কলকাতা, ১৭ নভেম্বর ২০২৬: বাঙালি প্রথা অনুযায়ী সাধারণত নবদম্পতিদের বাড়িতে সন্তান লাভের কামনায় কার্তিক ঠাকুর ফেলা হয়। কিন্তু এবার ঘটলো একটু ব্যতিক্ক্রমী একটি ঘটনা। গাঁটছড়া বাঁধতে চলেছেন তৃণমূল কংগ্রেসের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য। তবে এখনও সেই কার্য সম্পন্ন হয়নি। সদ্যই নিজের বাগদান পর্ব সারার খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এনেছিলেন তিনি। তবে বিয়ের মূল অনুষ্ঠান হতে এখনও কয়েক মাস বাকি। কিন্তু তার আগেই মঙ্গলবার অর্থাৎ ১৭ নভেম্বর কার্তিক পুজোর দিনে অদ্ভুত এক ঘটনার সাক্ষী থাকলেন দেবাংশু। রীতি ভেঙে বিয়ের আগেই তাঁর বাড়ির দরজায় কেউ বা কারা কার্তিক ঠাকুর ফেলে রেখে গিয়েছেন।
মধ্যরাতে সিসিটিভিতে ধরা পড়ল 'কার্তিক' ফেলার দৃশ্য
মঙ্গলবার সকালে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করে এই মজার ঘটনার কথা জানান দেবাংশু। পোস্টে তিনি কার্তিক মূর্তির পাশাপাশি তার সঙ্গে থাকা একটি চিরকুটের ছবিও শেয়ার করেছেন। দেবাংশু জানিয়েছেন যে বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তিনি জানতে পেরেছেন, গভীর রাত অর্থাৎ রাত্রি সাড়ে তিনটে নাগাদ হেলমেট পরে দু’জন ব্যক্তি এসে তাঁর দরজার সামনে ঠাকুর রেখে চম্পট দিয়েছেন।
বাঙালি প্রথা অনুযায়ী সাধারণত নবদম্পতিদের বাড়িতে সন্তান লাভের কামনায় কার্তিক ঠাকুর ফেলা হয়। তাই বিয়ের আগেই এমন কাণ্ড দেখে অবাক হয়ে দেবাংশু ক্যাপশনে মজা করে লিখেছেন, "বিয়ের আগে কে কার্তিক ফেলে যায় বলুন তো?"। তবে প্রথা যাই হোক না কেন, তিনি এই কার্তিক ঠাকুর সাদরে গ্রহণ করেছেন বলেও জানিয়েছেন স্পষ্ট।
চিরকুটে 'কিপটে' খোঁচা ও ভুরিভোজের লম্বা তালিকা
কার্তিক ঠাকুরের সঙ্গে যে চিঠিটি রাখা ছিল, তা নিয়েই এখন নেটদুনিয়ায় সবচেয়ে বেশি চর্চা চলছে। চিঠিতে কার্তিকের জবানিতে লেখা রয়েছে— "প্রিয় বাবা দেবাংশু, তোমার আর মায়ের বিয়ের কথা শুনেই আমি আসব পাকাপাকি করলাম।" শুধু এখানেই শেষ নয়, ঠাকুরের পুজোয় কী কী খাওয়াতে হবে, তার একটি লম্বা মেনুও জুড়ে দেওয়া হয়েছে ওই চিরকুটে। সেই তালিকায় রয়েছে কাবাব, পোলাও, মাংস এবং চাটনির মতো জিভে জল আনা সব পদ। পাশাপাশি দেবাংশুকে খোঁচা দিয়ে চিঠির শেষে লেখা হয়েছে, "জানি তুমি প্রচণ্ড কিপটে, তাই বলে আবার কার্তিক ঠাকুরের নির্দেশ অমান্য করো না..."।
রবিবার ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে 'এনগেজড' লেখার পর থেকেই দেবাংশুর হবু স্ত্রীকে নিয়ে রাজনৈতিক মহল ও নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। সব মিলিয়ে, রাজনৈতিক ব্যস্ততা সামলে জীবনের নতুন ইনিংস শুরু করার আগেই কার্তিক ঠাকুরের এই আগাম আগমনে বেশ হাসিখুশি মেজাজেই রয়েছেন তৃণমূল নেতা।




