কলকাতা, নিউজ ডেস্ক: গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠের বিরাট আয়োজন হল কলকাতায়। আজ,
১৭ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে ‘সনাতন ভাইবস’ অনুষ্ঠান। রামানন্দ মিশন ও অগ্রসেন ধামের যৌথ উদ্যোগে পাঁচ লাখ বার হনুমান চালিশা পাঠের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পাশাপাশি থাকবেন বাংলার রাজ্যপাল আর এন রবি, রামভদ্রাচার্যজি মহারাজ।
জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন জেলা থেকে দশ হাজার ছাত্রছাত্রী উপস্থিত হবেন এই হনুমান চালিশা পাঠে। রামানন্দ মিশন পশ্চিমবঙ্গ ও অগ্রসেন ধামের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য সনাতন সংস্কৃতি ও আধ্যাত্মিক চেতনার প্রসার। তুলসী পীঠের উত্তরসূরি আচার্য রামচন্দ্র দাস মহারাজের দিকনির্দেশনায় চলবে এই কর্মসূচি। পাশাপাশি ‘হনুমান অংশ’ ছবির কলাকুশলীদেরও অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেই ১১ হাজার কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠানে সনাতন ধর্ম ও ধর্মীয় ঐতিহ্য নিয়ে একাধিক বার্তা দিয়েছিলেন তিনি। এবার হনুমান চালিশা পাঠের এই অনুষ্ঠান ঘিরেও রাজনৈতিক ও ধর্মীয় মহলে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।
ভারতীয় সনাতন ঐতিহ্যে হনুমান চালিশা হল একটি শক্তিশালী আধ্যাত্মিক কবচ। যুগ যুগ ধরে প্রচলিত বিশ্বাস যে, নিয়মিত হনুমান চালিশা পাঠ করলে জীবন থেকে নেতিবাচক শক্তি দূর হয়। শুধু তাই নয়, হনুমান চালিশা পাঠ করলে নানা দিক থেকে সুফল লাভ করা যায়। তাই সনাতন ধর্মে হনুমানজির আরাধনা বিশেষ গুরুত্বপূর্ণ ও অত্যন্ত ফলদায়ী বলে বিবেচিত।




