নিউজ ডেস্ক: রাজ্যের অন্যতম সেরা সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান এসএসকেএমের কর্মসংস্কৃতি নিয়ে যখন স্বাস্থ্য দপ্তরের অন্দরেই ভূয়সী প্রশংসা চলে, ঠিক তখনই সেই হাসপাতালেরই এক অ্যানেক্স শাখায় কর্তব্যরত নার্সদের বিরুদ্ধে চরম অসহযোগিতা ও দুর্ব্যবহারের অভিযোগ উঠল। স্নায়ুরোগ নিয়ে ভর্তি হওয়া সত্তরোর্ধ্ব এক বৃদ্ধার রক্তচাপ বিপজ্জনক মাত্রায় পৌঁছে গেলেও, তাৎক্ষণিক চিকিৎসার বদলে নার্সরা রোগীর পরিজনকেই স্ট্রোকের প্রকারভেদ নিয়ে জেরা শুরু করেন বলে অভিযোগ। এই ঘটনায় সময়মতো চিকিৎসা না পাওয়ায় বর্তমানে ওই বৃদ্ধা ভেন্টিলেশনে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। গোটা বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য ভবনের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
ঘটনার সূত্রপাত গত সোমবার। মস্তিষ্কে রক্তক্ষরণের সমস্যা নিয়ে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা ৭৭ বছরের অঞ্জনা মান্নাকে এসএসকেএমে নিয়ে আসেন তাঁর ছেলে উৎপল মান্না। শারীরিক অবস্থার গুরুত্ব বুঝে চিকিৎসকেরা তাঁকে এসএসকেএমের অধীনস্থ রামরিক অ্যানেক্স হাসপাতালের ‘হাইপার অ্যাকিউট স্ট্রোক ইউনিট’ -এ ভর্তি করেন। পেশায় মেডিক্যাল টেকনোলজিস্ট উৎপলবাবু মঙ্গলবার বিকেলে ভিজিটিং আওয়ারে মাকে দেখতে গিয়ে মনিটরে চোখ রাখতেই আঁতকে ওঠেন। দেখেন, বৃদ্ধার রক্তচাপ বেড়ে ১৮৫/৯০ হয়ে গিয়েছে।
অভিযোগ, বেডের ঠিক পাশেই বসে গল্প করছিলেন দুই নার্স। উৎপলবাবু বিপদের আঁচ পেয়ে দ্রুত তাঁদের বিষয়টি জানান এবং চিকিৎসার আর্জি জানান। কিন্তু সাহায্যের বদলে এক নার্স বিরক্ত হয়ে তাঁকে চিকিৎসকের সঙ্গে কথা বলতে বলেন। উৎপলবাবু নিজেও একজন স্বাস্থ্যকর্মী হিসেবে পরিচয় দিয়ে পরিস্থিতির গুরুত্ব বোঝানোর চেষ্টা করলে, ওই নার্স রীতিমতো ব্যঙ্গাত্মক ভঙ্গিতে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন ‘‘আপনি কি সব জানেন? বলুন তো স্ট্রোক ক’প্রকার?’’
এই বাদানুবাদের মধ্যেই রোগীর অবস্থা আরও বিগড়োতে থাকে। উৎপলবাবুর ভাই তড়িঘড়ি নীচে নেমে অ্যাসিস্ট্যান্ট সুপারের দ্বারস্থ হন। কিন্তু ততক্ষণে বৃদ্ধার রক্তচাপ চড়ে ২২০/৯৫-এ পৌঁছে যায়। অ্যাসিস্ট্যান্ট সুপারের হস্তক্ষেপে অন্য এক নার্স এসে রক্তচাপ কমানোর ওষুধ দেন এবং চিকিৎসকেরা এসে রোগীকে আইসিইউ-তে স্থানান্তরিত করেন।
তবে পরিবারের দাবি, ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। ওই সময়ের মধ্যেই বৃদ্ধার দ্বিতীয়বার স্ট্রোক হয়ে গিয়েছে বলে আশঙ্কা করছেন তাঁরা। রবিবার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে দিতে হয়েছে।
ক্ষুব্ধ উৎপলবাবুর প্রশ্ন, সঙ্কটজনক অবস্থায় রোগীর পরিজনেরা কি নার্সদের জানাবেন না? চিকিৎসায় গাফিলতি ও নথিপত্র খতিয়ে দেখার দাবিতে তিনি স্বাস্থ্য ভবনে ইমেল করেছেন। যদিও এই বিষয়ে রামরিকের নার্সিং সুপার সোনালি সামন্ত ব্যস্ততার কারণ দেখিয়ে কোনও মন্তব্য করতে চাননি। অন্যদিকে, নার্সেস ইউনিটির সম্পাদক ভাস্বতী চট্টোপাধ্যায় জানিয়েছেন, দু’পক্ষের বক্তব্য না শুনে কিছু বলা সম্ভব নয়। তবে স্বাস্থ্য ভবনের এক শীর্ষকর্তা নিশ্চিত করেছেন যে, অভিযোগের গুরুত্ব বিচার করে এসএসকেএম কর্তৃপক্ষকে দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।




