স্পোর্টস ডেস্ক: দাবার বোর্ডে দীর্ঘ ১৫ বছরের একচ্ছত্র আধিপত্য কি এবার শেষ হতে চলেছে? বিশ্ব দাবার সর্বোচ্চ আসনে এতদিন নির্বিঘ্নে রাজত্ব করেছেন ম্যাগনাস কার্লসেন। কিন্তু এবার তাঁর সেই সিংহাসনেই তৈরি হয়েছে টালমাটাল পরিস্থিতি। একের পর এক ম্যাচে পয়েন্ট খোয়ানোয় বিশ্ব র্যালঙ্কিংয়ের শীর্ষস্থান হারানোর আশঙ্কায় নরওয়ের এই মহাতারকা। অন্যদিকে, দুরন্ত ছন্দে থাকা আমেরিকার ফাবিয়ানো কারুয়ানা ক্রমশ ব্যবধান কমিয়ে আনছেন। ফলে ২০১১ সালের জুলাই থেকে চলে আসা কার্লসেনের এক নম্বর থাকার ধারাবাহিকতা ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
বুদাপেস্টে চলা টোটাল চেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ট্যুরের দ্রুততর ক্লাসিক্যাল প্রতিযোগিতায় কার্লসেনের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। প্রতিযোগিতার তৃতীয় দিনে আর্মেনিয়ার হাইক মার্তিরোসিয়ানের কাছে হেরে বড় ধাক্কা খান পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। সাদা ঘুঁটি নিয়ে খেলা মার্তিরোসিয়ানের বিরুদ্ধে ৪১ চালে পরাজয় স্বীকার করতে হয় তাঁকে। দুই গ্র্যান্ডমাস্টারের মধ্যে দ্বিতীয় ম্যাচটি অবশ্য ড্র হয়েছে। এই প্রথম কোনও ক্লাসিক্যাল ফিডে-রেটেড ম্যাচে কার্লসেনকে হারালেন মার্তিরোসিয়ান।
প্রতিযোগিতায় পাঁচটি ম্যাচ ড্র এবং একটিতে হারের ফলে কার্লসেনের ঝুলিতে জমা হয়েছে বড়সড় রেটিং ক্ষতি। তিনি হারিয়েছেন ১৫.৮ রেটিং পয়েন্ট। তাঁর বর্তমান লাইভ রেটিং দাঁড়িয়েছে ২৮০৭.২। আর এখানেই সুযোগ দেখছেন কারুয়ানা। আমেরিকার এই গ্র্যান্ডমাস্টার পাঁচটি জয় ও দু’টি ড্র করে অর্জন করেছেন ১৭ রেটিং পয়েন্ট। তাঁর বর্তমান লাইভ রেটিং ২৮০০। অর্থাৎ দুই দাবাড়ুর মধ্যে ব্যবধান মাত্র ৭.২ পয়েন্ট।
তবে লাইভ রেটিংয়ের হিসাব প্রতিদিন বদলাতে পারে। আন্তর্জাতিক দাবা সংস্থা প্রতি মাসে আনুষ্ঠানিক রেটিং প্রকাশ করে। ফলে এখনই কার্লসেনের সিংহাসনচ্যুতি নিশ্চিত নয়। কিন্তু পরিস্থিতি যে তাঁর জন্য ক্রমশ কঠিন হচ্ছে, তা বলাই যায়। এই প্রতিযোগিতায় ভারতীয় দাবাড়ুরাও নজর কেড়েছেন।
অর্জুন এরিগাইসি গ্রুপ ডি-তে দু’টি ম্যাচে আমেরিকার ওয়েসলি সো-র বিরুদ্ধে একটি জয় ও একটি ড্র পেয়েছেন। প্রথম ম্যাচে চাপে থাকলেও শেষ পর্যন্ত প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে জয় ছিনিয়ে নেন তিনি। বর্তমানে নিজের গ্রুপে তৃতীয় স্থানে রয়েছেন অর্জুন।
অন্যদিকে, আর বৈশালীও পেয়েছেন প্রতিযোগিতায় প্রথম জয়। কাজাখস্তানের বিবিসারা আসুবায়েভাকে হারিয়েছেন তিনি। যদিও দিনের প্রথম ম্যাচে তাঁর কাছেই পরাজিত হয়েছিলেন বৈশালী। গ্রুপ ডি-তে আপাতত শেষ স্থানে রয়েছেন ভারতীয় দাবাড়ু। তাঁর ভাই আর প্রজ্ঞানন্দর অবশ্য এখনও জয়ের মুখ দেখা হয়নি। ভ্লাদিস্লাভ আর্তেমিয়েভের বিরুদ্ধে দু’টি ম্যাচই ড্র করেছেন তিনি।
সব মিলিয়ে বুদাপেস্টের প্রতিযোগিতা এখন বিশেষ নজর কাড়ছে কার্লসেন ও কারুয়ানার লড়াইয়ের কারণে। ১৫ বছরের আধিপত্য ধরে রাখতে পারবেন নরওয়ের মহাতারকা, নাকি নতুন এক নম্বরের আবির্ভাব ঘটবে দাবার দুনিয়ায়? সেই উত্তর দেবে পরবর্তী ম্যাচগুলিই।




