নিউজ ডেস্ক: পশ্চিম এশিয়ায় ফের বাড়ল যুদ্ধের উত্তাপ। বাহরিনে মার্কিন সামরিক ঘাঁটির রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে ৬টি ড্রোন হামলার দাবি করল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রবিবার ভোরে এই দাবির কয়েক ঘণ্টার মধ্যেই বাহরিনের বিভিন্ন এলাকায় সম্ভাব্য বিপদের সতর্কবার্তা জারি করে প্রশাসন। বাসিন্দাদের শান্ত থাকতে এবং দ্রুত নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। আকাশে বেজে ওঠে বিপদসঙ্কেতের সাইরেন। তবে ইরানের দাবি করা হামলায় মার্কিন ঘাঁটির কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা স্পষ্ট নয় । বাহরিন বা আমেরিকার তরফেও হামলার বিষয়টি নিশ্চিত করা হয়নি।
আল-রিফা ঘাঁটির রাডার লক্ষ্য করে হামলার দাবি
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত আইআরজিসির বিবৃতি অনুযায়ী, বাহরিনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে থাকা মার্কিন বিমান প্রতিরক্ষা রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে ৬টি ড্রোন পাঠানো হয়েছিল। আইআরজিসির দাবি, তাদের অ্যারোস্পেস ফোর্স এই অভিযান চালিয়েছে। আমেরিকার সামরিক পদক্ষেপের জবাব হিসাবেই এই হামলা বলে দাবি করেছে তেহরান।
তবে ড্রোনগুলি নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনেছে কি না, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, কিংবা কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না—সে বিষয়ে বিস্তারিত জানায়নি ইরান। মার্কিন বা বাহরিনের কর্তৃপক্ষও এখনও এই হামলার দাবির সত্যতা নিশ্চিত করেনি। ফলে আপাতত বিষয়টি ইরানের দাবি হিসাবেই দেখা হচ্ছে।
পরপর দু’বার সতর্কবার্তা, সাইরেন শুনে আতঙ্ক
রবিবার ভোরে বাহরিনের স্বরাষ্ট্র মন্ত্রক পরপর দু’টি সতর্কবার্তা জারি করে। নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি নিকটবর্তী নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হয়। সরকারি সূত্রের খবর অনুসরণ করারও পরামর্শ দেওয়া হয়। তবে ঠিক কী ধরনের বিপদের আশঙ্কা রয়েছে, কোথা থেকে হামলা হতে পারে কিংবা কোন এলাকাকে লক্ষ্য করা হয়েছে, সে বিষয়ে প্রথমে কিছু জানানো হয়নি।
এএফপির এক সাংবাদিকের বিবরণ অনুযায়ী, স্থানীয় সময় ভোর প্রায় ৪টের দিকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে সকাল সাড়ে ৬টা নাগাদ ফের বিস্ফোরণের মতো শব্দ শোনা গিয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন। এই পরিস্থিতিতে বাহরিনজুড়ে উদ্বেগ ছড়ায়।
দু’দিন আগেও ড্রোন হামলার দাবি, অস্বীকার আমেরিকার
বাহরিনে মার্কিন রাডার ব্যবস্থা লক্ষ্য করে হামলার দাবি এই প্রথম নয়। এর ঠিক দু’দিন আগেও আইআরজিসি দাবি করেছিল, বাহরিনে মার্কিন আগাম সতর্কবার্তা দেওয়ার রাডার ব্যবস্থা ধ্বংস করেছে তারা। তবে সেই দাবি খারিজ করে দেয় মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তাদের বক্তব্য ছিল, বাহরিনের দিকে আসা ইরানের ২টি আক্রমণকারী ড্রোন মাঝ আকাশেই প্রতিহত করা হয়েছে। ওই ঘটনায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানিয়েছিল আমেরিকা।
ফলে পরপর দু’টি ঘটনায় ইরান ও আমেরিকার বক্তব্যে স্পষ্ট বিরোধ তৈরি হয়েছে। তেহরান হামলায় সাফল্যের দাবি করলেও ওয়াশিংটন আগের ঘটনার ক্ষেত্রে ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে। রবিবারের নতুন দাবির বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষা রয়েছে।
বাহরিন কেন গুরুত্বপূর্ণ আমেরিকার কাছে?
পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ দেশ বাহরিনে রয়েছে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দফতর। উপসাগরীয় অঞ্চল, লোহিত সাগর এবং ভারত মহাসাগরের পশ্চিমাংশে মার্কিন নৌ-অভিযান ও নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে এই ঘাঁটির কৌশলগত গুরুত্ব যথেষ্ট। ফলে বাহরিনে মার্কিন সামরিক পরিকাঠামোকে লক্ষ্য করে কোনও হামলার দাবি আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ বাড়াচ্ছে।
বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে ইরান ও আমেরিকার সংঘাতের আবহে বাহরিনের এই পরিস্থিতি তাৎপর্যপূর্ণ। বিশ্বের জ্বালানি পরিবহণের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ এই প্রণালী। সেখানে জাহাজ চলাচল নিয়ে দুই দেশের বিরোধ ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে।
সংঘাতের কেন্দ্রে হরমুজ, বাড়ছে পাল্টা হুঁশিয়ারি
আইআরজিসির বিবৃতিতে হরমুজ প্রণালী নিয়েও কড়া বার্তা দেওয়া হয়েছে। তাদের দাবি, জলপথটি এখনও বন্ধ রয়েছে। আমেরিকা জাহাজ চলাচলে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেছে ইরান। পাশাপাশি আমেরিকা নতুন করে হামলা চালালে আরও কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর আমেরিকা ও ইজরায়েলের হামলার পর থেকেই সংঘাত ছড়িয়েছে পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ এলাকায়। মাঝখানে সংঘর্ষবিরতি হলেও আলোচনা ভেস্তে যাওয়ায় ফের উত্তেজনা বেড়েছে। এই পরিস্থিতিতে বাহরিনে নতুন করে ড্রোন হামলার দাবি এবং প্রশাসনের সতর্কবার্তা উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়াল।




