নিউজ ডেস্ক: সরকারি চাকরির আশায় বছরের পর বছর প্রস্তুতি। একের পর এক পরীক্ষা দেওয়া, প্রিলিমিনারিতে উত্তীর্ণ হওয়া, শারীরিক পরীক্ষাতেও সাফল্য, তবু নিয়োগের পরবর্তী ধাপের দেখা নেই। হরিয়ানায় সরকারি চাকরিপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষা এবার ভয়াবহ মানসিক ও আর্থিক সংকটের ছবি সামনে এনে দিয়েছে। কমন এলিজিবিলিটি টেস্ট (সিইটি)-র প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও মেনস পরীক্ষার অপেক্ষায় রয়েছেন প্রায় 8.4 লক্ষ পরীক্ষার্থী। তাঁদেরই এক জনের আত্মহত্যার চেষ্টা ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা নিয়ে।
আট বছর ধরে প্রস্তুতি, তবু চাকরি অধরা
হরিয়ানার নারনৌলের 29 বছর বয়সি এক যুবক প্রায় আট বছর ধরে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত তিনি একটি কোচিং প্রতিষ্ঠানে মাসে 15 হাজার টাকা বেতনে শিক্ষকতা করতেন। কিন্তু নিজের পরীক্ষার প্রস্তুতিতে আরও বেশি সময় দেওয়ার আশায় সেই চাকরি ছেড়ে দেন। তাঁর আশা ছিল, পুরোপুরি পড়াশোনায় মন দিলে সরকারি চাকরি পাওয়া সম্ভব হবে। সেই আয়ের সাহায্যে দুই বোনের বিয়ের জন্য নেওয়া ঋণও শোধ করতে পারবেন।
কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। 2024 সালে দুই বোনের বিয়ের জন্য নেওয়া ঋণের সুদ ক্রমশ বাড়তে থাকে। অন্য দিকে, পরিবারের নিয়মিত আয়েরও অভাব। বৃদ্ধ বাবা এবং মায়ের খরচের দায়িত্বও তাঁর উপর। দীর্ঘদিনের প্রস্তুতির পর পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি না পাওয়ার হতাশা তাঁকে ক্রমশ গ্রাস করছিল। সম্প্রতি এক ভিডিয়ো কলের সময় তাঁর সহপাঠীরা গলায় ফাঁসের ব্যবস্থা দেখতে পান। দ্রুত হস্তক্ষেপ করায় তাঁকে উদ্ধার করা সম্ভব হয়। এই ঘটনা সামনে আসতেই পরীক্ষার্থীদের মধ্যে নিয়োগের অনিশ্চয়তা এবং তার মানসিক অভিঘাত নিয়ে উদ্বেগ বেড়েছে।
১৩ লক্ষ পরীক্ষার্থী, ৮.৪ লক্ষ উত্তীর্ণ
2025 সালের জুলাই মাসে হরিয়ানার সিইটি গ্রুপ সি-র প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল। প্রায় 13 লক্ষ পরীক্ষার্থী ওই পরীক্ষায় বসেছিলেন। তাঁদের মধ্যে প্রায় 8.4 লক্ষ উত্তীর্ণ হন। কিন্তু পরবর্তী ধাপ অর্থাৎ মেনস পরীক্ষার জন্য এখনও অপেক্ষা করতে হচ্ছে তাঁদের। ফলে প্রিলিমিনারিতে সাফল্য পাওয়ার পরেও চাকরির পথে এগোনোর সুযোগ পাচ্ছেন না বহু পরীক্ষার্থী।
পরীক্ষার্থীদের প্রতিনিধি রিঙ্কু শিমারের দাবি, তিনিও সিইটি 2025-এ উত্তীর্ণ হয়েছেন। বিদ্যুৎ দফতরে চাকরির আশায় অপেক্ষা করছেন। তাঁর অভিযোগ, নিয়োগের ক্ষেত্রে কোনও সুস্পষ্ট পরীক্ষার ক্যালেন্ডার নেই। সরকার বছরে 50 হাজার শূন্যপদে নিয়োগের কথা ঘোষণা করলেও বাস্তবে পরীক্ষার দিনক্ষণ ও পরবর্তী ধাপ নিয়ে স্পষ্টতা নেই।
২০২৭ সালের মার্চ পর্যন্ত পরীক্ষা নয়?
পরীক্ষার্থীদের উদ্বেগ আরও বেড়েছে হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি ঘিরে। সেখানে উল্লেখ রয়েছে, 2027 সালের 1 মার্চ পর্যন্ত হরিয়ানায় বড় ধরনের পরীক্ষা নেওয়া হবে না। এর পাশাপাশি জানুয়ারি থেকে জনগণনা সংক্রান্ত কাজে সরকারি কর্মীদের নিয়োগ করা হলে পরীক্ষা আরও পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন চাকরিপ্রার্থীরা।
রিঙ্কুর বক্তব্য, নারনৌলের ওই যুবক নিয়োগের বিষয়ে স্পষ্ট ধারণা পেতে হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান হিম্মত সিংয়ের সঙ্গে দু’বার দেখা করেছিলেন। দু’বারই তাঁকে জানানো হয়েছিল, খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। কিন্তু নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানানো হয়নি।
কমিশনের আশ্বাস, কিন্তু কবে পরীক্ষা তা স্পষ্ট নয়
হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান হিম্মত সিং জানিয়েছেন, কমিশনের পরীক্ষার ক্যালেন্ডার নিয়ে আলোচনা চলছে। শীঘ্রই তা প্রকাশ করা হবে। তবে পরবর্তী সিইটি পরীক্ষা কবে হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট কোনও তারিখ ঘোষণা করা হয়নি।
কমিশনের বক্তব্য, 2025 সালের 16 মে রাজ্য সরকারের নির্দেশের পর 2 জুলাই আগের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিগুলি প্রত্যাহার করা হয়েছিল। 2022 সালের সিইটি পরীক্ষায় সুযোগ না পাওয়া কিছু পরীক্ষার্থী 2025 সালের পরীক্ষায় ফের সুযোগ চেয়েছিলেন।
সেই প্রেক্ষিতেই পুরনো বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নতুন করে শূন্যপদ প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। আগের বিজ্ঞপ্তির অধীনে যাঁরা যোগ্য ছিলেন, তাঁদের যোগ্যতা বজায় রাখার কথাও জানানো হয়েছিল। কিন্তু প্রশাসনিক সিদ্ধান্ত ও পরীক্ষার ক্যালেন্ডারের অপেক্ষায় থাকা লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীর কাছে সময় যেন থমকে রয়েছে। দীর্ঘ প্রস্তুতি, আর্থিক দায়, পরিবারের প্রত্যাশা এবং নিয়োগের অনিশ্চয়তা—সব মিলিয়ে তাঁদের উদ্বেগ বাড়ছে। নারনৌলের যুবকের আত্মহত্যার চেষ্টা সেই সংকটেরই এক মর্মান্তিক দিক সামনে এনেছে।




