নিউজ ডেস্ক: চিনের আপত্তির তোয়াক্কা না করেই তিব্বতি ধর্মগুরু চতুর্দশ দলাই লামার জন্য দিল্লিতে সরকারি বাংলো বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। শুধু বাংলো বরাদ্দই নয়, তাঁর নিরাপত্তা ব্যবস্থাতেও একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। এই পদক্ষেপ ঘিরে ভারত-চিন সম্পর্কের কূটনৈতিক সমীকরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সূত্রের খবর, দিল্লির লুটিয়েনস এলাকায় ২০, পণ্ডিত রবিশঙ্কর শুক্লা লেনের একটি সরকারি বাংলো দলাই লামার দপ্তরের জন্য বরাদ্দ করা হয়েছে। বাংলোর বাইরে লাগানো ফলকে রয়েছে ‘গাদেন ফোদ্রাং’ নাম। এটি দলাই লামার দপ্তরের আনুষ্ঠানিক নাম। ২০১১ সালে রাজনৈতিক ক্ষমতা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর এই নামেই একটি ট্রাস্ট গঠন করেছিলেন তিনি। বর্তমানে ওই ট্রাস্টের চেয়ারম্যানও দলাই লামা নিজেই।
জানা গিয়েছে, গত বছর অক্টোবর মাসে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক বাংলোটি বিদেশ মন্ত্রকের হাতে তুলে দিয়েছিল। এরপর কেন্দ্রীয় পূর্ত দপ্তরের উদ্যোগে শুরু হয় সংস্কারের কাজ। নিরাপত্তার কথা মাথায় রেখে বাংলোর বাইরের পাঁচিল আরও উঁচু ও মজবুত করা হয়েছে। বসানো হয়েছে কাঁটাতারের বেড়া। পাশাপাশি মূল প্রবেশদ্বারও শক্তপোক্ত করা হয়েছে।
তবে দলাই লামার জন্য এই সরকারি বাংলো বরাদ্দ করার বিষয়ে কেন্দ্রের তরফে এখনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। অন্যদিকে, এই পদক্ষেপকে বেজিং কী ভাবে দেখবে, তা নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা চলছে।
এই ঘটনার পিছনে রয়েছে দলাই লামার উত্তরসূরি নির্বাচন ঘিরে চিনের সঙ্গে বিরোধ। দলাই লামা স্পষ্ট জানিয়েছেন, তাঁর প্রতিষ্ঠিত গাদেন ফোদ্রাং ট্রাস্টই তাঁর উত্তরসূরি নির্বাচনের দায়িত্ব পালন করবে। কিন্তু চিনের দাবি, পরবর্তী বা পঞ্চদশ দলাই লামা নির্বাচন করার অধিকার তাদেরই রয়েছে।
এই বিতর্কে আন্তর্জাতিক মহলেও তৎপরতা বেড়েছে। আমেরিকার কংগ্রেসের একটি প্যানেল ভারতের সঙ্গে যোগাযোগ আরও বাড়ানোর সুপারিশ করেছে। তাদের আশঙ্কা, দলাই লামার উত্তরসূরি নির্বাচনকে কেন্দ্র করে ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরে সংঘাত তৈরি হতে পারে।
সব মিলিয়ে দিল্লিতে দলাই লামার জন্য সরকারি বাংলো বরাদ্দ এবং নিরাপত্তা জোরদারের সিদ্ধান্তকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে তাঁর উত্তরসূরি নির্বাচন নিয়ে ভারত ও চিনের অবস্থানের পার্থক্য আগামী দিনে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর।




