নিউজ ডেস্ক: মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত! বিজেপি তথা এনডিএ-র সঙ্গে হাত মেলাতে প্রস্তুত প্রবীণ রাজনীতিক শরদ পাওয়ার। তবে সেই সমঝোতার পথে রয়েছে বড় শর্ত। সূত্রের দাবি, মেয়ে সুপ্রিয়া সুলেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী করতে হবে। এই প্রস্তাব ঘিরেই জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে নতুন জল্পনা।
সূত্রের খবর, শরদ পাওয়ার তাঁর এই শর্তের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানিয়েছেন। তবে বিজেপি নেতৃত্ব এখনও প্রস্তাবটি সরাসরি খারিজ করেনি বলেই দাবি রাজনৈতিক মহলের একাংশের।
বর্তমানে সংসদের দুই কক্ষেই গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংশোধনী বিল পাশ করানোর জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা জোগাড়ের চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিল পাশ করাতে দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন। এই পরিস্থিতিতে শরদ পাওয়ারের দলের সাংসদদের সমর্থন বিজেপির কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
সূত্রের দাবি, বিজেপির তরফে সুপ্রিয়া সুলেকে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি শরদ পাওয়ার। তাঁর পাল্টা দাবি, সুপ্রিয়াকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী করা হলে তিনি নিজের দলের সাংসদদের পাশাপাশি কয়েকটি ছোট দল এবং কংগ্রেসের বিক্ষুব্ধ সাংসদদের সমর্থন জোগাড়ে সাহায্য করতে পারেন।
বর্তমানে লোকসভায় শরদ পাওয়ারের এনসিপির আটজন এবং রাজ্যসভায় একজন সাংসদ রয়েছেন। সাংবিধানিক সংশোধনী বিলের ক্ষেত্রে এই সাংসদদের সমর্থন কিংবা ভোটদানে অনুপস্থিতিও সংসদের অঙ্কে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
তবে এই সমীকরণ বাস্তবায়িত হওয়া সহজ নয়। কারণ, এনসিপির দুই গোষ্ঠীর সংযুক্তিকরণ নিয়ে আগেও আলোচনা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে প্রয়াত অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ারের আপত্তিতে সেই আলোচনা থেমে যায় বলে খবর।
এখন সুপ্রিয়া সুলেকে মুখ্যমন্ত্রী করার প্রস্তাব সামনে এলে পাওয়ার পরিবারের রাজনৈতিক সমীকরণেও বড় পরিবর্তন আসতে পারে। সুনেত্রার অবস্থানও সে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
যদিও শরদ পাওয়ারের এই প্রস্তাব বা বিজেপির সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি। ফলে মহারাষ্ট্রের রাজনীতিতে শেষ পর্যন্ত কোন সমীকরণ তৈরি হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।




