নয়াদিল্লি: বাড়ির নীচে দাঁড়িয়ে ছিলেন এক যুবক। আচমকাই উপর থেকে আছড়ে পড়ল রান্নার গ্যাসের ভর্তি সিলিন্ডার। মাথায় গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হল না। দিল্লির বিন্দাপুর এলাকায় শুক্রবার সন্ধ্যায় এই ঘটনায় মৃত্যু হয়েছে ২৮ বছরের সাহিল নামে এক যুবকের। অভিযোগ, আবাসনের তৃতীয় তলার বারান্দা থেকে সিলিন্ডারটি ছুড়ে ফেলেছিলেন এক প্রতিবেশী। তাঁকে আটক করেছে পুলিশ। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম দিল্লির বিন্দাপুর এক্সটেনশনের রাধিকা অ্যাপার্টমেন্টে শুক্রবার সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ ঘটনাটি ঘটে। তালাবওয়ালা পার্কের কাছে ওই আবাসনের নীচে দাঁড়িয়েছিলেন সাহিল। সেই সময় তৃতীয় তলার বারান্দা থেকে একটি ভর্তি এলপিজি সিলিন্ডার ছুড়ে ফেলা হয় বলে অভিযোগ। সিলিন্ডারটি সরাসরি সাহিলের মাথায় এসে পড়ে।
বচসার পরেই সিলিন্ডার ছোড়ার অভিযোগ
এই ঘটনায় অভিযুক্তের নাম শিবম শর্মা ওরফে শিব। বয়স ২৪ বছর। তিনি বিন্দাপুরের একটি কারখানায় দর্জির কাজ করেন বলে পুলিশ জানিয়েছে। তদন্তকারীদের প্রাথমিক দাবি, শুক্রবার সকাল থেকেই মদ্যপান করছিলেন শিবম। সে দিন কাজে যাননি তিনি। পরে আবাসনের পার্কিং এলাকায় কয়েক জন বাসিন্দার সঙ্গে তাঁর বচসা হয়।
অভিযোগ, সেই বিবাদের পর রাগের মাথায় তিনি উপরে উঠে যান এবং তৃতীয় তলার বারান্দা থেকে রান্নার গ্যাসের ভর্তি সিলিন্ডারটি নীচে ছুড়ে দেন। সেই সিলিন্ডারই আবাসনের বাইরে দাঁড়িয়ে থাকা সাহিলের মাথায় আঘাত করে। তবে ঠিক কী কারণে ওই বচসা হয়েছিল এবং সিলিন্ডারটি ইচ্ছাকৃত ভাবে ছোড়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো গেল না
সিলিন্ডারের আঘাতে গুরুতর জখম হন সাহিল। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সাহিল ওই এলাকার একটি সাপ্তাহিক বাজারে কাজ করতেন। একই আবাসনের প্রথম তলায় স্ত্রী এবং দেড় বছরের শিশুসন্তানকে নিয়ে থাকতেন তিনি। আচমকা এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
খুনের মামলা, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি
শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ দাবরি থানায় একটি পিসিআর কল আসে। সেখানে জানানো হয়, আবাসনের উপর থেকে এক ব্যক্তি গ্যাসের সিলিন্ডার ছুড়ে ফেলেছেন এবং তাতে নীচে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। ঘটনার পর শিবমকে আটক করে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে। আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি প্রত্যক্ষদর্শী এবং আবাসনের অন্যান্য বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিলিন্ডারটি কী ভাবে ছোড়া হয়েছিল, তার পিছনে কী উদ্দেশ্য ছিল এবং ঘটনার আগে ঠিক কী ঘটেছিল, তা জানার চেষ্টা চলছে। তদন্ত এখনও চলছে।




