নিউজ ডেস্ক: রাজনৈতিক পালাবদলের পরও কি বদলায়নি পরিস্থিতি? পানিহাটিতে বিজেপি কর্মী অরূপ সাহার খুনের অভিযোগকে কেন্দ্র করে এবার অস্বস্তিতে গেরুয়া শিবির। মৃত কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথের একটি আবেগঘন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিধায়কের মুখে ‘বিজেপি না জিতলে ভালো হত’ মন্তব্য সামনে আসতেই দলের অন্দরেও তৈরি হয়েছে অস্বস্তি।
তবে মাঝখানে কেটেছে মাত্র ২৪ ঘন্টা। তার মধ্যেই নিজের বক্তব্যের বদল ঘটালেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করে একটি পোস্টও করেন পানিহাটির বিধায়ক।
মৃত বিজেপি কর্মী অরূপ সাহার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে কার্যত ভেঙে পড়েন রত্না দেবনাথ। পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে তিনি বলেন, “বিজেপি না জিতলে ভালো হত। মনে হচ্ছে পরিবারটির এই অবস্থার জন্য আমি দায়ী। এই তো বাচ্চাগুলোর বাবা চলে গেল। আমার মেয়েটা চলে গেল।” তাঁর এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয় জোর আলোচনা। বিশেষ করে বিধায়ক হওয়ার পরেও এমন আক্ষেপ কেন, উঠতে থাকে সেই প্রশ্ন।
তবে বিতর্ক বাড়তেই নিজের অবস্থান স্পষ্ট করেন পানিহাটির বিধায়ক। তাঁর দাবি, “বক্তব্যের একটি বিচ্ছিন্ন অংশ তুলে ধরে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। বিজেপি নির্বাচনে না জিতলেই ভালো হত, এমন কোনও মনোভাব আমার ছিল না।”

দলের নেতৃত্বের উপর তার পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান তিনি। নিজের বিবৃতিতে রত্না দেবনাথ লেখেন, “বিধায়ক হিসেবে দল, সংগঠন, দলের আদর্শের প্রতি আমি আস্থাশীল ও প্রতিশ্রুতিবদ্ধ।” পাশাপাশি তাঁর মন্তব্যের বিচ্ছিন্ন অংশ নিয়ে যাতে কোনও বিভ্রান্তি না ছড়ায়, সেই আবেদনও জানিয়েছেন তিনি।
এমনকি বিবৃতির শেষে তিনি আবারও লেখেন, " আমার বক্তব্যের সম্পূর্ণ প্রেক্ষাপট বিবেচনা করবেন এবং বিচ্ছিন্ন অংশের ভিত্তিতে ভুল ব্যাখ্যা করবেন না।" দলের প্রতি আস্থা রেখে তিনি জানান, “দল ও সংগঠনের সঙ্গে আমি ছিলাম, আছি এবং আগামী দিনেও সম্পূর্ণ নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে থাকবো।”




