নয়াদিল্লি: দেশের আবহাওয়ায় একসঙ্গে দুই বিপরীত ছবি। দক্ষিণ ভারতে যখন বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিচ্ছে মৌসম ভবন, তখন উত্তর ভারতের একাধিক রাজ্যে বাড়ছে কুয়াশার দাপট। বিশেষ করে তামিলনাড়ু, কেরল, মাহে, পুদুচেরি এবং কারাইকলের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্য দিকে, দিল্লি-এনসিআর, হরিয়ানা, চণ্ডীগড়, পঞ্জাব এবং হিমাচল প্রদেশের বিভিন্ন অংশে আগামী কয়েক দিন ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। ফলে দেশের এক প্রান্তে জল জমা ও ঝড়বৃষ্টির আশঙ্কা, অন্য প্রান্তে দৃশ্যমানতা কমে সড়ক, রেল এবং বিমান চলাচলে বিঘ্নের সম্ভাবনা তৈরি হয়েছে।
মৌসম দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৪ থেকে ২৭ নভেম্বরের মধ্যে কেরল এবং তামিলনাড়ুর বিচ্ছিন্ন কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়ার এই পরিবর্তনের পিছনে রয়েছে পূর্বালী বায়ুপ্রবাহ বা ‘ইস্টারলি ওয়েভ’। ক্রান্তীয় অঞ্চলে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এগিয়ে আসা এই বায়ুপ্রবাহের প্রভাবে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের সংজ্ঞা অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৬৪.৫ মিলিমিটার থেকে ১১৫.৫ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে ভারী বৃষ্টি বলা হয়।
তবে এই সতর্কতা গোটা রাজ্যের জন্য নয়। নির্দিষ্ট কিছু এলাকায় এমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ুতে ইতিমধ্যেই বৃষ্টির প্রভাব দেখা গিয়েছে। মঙ্গলবারের আগের ২৪ ঘণ্টায় সেলমে প্রায় ৯ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকলের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে সতর্ক করেছে মৌসম ভবন। ২৮ নভেম্বর পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকার আশঙ্কা রয়েছে।
কেরল এবং মাহেতেও বৃষ্টির দাপট বাড়তে পারে। ২৮ নভেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন অংশে বিস্তৃত এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিচ্ছিন্ন কিছু জায়গায় ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। ২৭ নভেম্বর পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে। একই সঙ্গে ২৫ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত লক্ষদ্বীপেও বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুধু তামিলনাড়ু বা কেরল নয়, দক্ষিণ ভারতের আরও কয়েকটি রাজ্যেও আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, রায়লসীমা, কর্নাটকের উপকূলবর্তী এবং দক্ষিণ অভ্যন্তরীণ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তেলঙ্গানার কিছু এলাকাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং রায়লসীমায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পাশাপাশি জোরালো পৃষ্ঠবায়ু বইতে পারে। ফলে কৃষিকাজ এবং খোলা জায়গায় থাকা ফসলের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণে যখন বৃষ্টির প্রস্তুতি, তখন উত্তরে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশা। মৌসম ভবনের পূর্বাভাস, হিমাচল প্রদেশে ২৬ নভেম্বর পর্যন্ত এবং পঞ্জাবে ২৭ নভেম্বর পর্যন্ত বিচ্ছিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা যেতে পারে। হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে ২৬ ও ২৭ নভেম্বর কুয়াশার দাপট বাড়ার আশঙ্কা রয়েছে। এর আগে মঙ্গলবার জলপাইগুড়ি এবং অম্বিকাপুরে দৃশ্যমানতা নেমে এসেছিল ৫০ মিটারে। রাউরকেলা এবং গয়ায় তা ছিল প্রায় ২০০ মিটার। ঘন কুয়াশার কারণে ভোর ও রাতের দিকে যান চলাচল বিশেষ ভাবে সমস্যার মুখে পড়তে পারে।
দিল্লি-এনসিআরের আবহাওয়ায় আপাতত পরিষ্কার আকাশের পূর্বাভাস থাকলেও সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকতে পারে। ২৫ ও ২৬ নভেম্বর সর্বোচ্চ তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৯ থেকে ১১ ডিগ্রির মধ্যে। ২৭ নভেম্বর রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। মধ্য ভারতের বিভিন্ন এলাকায় ২৫ নভেম্বর পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। পূর্ব ভারতেও ২৬ নভেম্বর পর্যন্ত রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি কমতে পারে।
কুয়াশার কারণে বিমানবন্দর, রেলপথ এবং জাতীয় সড়কে যাতায়াত ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই গাড়ি চালানোর সময় ফগ লাইট ব্যবহার, গতি নিয়ন্ত্রণ এবং সামনের গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রীদেরও বিমান ও ট্রেনের সময়সূচি দেখে রওনা হওয়ার কথা বলা হয়েছে। হাঁপানি বা ব্রঙ্কাইটিসে আক্রান্তদের অকারণে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। কৃষকদেরও জমিতে জমা জল বের করে দেওয়া, পাকা ফসল দ্রুত ঘরে তোলা এবং উৎপাদিত ফসল নিরাপদে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
সব মিলিয়ে নভেম্বরের শেষ সপ্তাহে দেশের আবহাওয়ায় স্পষ্ট বৈপরীত্য। দক্ষিণে বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা, উত্তরে কুয়াশা এবং তাপমাত্রা কমার ইঙ্গিত। আবহাওয়ার এই দ্রুত বদলের মধ্যে যাত্রী থেকে কৃষক—সকলকেই সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে মৌসম ভবন।




