নিউজ ডেস্ক: উৎসবের আনন্দ এক মুহূর্তে বদলে গেল স্বজনহারাদের বুকফাটা কান্নায়। মহারাষ্ট্রের অমরাবতী জেলার সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে গভীর রাতে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে একটি টেম্পো করে দেবী দুর্গার মূর্তি নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ভয়াবহ রূপ নেয়। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত ৭ জন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। উৎসবের আবহে এমন আকস্মিক বিপর্যয়ে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের ধামনগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায়। বুলধানা জেলার শেগাঁও থেকে একটি পণ্যবাহী টেম্পোতে করে দুর্গা প্রতিমা নিয়ে বর্ধার দিকে রওনা দিয়েছিলেন পুজো উদ্যোক্তারা। রাত তখন প্রায় পৌনে একটা নাগাদ। ঘুটঘুটে অন্ধকার হাইওয়েতে আচমকাই উলটো দিক থেকে তীব্র গতিতে ছুটে আসে আরেকটি চারচাকা গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সজোরে ধাক্কা মারে প্রতিমাবাহী টেম্পোটিতে।
সংঘর্ষের অভিঘাত এতটাই জোরালো ছিল যে, টেম্পোটি একেবারে দুমড়েমুচড়ে ধাতব স্তূপে পরিণত হয়। গভীর রাতে বিকট আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছায় ধামনগাঁও রেলওয়ে পুলিশ ও স্থানীয় থানার বিশাল বাহিনী। দুমড়ে যাওয়া গাড়িটির ভিতর থেকে একে একে রক্তাক্ত যাত্রীদের উদ্ধার করার কাজে হাত লাগান পুলিশকর্মী ও স্থানীয়রা।
উদ্ধারকাজ শেষে দ্রুত আহতদের চিকিৎসার জন্য ধামনগাঁও গ্রামীণ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অমরাবতী গ্রামীণ পুলিশ সুপার নিকেতন কদম সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, এই ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন মোট ১৯ জন আহতের মধ্যে দু-একজনের শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক। তবে বাকি ১৬-১৭ জনের চোট তুলনামূলক কম থাকায় প্রাথমিক চিকিৎসার পর তাঁদের অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘাতক গাড়িটির চালক মদ্যপান পান করে ছিলেন কি না, নাকি অন্ধকারের মধ্যে গাড়ির গতি অতিরিক্ত থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে এইরকম দুর্ঘটনা যাতে আর না ঘটে সেই জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।
