রশিদ। রশিদকে ক্লান্তির কারণে বিশ্রাম দেওয়া হলেও জিভুলিচকে নিয়ে উদ্বেগ রয়েছে। তাঁকে না পাওয়া গেলে রক্ষণ সাজাতে সমস্যায় পড়তে পারেন কোচ হাবাস। জয় গুপ্তা ও হার্দিক ভাটকে দুই সাইড ব্যাকের ভূমিকায় অনুশীলন করিয়েছেন তিনি। তবে দানি রামিরেজ পুরোদমে অনুশীলনে ফেরায় মাঝমাঠে কিছুটা স্বস্তি পেয়েছে লাল-হলুদ।
এরই মধ্যে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য এসেছে আরও একটি সুখবর। অবশেষে ভারতীয় ভিসা পেয়েছেন নাইজেরীয় স্ট্রাইকার এনসুঙ্গুসি এফিয়ং। গত ১৭ জুলাই পাঞ্জাব এফসি থেকে তাঁকে দলে নিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু ভিসা সমস্যায় এত দিন কলকাতায় আসতে পারেননি তিনি। শুক্রবার ক্লাবের তরফে জানানো হয়েছে, প্রয়োজনীয় অনুমতি মিলেছে। তবে রবিবারের ডার্বিতে তাঁকে পাওয়া যাচ্ছে না। ডিসেম্বরের মাঝামাঝি সময়ের আগে কলকাতায় পৌঁছনোর সম্ভাবনাও কম।
ভিসা পেলেও এফিয়ংকে খেলানোর আগে বিদেশি ফুটবলারদের তালিকা নতুন করে সাজাতে হবে ইস্টবেঙ্গলকে। পাশাপাশি দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ফুটবলের বাইরে থাকায় তাঁর ম্যাচ ফিটনেস ফিরে পাওয়াও বড় চ্যালেঞ্জ। গত মরসুমে পাঞ্জাবের হয়ে ১২ ম্যাচে সাত গোল করেছিলেন তিনি। ফলে তাঁকে ঘিরে প্রত্যাশা রয়েছে লাল-হলুদ শিবিরে। কিন্তু আপাতত ডার্বির লড়াইয়ে দুই দলকেই নিজেদের হাতে থাকা ফুটবলারদের নিয়েই পরিকল্পনা সাজাতে হচ্ছে।




