নয়াদিল্লি: ফর্সা হওয়ার আকাঙ্ক্ষা। সেই চাহিদাকে পুঁজি করেই বাজারে ছড়িয়ে পড়েছে নানা ধরনের ত্বক ফর্সা করার ক্রিম। সমাজমাধ্যমে বিজ্ঞাপন, দ্রুত ফলের প্রতিশ্রুতি এবং অনলাইন বিপণির হাত ধরে বাড়ছে এই পণ্যের ব্যবহার। কিন্তু সৌন্দর্য বাড়ানোর সেই চেষ্টাই যে প্রাণঘাতী হয়ে উঠতে পারে, তার ভয়াবহ উদাহরণ কেরলের ১৭ বছরের এক কিশোরী। একটি ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করতে গিয়ে বিষাক্ত পারদের সংস্পর্শে আসে তার শরীর। শেষ পর্যন্ত গুরুতর কিডনির অসুখ নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। চিকিৎসকদের পরীক্ষায় ক্রিমটির মধ্যে বিপজ্জনক মাত্রায় পারদের উপস্থিতি ধরা পড়েছে।
কেরলের আরিকোড়ের বাসিন্দা ওই কিশোরী প্রায় এক বছর ধরে একটি ত্বক ফর্সা করার ক্রিম ব্যবহার করছিল। মুখের ব্রণ, কালো দাগ এবং ত্বকের রং অসমান হয়ে যাওয়ার সমস্যা দূর করতেই ওই পণ্য ব্যবহার শুরু করে সে। ক্রিমটির প্রচার হয়েছিল সমাজমাধ্যমে। কিন্তু নিয়মিত ব্যবহারের কয়েক মাস পর থেকেই শরীরে নানা সমস্যা দেখা দিতে শুরু করে। প্রথমে শরীর ফুলে যায়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষায় ধরা পড়ে, সে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি নামে একটি গুরুতর কিডনির রোগে আক্রান্ত হয়েছে। এই অসুখে কিডনির রক্ত পরিশোধনের সূক্ষ্ম অংশ ক্ষতিগ্রস্ত হয়। ফলে প্রস্রাবের সঙ্গে অতিরিক্ত প্রোটিন বেরিয়ে যেতে পারে। শরীরে জল জমে ফুলে যাওয়ার মতো উপসর্গও দেখা দেয়।
ক্রিমে পারদের মাত্রা ১২,৫০০ পিপিএম!
চিকিৎসকদের সন্দেহ হয়, কিডনির সমস্যার পিছনে বিষাক্ত কোনও রাসায়নিকের ভূমিকা রয়েছে। এরপর ওই কিশোরীর ব্যবহার করা ক্রিমটি পরীক্ষার জন্য পাঠানো হয়। একটি কেন্দ্রীয় সরকারি স্বীকৃত পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করে দেখা যায়, তাতে পারদের পরিমাণ ১.২৫ শতাংশ। অর্থাৎ, প্রতি ১০ লক্ষ ভাগে ১২,৫০০ ভাগ পারদ রয়েছে।
অথচ প্রসাধনীতে পারদের অনুমোদিত সর্বোচ্চ মাত্রা প্রতি ১০ লক্ষ ভাগে ১ ভাগ বা ১ পিপিএম। অর্থাৎ, ওই ক্রিমে পারদের পরিমাণ অনুমোদিত সীমার তুলনায় প্রায় ১২,৫০০ গুণ বেশি। বিশেষজ্ঞদের মতে, ত্বকের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে পারদ। দীর্ঘদিন এই রাসায়নিকের সংস্পর্শে থাকলে কিডনির ক্ষতি হতে পারে। বিশেষ করে কিডনির রক্ত পরিশোধনকারী অংশে প্রভাব পড়ে। ফলে প্রস্রাবের সঙ্গে প্রোটিন বেরিয়ে যাওয়ার সমস্যা তৈরি হয়। সময়মতো চিকিৎসা না হলে কিডনির স্থায়ী ক্ষতি এমনকী স্নায়ুতন্ত্রের জটিলতাও দেখা দিতে পারে।
ওই কিশোরীর চিকিৎসায় ব্যবহার করা হয়েছে চিলেশন থেরাপি। এই পদ্ধতিতে বিশেষ ওষুধের সাহায্যে শরীর থেকে বিষাক্ত ধাতু বের করে দেওয়ার চেষ্টা করা হয়। পাশাপাশি কিডনির সমস্যার চিকিৎসাও চলছে। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর।
একটি ঘটনা নয়, বাড়ছে রোগীর সংখ্যা
চিকিৎসকদের বক্তব্য, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিন ধরে পারদযুক্ত ত্বক ফর্সা করার ক্রিম ব্যবহারের কারণে কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে আসছেন একাধিক রোগী। কেরলের এক নেফ্রোলজিস্ট জানিয়েছেন, মালাপ্পুরমের একটি হাসপাতালেই ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে এই ধরনের ১৩টি ঘটনা সামনে এসেছিল। আক্রান্তদের অনেকেই দোকান থেকে কিংবা অনলাইনে কেনা ক্রিম ব্যবহার করেছিলেন।
দিল্লির এক কিডনি বিশেষজ্ঞের কাছেও সম্প্রতি একই ধরনের পাঁচটি ঘটনা এসেছে বলে জানা গিয়েছে। একটি প্রসাধনী পণ্য ব্যবহারের পর দুই ভাই-বোনের প্রস্রাবে অতিরিক্ত প্রোটিন পাওয়া যায়। পরীক্ষায় তাঁদেরও কিডনির অসুখ ধরা পড়ে।
চিকিৎসকদের মতে, পারদের বিষক্রিয়ার উপসর্গ অনেক সময় কয়েক মাস পর প্রকাশ পায়। ফলে রোগের সঙ্গে প্রসাধনীর সম্পর্ক বুঝতে দেরি হয়ে যায়। চিকিৎসার পর সুস্থ হতে তিন মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে।
অনলাইনে বিক্রি হওয়া ক্রিম নিয়ে উদ্বেগ
বাজারে এমন অনেক ক্রিম রয়েছে, যেগুলির উপাদানের তালিকা স্পষ্ট নয়। বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হওয়া কিছু পণ্যের ক্ষেত্রে উৎপাদনকারী সংস্থা, রাসায়নিক উপাদান এবং মান নিয়ন্ত্রণ সম্পর্কে পর্যাপ্ত তথ্য পাওয়া যায় না। বিশেষজ্ঞদের পরামর্শ, অল্প সময়ে ত্বক ফর্সা করার প্রতিশ্রুতি দেওয়া পণ্য ব্যবহার করার আগে সতর্ক হওয়া প্রয়োজন।
অজানা সংস্থার ক্রিম, সমাজমাধ্যমে প্রচারিত প্রসাধনী কিংবা উপাদানের তালিকা ছাড়া বিক্রি হওয়া পণ্য এড়িয়ে চলাই নিরাপদ। কেরলের এই ঘটনায় প্রসাধনী সামগ্রীর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সৌন্দর্যের সংজ্ঞা যে ত্বকের রঙের উপর নির্ভর করে না, সেই সচেতনতার পাশাপাশি বাজারে বিষাক্ত প্রসাধনী বিক্রি বন্ধ করাও এখন জরুরি।




